img

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস: যুক্তরাজ্যের প্রতিবেদন

প্রকাশিত :  ১৯:১৯, ২০ অক্টোবর ২০২৬

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলির পর রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেড়েছে এবং সহিংসতা কমেছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। একই সঙ্গে রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর স্বাধীনভাবে কাজ করা এবং সাধারণ মানুষের মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনটিতে।

‘রিপোর্ট অব আ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ: পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেল নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এই প্রতিবেদন সংক্রান্ত তথ্য ও বক্তব্য তুলে ধরে একটি পোস্ট দিয়েছে।

পোস্টে বলা হয়, ২০২৬ সালের ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বাংলাদেশে তথ্য-অনুসন্ধান মিশন পরিচালনা করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট দল সিপিআইটি। এ সময় সরকারি কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের সদস্য, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার সংস্থা, সাংবাদিক ও গবেষকদের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।

প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক স্থিতিশীলতা ও উন্নতি ঘটেছে। বিশেষ করে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের মধ্য দিয়ে পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।

বিভিন্ন সূত্রের বর্ণনা অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় নির্বাচন সাধারণভাবে শান্তিপূর্ণ ছিল। আগের নির্বাচনগুলোর তুলনায় এ নির্বাচনে সহিংসতাও উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতা হ্রাসের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজের বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংস্থাগুলো বর্তমানে আরও স্বাধীনভাবে কাজ করতে পারছে। পাশাপাশি নিজেদের মতামত প্রকাশ ও আলোচনায় অংশ নেওয়ার সুযোগও বেড়েছে। বিভিন্ন সূত্রের বক্তব্যে আগের সময়ের তুলনায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে।

বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা তথ্য-অনুসন্ধান মিশনকে জানিয়েছেন, সামগ্রিকভাবে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হয়েছে। বড় বড় ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তারা তুলে ধরেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যেসব রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে, সেগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ। বিভিন্ন সূত্রের তথ্য বলছে, এসব ঘটনার সঙ্গে প্রায়ই স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার, ব্যবসায়িক স্বার্থ, সম্পত্তি ও রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয়গুলো জড়িত থাকে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। এতে বিভিন্ন সূত্রের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, আগের সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার হওয়া অধিকাংশ ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে এবং এ ধরনের অধিকাংশ মামলা প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা মিথ্যা হিসেবে বিবেচিত ২১ হাজারেরও বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে। তবে পুরোনো মামলাগুলো পর্যালোচনার কাজ এখনো চলমান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম, জবাবদিহি ও সংস্কারের বিষয়গুলোও পর্যালোচনা করা হয়েছে প্রতিবেদনটিতে।

প্রতিবেদনে উদ্ধৃত বিভিন্ন সূত্রের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের আগের সময়ের তুলনায় বর্তমান রাজনৈতিক পরিবেশে সাধারণ নাগরিকদের নিজেদের মতামত প্রকাশ, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনআলোচনায় যুক্ত হওয়ার সুযোগ বেড়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এই তথ্য-অনুসন্ধান প্রতিবেদনটি ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলি এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির একটি চিত্র তুলে ধরেছে।

এতে নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতা হ্রাস, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিসর বৃদ্ধি, আইনশৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর চলমান পর্যালোচনা ও প্রত্যাহারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ব্রিটেনে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, অপেক্ষা ১০ বছর

প্রকাশিত :  ০৮:৪৫, ০৩ নভেম্বর ২০২৬

ব্রিটেনে স্থায়ী বসবাস বা ইনডেফিনিট লিভ টু রিমেন (আইএলআর)-এর নিয়মকানুন ও ইনকাম থ্রেশহোল্ডে যুগান্তকারী ও কঠোর পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। হাউস অব কমন্সে পেশ করা সরকারের নতুন ‘আর্নড সেটলমেন্ট’ কাঠামোর ফলে বৈধভাবে যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ৫ লাখ অভিবাসীর স্থায়ীভাবে বসবাসের পথ দীর্ঘায়িত হতে চলেছে। বিশেষ করে স্কিলড ওয়ার্কার ও বিভিন্ন পেশায় নিয়োজিত হাজার হাজার বাংলাদেশি অভিবাসী ও তাদের পরিবার এর ফলে মারাত্মক অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মুখে পড়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, আকস্মিক এই নীতিমালার ফলে বহু অভিবাসী দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার মধ্যে পড়বেন। সরকারের পক্ষ থেকে একে ন্যায্য ও সুশৃঙ্খল অভিবাসন নীতি হিসেবে দাবি করা হলেও অভিবাসী সংগঠনগুলো এর বিরুদ্ধে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে।

