img

গণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রকাশিত :  ১৪:১৭, ২৪ নভেম্বর ২০২৬

গণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রমাণিত হওয়ার পর দেশটির সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা এটিই প্রথম।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে দেশটির বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি রোহিঙ্গা। ওই অভিযানের সময় গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া এবং নারী ও কিশোরীদের ধর্ষণের ঘটনাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

আইসিজের রায়কে স্বাগত জানানোর ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘গণহত্যার মতো এমন গভীরভাবে মর্মাহত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় আমাদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং এর সঙ্গে স্পষ্ট পদক্ষেপের সমন্বয় ঘটাতে হবে।’

নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক নেতা হলেন- মায়ো হুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালের গণহত্যার সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।

তিনি বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকানোর ব্যবস্থা নিতে হবে।

মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের কথাও নিশ্চিত করেছেন মিলিব্যান্ড। গত সপ্তাহে আইসিজের রায়ের পর যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে।

সোমবার ব্রিটিশ সংসদ সদস্যদের মিলিব্যান্ড জানান, এ সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার আইসিজে দেওয়া রায়ে বলেছে, আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ‘গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে উপনীত হওয়া যায়’। বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিদের নিয়ে গঠিত প্যানেল ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আদালত ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের জন্য মিয়ানমারকে দায়ী করেন।

রায়ে বলা হয়, বাংলাদেশ ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

মিলিব্যান্ডের ভাষ্য অনুযায়ী, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দেশটি তাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

গণহত্যার সময় মিয়ানমারের নেত্রী অং সান সুচি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এদিকে সংসদ সদস্যদের জানানো হয়েছে, দেশটিতে আরাকান আর্মির পক্ষ থেকেও বিমান হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। সূত্র: বিবিসি। 

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

যুক্তরাজ্যে বাড়ির দাম কমাতে বাধ্য হচ্ছেন মালিকেরা

প্রকাশিত :  ০৪:৪৫, ২৩ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যের আবাসন বাজারে বাড়ি বিক্রির চাহিদামূল্য স্বাভাবিকের তুলনায় বেশি হারে কমেছে। উচ্চ বন্ধকি ঋণের সুদ ও ক্রেতাদের ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে বাড়ির মালিকেরা বিক্রি বাড়াতে দাম কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। এতে দেশটির আবাসন বাজারে মন্দার চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সম্পত্তি কেনাবেচার ওয়েবসাইট রাইটমুভের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম সাত দিন পর্যন্ত চার সপ্তাহে যুক্তরাজ্যে বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়িগুলোর গড় চাহিদামূল্য আগের মাসের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে। সাধারণত বছরের এই সময়ে গত এক দশকে দাম কমার গড় হার ছিল ১ দশমিক ১ শতাংশ।

সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাড়ির গড় চাহিদামূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ২৭০ পাউন্ডে। আগের মাসের তুলনায় কমেছে ৬ হাজার ৭৪৫ পাউন্ড। এক বছর আগের তুলনায় দাম শূন্য দশমিক ২ শতাংশ কম।

রাইটমুভের সম্পত্তিবিষয়ক বিশেষজ্ঞ কলিন ব্যাবকক বলেন, উচ্চ বন্ধকি ঋণের সুদ অনেক দিন ধরেই আবাসন বাজারে প্রভাব ফেলছে। ক্রেতাদের সীমিত বাজেটের সঙ্গে মানিয়ে নিতে বিক্রেতাদেরও বাড়ির দাম কমাতে হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এক বছর আগের তুলনায় বাড়ি কেনার বিষয়ে ক্রেতাদের আগ্রহ ৮ শতাংশ কমেছে। একই সময়ে বিক্রির চুক্তি সম্পন্ন হওয়ার সংখ্যা কমেছে ৭ শতাংশ। অন্যদিকে বিক্রির জন্য বাজারে থাকা বাড়ির সংখ্যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বাড়ি কেনার ঋণের সুদও ক্রেতাদের ওপর চাপ তৈরি করছে। দুই বছরের নির্দিষ্ট মেয়াদের গড় বন্ধকি ঋণের সুদ নভেম্বর মাসে ৫ দশমিক ৫১ শতাংশে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে এই হার ছিল ৪ দশমিক ২৫ শতাংশ। ফলে বাড়ি কেনার ঋণের মাসিক কিস্তি বেড়েছে।

রাইটমুভের পূর্বাভাস, ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাজ্যে বাড়ির চাহিদামূল্য আগের বছরের তুলনায় কম থাকতে পারে। তবে অঞ্চল ও বাড়ির ধরন অনুযায়ী দামের ওঠানামায় পার্থক্য রয়েছে।

যুক্তরাজ্য এর আরও খবর