img

তরুণদের মূল্যবান যোগ্যতা অর্জনে সহায়তা করবে নতুন জিসিএসই ভাষা কর্মসূচি

প্রকাশিত :  ০৭:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের মূল্যবান যোগ্যতা অর্জনে সহায়তা করবে নতুন জিসিএসই ভাষা কর্মসূচি

টাওয়ার হ্যামলেটসের তরুণরা এখন বিনামূল্যে জিসিএসই পর্যায়ে ভাষা শিক্ষা গ্রহণের নতুন সুযোগ পাবে। এ লক্ষ্যেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এ মাসে নতুন একটি জিসিএসই ভাষা শিক্ষণ কর্মসূচি চালু করেছে।

গত ২০ সেপ্টেম্বর, রোববার হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় নতুন এই জিসিএসই কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, পাশাপাশি ভাষা শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা।

নতুন শিক্ষাবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে চালু হওয়া এ কর্মসূচির মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের ১১ থেকে ১৬ বছর বয়সী তরুণ-তরুণীরা বিনামূল্যে আরবি, বাংলা ও ম্যান্ডারিন ভাষায় জিসিএসই যোগ্যতা অর্জনের সুযোগ পাবে।

এই কর্মসূচি কাউন্সিলের ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস (ওয়াইসিএল) উদ্যোগের অংশ, যা ২০২৫ সালের অক্টোবর মাসে চালু করা হয়। ওয়াইসিএল তরুণদের ভাষাগত দক্ষতা বিকাশে সহায়তা করে, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করতে ভূমিকা রাখে।

বৃহত্তর ওয়াইসিএল কর্মসূচির আওতায় আরবি, বাংলা, সোমালি, ম্যান্ডারিন এবং ক্যান্টোনিজসহ পাঁচটি ভাষায় পাঠদান করা হয়। এর লক্ষ্য হলো এমন ভাষা শিক্ষার সুযোগ তৈরি করা, যা অনেক সময় মূলধারার স্কুলগুলোতে সহজলভ্য নয়। বর্তমানে বরো জুড়ে ১৪টি স্থানে ক্লাস পরিচালিত হচ্ছে এবং এতে ৬০০-রও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ওয়াইসিএল কর্মসূচি সম্পর্কে আরও তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে আমরা তরুণদের জন্য নতুন জিসিএসই কর্মসূচি চালু করতে পেরেছি। এটি আমাদের সফল ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস কর্মসূচিকে আরও সম্প্রসারিত করবে এবং টাওয়ার হ্যামলেটসের তরুণদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “যুক্তরাজ্যের যেকোনো স্থানীয় কর্তৃপক্ষ এলাকার তুলনায় টাওয়ার হ্যামলেটসে সবচেয়ে বেশি তরুণ জনগোষ্ঠী রয়েছে। তাই আমাদের শিশু ও তরুণরাই আমাদের অগ্রাধিকার। আমরা চাই তারা সর্বোত্তম শিক্ষা লাভ করুক এবং জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ পাবে। আমি আশা করি, আগামী বছরগুলোতে এই কর্মসূচি অসংখ্য তরুণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইউম তালুকদার বলেন, “নতুন ওয়াইসিএল জিসিএসই কর্মসূচির উদ্বোধনে এত প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে দেখা করে এবং কথা বলে আমি গর্বিত।

তিনি আরও বলেন, “আমাদের তরুণদের মধ্যে শিক্ষার প্রতি এমন আগ্রহ দেখে আমি উৎসাহিত বোধ করছি, এবং আমাদের কমিউনিটিতে এই উদ্যোগ গড়ে তুলতে ও সমর্থন জোগাতে সহায়তাকারী সকল শিক্ষক, অভিভাবক ও পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।”

অনুষ্ঠানের প্রধান বক্তা, গোল্ডস্মিথস, ইউনিভার্সিটি অব লন্ডনের পোস্টডক্টরাল ফেলো ড. বেকি উইনস্ট্যানলি, বলেন, “এ ধরনের কর্মসূচির গুরুত্ব আজ আরও বেশি, কারণ এমন একটি সময়ে আমরা বাস করছি যখন এই দেশে ভাষাগত বৈচিত্র্য সবসময় যথাযথ মূল্যায়ন পায় না, ভাষা শিক্ষার সুযোগ কমে যাচ্ছে এবং সমাজের কিছু অংশ ভাষাগত বৈচিত্র্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কিন্তু টাওয়ার হ্যামলেটস দেখিয়ে দিয়েছে যে ভিন্ন পথও বেছে নেওয়া সম্ভব।”

