img

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১৩:২৫, ১৫ আগষ্ট ২০২৬

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন।

মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’

রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘পিনিক ম্যান ৪’ ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’, ‘চাষার বউ ডাক্তার’ ও ‘লেডি বাটপার’ উল্লেখযোগ্য।


বিনোদন এর আরও খবর

img

সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রকাশিত :  ১৬:৩৩, ১৫ আগষ্ট ২০২৬

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের লক্ষ্যে ২০২১ সালে মা ম্যান্ডি টিফি ও অন্যদের সঙ্গে ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল প্রতিষ্ঠা করেছিলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠানটি ঘিরে কয়েক বছরের মধ্যেই আইনি জটিলতায় পড়েছেন তিনি। প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা ও বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে সেলেনাসহ ওয়ান্ডারমাইন্ডের সহপ্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে মামলা করেছেন পাঁচ বিনিয়োগকারী। 

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিউইয়র্ক ও ফ্লোরিডাভিত্তিক ওই বিনিয়োগকারীরা সেলেনার বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। তাদের দাবি, সেলেনার নিষ্ক্রিয়তার কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়ার পথে। মামলায় প্রায় ১২ লাখ ডলার বিনিয়োগ ফেরত চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তারা।

অভিযোগে বলা হয়েছে, সেলেনা ওয়ান্ডারমাইন্ডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করবেন এবং ব্র্যান্ডটির প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন– এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই বিনিয়োগ করেছিলেন তারা। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির প্রসারে কার্যকর ভূমিকা রাখেননি সেলেনা। 

বিনিয়োগকারীদের আরও অভিযোগ, বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কাভার স্টোরি ও নতুন অ্যাপ চালুর মতো যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। তিন বছর ধরে প্রতিষ্ঠানের সংকট গোপন রাখার অভিযোগও করেছেন বিনিয়োগকারীরা। 

গত সেপ্টেম্বরে ‘দ্য কাট’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার খবর প্রকাশ হয়। সেখানে ম্যান্ডি টিফির প্রশাসনিক ব্যর্থতা এবং মা-মেয়ের দ্বন্দ্বের কারণে সেলেনার দায়িত্ব এড়িয়ে চলার বিষয়ও উঠে এসেছিল। 

অন্যদিকে, পপতারকা ও অভিনেত্রী হিসেবে পরিচিতির পাশাপাশি সফল বিউটি ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’র প্রতিষ্ঠাতা সেলেনা। ২০২৪ সালে বিলিয়নেয়ার হিসেবেও স্বীকৃতি পান তিনি। এমন অবস্থায় তাঁর সহপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

তবে মামলা নিয়ে এখনও সেলেনা গোমেজ বা ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদালতে বিনিয়োগ ফেরত ও ক্ষতিপূরণ আদায়ের লড়াই এখন কত দূর গড়ায়, সেটিই দেখার বিষয়।