img

কমলগঞ্জে ধলাই নদীতে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে সেতু ও শতাধিক বসতঘর

প্রকাশিত :  ১৬:৩৫, ১৯ জুলাই ২০২৬

কমলগঞ্জে ধলাই নদীতে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে সেতু ও শতাধিক বসতঘর

সংগ্রাম দত্ত: পর্যটননগরী ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পৌরসভা এলাকার ভানুগাছ বাজারসংলগ্ন ধলাই নদীর সেতুর নিচসহ বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং সেতুসহ আশপাশের শতাধিক বসতঘর হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, কমলগঞ্জ থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধলাই নদীর সেতুর নিচে প্রকাশ্যেই বালু উত্তোলন চলছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

দৈনিক ইত্তেফাক এর কমলগঞ্জ প্রতিনিধি মো. নুরুল মোহাইমীন মিল্টনের ভাষ্য, ধলাই নদীর সেতুর নিচসহ লিজবহির্ভূত আরও কয়েকটি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরসংলগ্ন শতাধিক বসতঘর, সেতু এবং প্রতিরক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে। একই সঙ্গে পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রতিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে মো. নুরুল মোহাইমীন মিল্টন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওসহ একটি পোস্ট প্রকাশ করেছেন। সেখানে তিনি অবৈধ বালু উত্তোলনের চিত্র তুলে ধরেন। পোস্টটিতে অসংখ্য দর্শক মন্তব্য করে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মৌলভীবাজার জেলা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করে ধলাই নদীর ওপর নির্মিত সেতু এবং নদীতীরবর্তী মানুষের জীবন ও সম্পদ রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে।

স্থানীয়দের প্রত্যাশা, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে ধলাই নদী, নদীতীরবর্তী জনপদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


সিলেটের খবর এর আরও খবর

img

৯৯৯-এ কলের পর কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ শিক্ষার্থী উদ্ধার

প্রকাশিত :  ১৯:৫৪, ২০ জুলাই ২০২৬

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভারতীয় সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় অবস্থিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও সহায়তা করেন। আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সুস্থ রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতে যাওয়ার পথে দুর্গম পাহাড়ি এলাকায় দলের এক সদস্য পিছলে পড়ে হাতে আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ পেরিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে বিষয়টি জানতে পারে কমলগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অন্য শিক্ষার্থীরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, হামহামের মতো দুর্গম পাহাড়ি পর্যটন এলাকায় ভ্রমণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে তারা।

সিলেটের খবর এর আরও খবর