ড. বেকি বলেন, “টাওয়ার হ্যামলেটসে যে কাজ হচ্ছে তা অন্য কাউন্সিলগুলোর জন্য একটি উজ্জ্বল উদাহরণ হতে পারে। এমন এক সময়ে, যখন সমাজে বিভাজন ও বর্ণবাদ বৃদ্ধি পাচ্ছে, ভাষা শিক্ষা হতে পারে মানুষের মধ্যে সংযোগ, পারস্পরিক বোঝাপড়া এবং কমিউনিটি সমৃদ্ধির শক্তিশালী মাধ্যম। একই সঙ্গে একটি স্বীকৃত যোগ্যতা অর্জন তরুণদের তাদের ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে গর্ববোধ করতে সাহায্য করে।”

ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজেসের ক্লাসে ভর্তি হতে আগ্রহীরা অনলাইনের মাধ্যমে (https://forms.towerhamlets.gov.uk/service/Book_A_Young_Community_Language_Class) আবেদন করতে পারবেন।


কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা

প্রকাশিত :  ১৯:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে নিউইয়র্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা করেছেন তাঁর দলের কয়েকজন নেতাকর্মী—এমন অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে হোটেল গ্র্যান্ড হায়াতের এই ঘটনার সময় তার ছেলে সেখানে উপস্থিত ছিলেন।

এই ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষুব্ধ নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করছেন কয়েকজন প্রবাসী বাঙালি। পেছনে কেউ একজন পররাষ্ট্রমন্ত্রীকে মারতে বলছেন। পাশ থেকে ছেলে এগিয়ে আসলে তার ওপরও চড়াও হন প্রবাসে থাকা এই নেতাকর্মীরা।

ঘটনার সময় শামা ওবায়েদ হোটেলটির লিফটে ছিলেন। বাইরে একই লিফটে উঠতে যাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে ছেলে এগিয়ে এসে বলেন, ‘আমার মা এইটা।’ এ সময় প্রতিমন্ত্রীর ছেলেকে কেউ একজন ধাক্কা দেন।

ঘটনার শেষ দিকে এক নারীও একই ধরনের আচরণ করেন। তিনি শামা ওবায়েদের ছেলেকে পেছন থেকে ধাক্কা দিতে থাকেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মাঝে এবার তৈরি হয়েছিল বিপুল উদ্দীপনা। সেজন্য দলীয় প্রধানকে একনজর দেখার আকুলতা আর শুভেচ্ছা জানাতে অনেকেই ছুটে এসেছিলেন নিউইয়র্কে। যুক্তরাষ্ট্র বিএনপির হাজারো নেতাকর্মীর চোখ ছিল হোটেল গ্র্যান্ড হায়াতের লবিতে।

তবে আকুলতা আর দীর্ঘ প্রতীক্ষা-সবই রূপ নেয় চরম ক্ষোভ আর হতাশায়। শেষ মুহূর্তে চরম বিশৃঙ্খলা ও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে মাত্র হাতেগোনা ও শীর্ষ কয়েকজন সাক্ষাৎ পেলেও যুক্তরাষ্ট্রের অসংখ্য ত্যাগী নেতাকর্মীই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি।

ফলে দূর-দূরান্ত থেকে আসা শত শত নেতাকর্মী ক্ষোভে ফেটে পড়েন। বহু প্রতীক্ষিত এই সাক্ষাতের অন্তিমে বিমর্ষতা আর ক্ষোভের ছায়াই ফুটে উঠেছে যুক্তরাষ্ট্র বিএনপির তৃণমূলের চোখে-মুখে। দীর্ঘ বিশ বছর পর নিউইয়র্কে এসেও দলীয় প্রধানকে না দেখার আক্ষেপ নিয়েই ফিরে যেতে হয়েছে নেতাকর্মীদের।


কমিউনিটি এর আরও খবর