img

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত :  ১৪:৪৮, ০৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার (৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা চলমান রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

শচীনের বলে ছক্কা হাঁকালেন প্রিন্সেস কেট

প্রকাশিত :  ১১:০২, ১৬ নভেম্বর ২০২৬

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট ভারতের মাটিতে পা রেখেই ক্রিকেটীয় উন্মাদনায় মেতে উঠলেন । মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট খেলেছেন এই রাজদম্পতি।

ম্যাচে শচীনের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছেন প্রিন্সেস অব ওয়েলস কেট।

বার্মিংহাম নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘আর্থশট প্রাইজ’-এর আসরকে সামনে রেখে তিন দিনের ভারত সফরে এসেছেন এই দম্পতি। সফরের শুরুতেই ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে যুক্ত হন তাঁরা। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেট বাণিজ্যিক এলাকার একটি বন্ধ রাস্তায় আয়োজিত এই গলি ক্রিকেটে শচীন টেন্ডুলকারের মুখোমুখি হন উইলিয়াম ও কেট।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামেন প্রিন্স উইলিয়াম। শুরুতে একটি বড় শট খেলে কেটের করতালি কুড়ালেও কয়েক বল পরেই এক তরুণ খেলোয়াড়ের বলে বোল্ড হন তিনি। তবে বোলিংয়ে এসে চমক দেখান উইলিয়াম; তার একটি ফুলটস বলে শচীন টেন্ডুলকার ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন।

এরপর ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন প্রিন্সেস কেট।

ভক্তদের কাছে ‘লিটল মাস্টার’ খ্যাত শচীনের একটি ডেলিভারি সজোরে মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা হাঁকান তিনি। কেটের এমন শটে হাততালি দিয়ে প্রশংসা করেন স্বয়ং শচীন। পরে স্বামী উইলিয়ামের বলেও একইভাবে ছক্কা মারেন কেট। তবে শেষ হাসি হেসেছেন উইলিয়ামই; তার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন কেট।

যুক্তরাজ্য এর আরও খবর