img

নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক

প্রকাশিত :  ১৯:৫৪, ২৯ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৫৯, ২৯ আগষ্ট ২০২৬

নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক

ঢাকা, ২৯ আগস্ট ২০২৬: কক্সবাজারে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১,৯০,০০০ (এক লাখ নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

অদ্য ২৯ আগস্ট ২০২৬ তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং এলাকা সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল আনুমানিক ১৫০০ ঘটিকা থেকে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আনুমানিক ১৬৩০ ঘটিকায় বিজিবির আভিযানিক দল একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে কয়েকজন ব্যক্তিকে দ্রুতগতিতে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির নৌ-টহলদল নৌকাটিকে থামার সংকেত প্রদান করে। কিন্তু নৌকায় থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ-টহলদল তাদের ধাওয়া করে। একপর্যায়ে মাদক পাচারকারীরা নৌকায় থাকা একটি প্লাস্টিকের বস্তা নাফ নদীতে ফেলে দেয়। বিজিবির নৌ-টহলদলের তাৎক্ষণিক ও কৌশলী পদক্ষেপের ফলে ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ নৌকায় থাকা ৩ জনকে আটক করা সম্ভব হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন—টেকনাফের কুলালপাড়া গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে জামাল হোসেন (৩৮), নোয়াপাড়া গ্রামের শাহ আলমের ছেলে মোঃ এমরান (২৫) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ ইসমাইল (২৪)।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নদীতে ফেলে দেওয়া প্লাস্টিকের বস্তাটিতে ইয়াবা ট্যাবলেট রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির আভিযানিক দল নাফ নদীতে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। একপর্যায়ে শাহপরীরদ্বীপ সংলগ্ন জালিয়াপাড়া এলাকা থেকে বস্তাটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে সর্বমোট ১,৯০,০০০ (এক লাখ নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও সীমান্ত এলাকায় সংঘটিত সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক পাচারকারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবির গোয়েন্দা নজরদারি, নৌ-টহল এবং সমন্বিত আভিযানিক তৎপরতার মাধ্যমে তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে। দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় টেকনাফ ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

বাংলাদেশ এর আরও খবর

img

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত :  ০৬:১৮, ৩০ আগষ্ট ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন আরোহীই প্রাণ হারান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন,  ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০), ও আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮ টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে হটাৎ বিকট আওয়াজ শুনে সড়কের দিকে তাকাতেই দেখি একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেটি দুমরে মুচড়ে গেছে। সড়কের উপর তিন জন যুবক পড়ে আছে। সকলের মাথায় গুরুতর আঘাত। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।  পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।

ভাঙ্গা জুরুরী বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও  দুইজন গুরুতর আহত হয়। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, অজ্ঞাত বাস ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মোটরসাইকেলে থাকা আহত আরও দুই যুবককে ঢাকায় নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে । দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


বাংলাদেশ এর আরও খবর