১০ বছরের দীর্ঘমেয়াদি শর্ত ও কিছু ক্ষেত্রে ছাড় নতুন ঘোষণা অনুযায়ী, যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য ডিফল্ট কোয়ালিফাইং সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে সরাসরি ১০ বছর করা হয়েছে। এতদিন ৫ বছর পূর্ণ হলেই নির্দিষ্ট শর্তে সেটলমেন্টের আবেদন করা যেত।

তবে সরকার উচ্চ আয় এবং বিশেষ কিছু পেশার জন্য কিছু ছাড় রেখেছে। যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ১৪১ পাউন্ডের বেশি কিংবা যারা গ্লোবাল ট্যালেন্ট বা ইনোভেটর ফাউন্ডার রুটে আছেন, তারা ৩ বছরের মাথায় স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন।

অন্যদিকে, উচ্চ করদাতা (যাদের আয় ৫০ হাজার ২৭৬ পাউন্ডের বেশি) এবং এনএইচএস-এর ডাক্তার, নার্স ও শিক্ষকসহ নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর পেশাজীবীরা ৫ বছরের পথেই সেটলমেন্টের সুবিধা পাবেন। তবে এই ক্যাটাগরিগুলোর বাইরে থাকা সাধারণ দক্ষ কর্মীরা এই ছাড়ের আওতাধীন না থাকায় তাদের ১০ বছর অপেক্ষা করতে হবে।

প্রাথমিকভাবে কেয়ার ওয়ার্কারদের স্থায়ী হওয়ার মেয়াদ ১৫ বছর করার প্রস্তাব করা হলেও সমালোচনার মুখে তাতে পরিবর্তন আনা হয়েছে। বার্ষিক কমপক্ষে ২৫ হাজার পাউন্ড আয়ের শর্ত পূরণ সাপেক্ষে কেয়ার ওয়ার্কাররা ৫ বছরের পুরনো পথেই স্থায়ী বসবাস পেতে পারবেন। তবে কেয়ার সেক্টরের বাইরের অন্যান্য খাতের হাজার হাজার অভিবাসী কর্মীর জন্য এই ছাড় প্রযোজ্য নয়।

আইনি সতর্কতা ও অভিবাসীদের ওপর আর্থিক চাপ এই নিয়মের ভূতাপেক্ষ কার্যকারিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিবাসী অধিকারকর্মী ও পাবলিক ল’ ব্যারিস্টাররা। ৫ বছর পূর্ণ হওয়ার আশায় যুক্তরাজ্যে আসা অভিবাসীরা এখন বিপাকে পড়েছেন। ৫ বছরের জায়গায় ১০ বছর অপেক্ষা করতে হওয়ায় পরিবারগুলোকে অতিরিক্ত ভিসা ফি, প্রতি বছর ইমিগ্রেশন হেলথ সারচার্জ এবং নবায়ন বাবদ হাজার হাজার পাউন্ড গচ্চা দিতে হবে। চার সদস্যের একটি পরিবারের ক্ষেত্রে এই বর্ধিত প্রক্রিয়া ও ফি মেটাতে গিয়ে ২৫ হাজার পাউন্ডের বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এছাড়া ইংরেজি ভাষার মানদণ্ড আরও কঠোর করা হয়েছে এবং স্বেচ্ছাসেবা বা ভলান্টিয়ার কাজের মাধ্যমে সময় কমিয়ে আনার সুযোগ পুরোপুরি বাতিল করা হয়েছে।

বাংলাদেশি কমিউনিটি ও দক্ষ কর্মীদের ওপর প্রভাব যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের একটি বড় অংশ কেয়ার ওয়ার্কার, বিভিন্ন রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্কিলড ওয়ার্কার ভিসায় অবস্থান করছেন।

ব্যারিস্টার সালাহ উদ্দীন সুমন বলেন, কেয়ার সেক্টরের বাইরে থাকা সাধারণ স্কিলড পেশাজীবী ও গ্র্যাজুয়েট রুট থেকে ওয়ার্ক পারমিটে যাওয়া অভিবাসীরা এই ১০ বছরের বেড়াজালে আটকে গেছেন। বহু পরিবার যারা স্থায়ীভাবে শিকড় গাড়ার স্বপ্ন দেখছিলেন এবং যাদের ৫ বছর পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে এসেছিল, তাদের মেয়াদ এখন হঠাৎ করেই দীর্ঘায়িত হওয়ায় মানসিক ও অর্থনৈতিক উভয় চাপই বহুগুণ বেড়ে গেছে।

যুক্তরাজ্য এর আরও খবর