img

ব্রিটিশ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তড়িঘড়ি করে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

প্রকাশিত :  ০৫:১৯, ০৫ অক্টোবর ২০২৬

ব্রিটিশ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তড়িঘড়ি করে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

অজ্ঞাত হুমকির পর যুক্তরাজ্যে মোতায়েন করা সব দূরপাল্লার মার্কিন বোমারু বিমান নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ওই কর্মকর্তা জানান, ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন করা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব ঘাঁটিতে পুনরায় মোতায়েন করা হয়েছে। তবে কী ধরনের হুমকির কারণে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র হুমকিটিকে একটি ‘বাস্তব ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। সাধারণত কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে মার্কিন সামরিক বাহিনী বোমারু বিমানগুলোকে ওই অঞ্চলের অন্য কোনো ঘাঁটিতে সরিয়ে নেয়। কিন্তু এবার সেগুলো সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে, যা তুলনামূলকভাবে অস্বাভাবিক বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান মোতায়েন করা হয়েছিল। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এসব বিমান ব্যবহৃত হয়েছে। ঘাঁটিটি মার্কিন গ্লোবাল স্ট্রাইক কমান্ডের একটি অপারেটিং লোকেশন হিসেবেও ব্যবহৃত হয়। এই কমান্ড দূরপাল্লার হামলা পরিচালনার দায়িত্বে রয়েছে।

মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়ার ঘটনা এমন সময়ে ঘটল, যখন ফেয়ারফোর্ড ঘাঁটি ঘিরে একটি কথিত ষড়যন্ত্রের তদন্ত চলছে।

গত ২৭ সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশ ঘাঁটির কাছে সন্ত্রাসবাদ ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করে। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছর এবং তারা লন্ডন এলাকার ব্রিটিশ নাগরিক বলে জানানো হয়। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। ঘটনাস্থলে থাকা তিনটি ভ্যানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

গ্রেফতারদের দ্রুত মুক্তি দেওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি এমনটা করতাম না।’

এরপর গত বৃহস্পতিবার কথিত ওই ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককেও গ্রেফতার করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গত সপ্তাহে বলেন, এই ঘটনায় ইরানের সম্পৃক্ততার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। ৩০ সেপ্টেম্বর বিবিসিকে তিনি বলেন, ইরান এতে কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে বলে ব্রিটিশ সরকারের বিশ্বাস।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানিয়েছিলেন, কথিত এই ষড়যন্ত্রে ‘একজন বিদেশি পক্ষের হাত’ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

এদিকে, ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তেহরান অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে এবং ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে।


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ইইউতে ফিরতে চায় ব্রিটেন, নতুন চুক্তি সম্পন্ন

প্রকাশিত :  ১০:০২, ২০ নভেম্বর ২০২৬

ব্রেক্সিটের এক দশক পর সম্পর্ক পুনর্গঠনের সূচনা হিসেবে বিবেচিত এক পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেন তিনটি নীতিগত বিষয়ে চুক্তিতে পৌঁছেছে। খাদ্য ও পানীয়, কার্বন নিঃসরণ বাণিজ্য এবং তরুণদের জন্য নতুন কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক পুনর্গঠনে চুক্তিটিতে পৌঁছায় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইইউভুক্ত দেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কত টিউশন ফি দেবেন, সে বিষয়ে এখনো সমঝোতা হয়নি। খবর দ্য গার্ডিয়ানের।

লন্ডনের ডাউনিং স্ট্রিট জানিয়েছে, চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এ নিয়ে আলোচনা শেষ হয়েছে। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় নম্বর টেনের এক মুখপাত্র বলেন, ‘চুক্তি সম্পন্ন হয়েছে, আলোচনা শেষ হয়েছে।’

অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হওয়া ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

ইইউ-ইউকে শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এটি ব্রিটেনের জন্য একটি শুভ দিন, এটি ইউরোপের জন্য একটি শুভ দিন। এই চুক্তি থেকে ইউরোপ এবং যুক্তরাজ্য জুড়ে মানুষ প্রকৃত সুফল পাবে।

বার্নহ্যাম আরও বলেন, এই চুক্তিটি কেনাকাটার খরচ কমে আসার একটি বাস্তব সম্ভাবনা তৈরি করেছে এবং এটি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আমলাতান্ত্রিক জটিলতাও কমাতে শুরু করবে।

তিনি বলেন, অবৈধ অভিবাসন নিয়ে উদ্বিগ্ন মানুষজন চ্যানেল অ্যাকশন পরিকল্পনায় ব্রিটেনের অবদানের কথা শুনে নিশ্চয়ই খুশি হবেন। আজ ব্রিটেনের তরুণদের জন্য সত্যিই একটি ভালো দিন, অবশেষে দিগন্তে আশার আলো দেখা যাচ্ছে।

এর আগে ব্রাসেলসে সম্মেলনস্থলে অ্যান্ডি বার্নহ্যাম পৌঁছানোর এক ঘণ্টারও কম সময় পর মুখপাত্র চুক্তির বিষয়ে জানান। সেখানে তাকে স্বাগত জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

মুখপাত্র বলেন, এখন দুই পক্ষ তরুণদের বসবাস কর্মসূচি, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করবে। এসব কর্মসূচি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে। নির্ধারিত তারিখগুলো যৌথ বিবৃতিতে উল্লেখ থাকবে, যা যথাসময়ে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, সব আন্তর্জাতিক চুক্তির মতো এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশগুলোতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিছু বিষয়ে আলোচনা এখনো চলবে। পরবর্তী সময়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে সেগুলোর বিস্তারিত জানানো হবে।

সূত্র : দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্য এর আরও খবর