img

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

প্রকাশিত :  ০৭:৫৬, ১৮ জুলাই ২০২৬

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক বন্দি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচজন মহিলা কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত কর্মকর্তা ও কর্মচারীরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। পরে গতকাল (শুক্রবার) রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা করে। 

img

বাঁশখালীতে ঘরের দরজা ভেঙে মিলল যমজ শিশু ও বাবার লাশ

প্রকাশিত :  ১৮:১০, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত এবং একই কক্ষ থেকে তার ৭ মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়া বদি আলমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ওই ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র। নিহত দুই যমজ কন্যাসন্তান হলো—জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)।

বাবা-মেয়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ পরিদর্শক মো. কাউসার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়। জুমার পরে জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে দুই যমজ সন্তান ও তার স্বামী-স্ত্রীর বাপের বাড়িতে অবস্থান করে। বিকাল চারটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই ওদের রেখে যান। বিকালে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি জানান, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ এর আরও খবর