img

ইইউতে ফিরতে চায় ব্রিটেন, নতুন চুক্তি সম্পন্ন

প্রকাশিত :  ১০:০২, ২০ নভেম্বর ২০২৬

ইইউতে ফিরতে চায় ব্রিটেন, নতুন চুক্তি সম্পন্ন

ব্রেক্সিটের এক দশক পর সম্পর্ক পুনর্গঠনের সূচনা হিসেবে বিবেচিত এক পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেন তিনটি নীতিগত বিষয়ে চুক্তিতে পৌঁছেছে। খাদ্য ও পানীয়, কার্বন নিঃসরণ বাণিজ্য এবং তরুণদের জন্য নতুন কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক পুনর্গঠনে চুক্তিটিতে পৌঁছায় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইইউভুক্ত দেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কত টিউশন ফি দেবেন, সে বিষয়ে এখনো সমঝোতা হয়নি। খবর দ্য গার্ডিয়ানের।

লন্ডনের ডাউনিং স্ট্রিট জানিয়েছে, চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এ নিয়ে আলোচনা শেষ হয়েছে। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় নম্বর টেনের এক মুখপাত্র বলেন, ‘চুক্তি সম্পন্ন হয়েছে, আলোচনা শেষ হয়েছে।’

অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হওয়া ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

ইইউ-ইউকে শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এটি ব্রিটেনের জন্য একটি শুভ দিন, এটি ইউরোপের জন্য একটি শুভ দিন। এই চুক্তি থেকে ইউরোপ এবং যুক্তরাজ্য জুড়ে মানুষ প্রকৃত সুফল পাবে।

বার্নহ্যাম আরও বলেন, এই চুক্তিটি কেনাকাটার খরচ কমে আসার একটি বাস্তব সম্ভাবনা তৈরি করেছে এবং এটি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আমলাতান্ত্রিক জটিলতাও কমাতে শুরু করবে।

তিনি বলেন, অবৈধ অভিবাসন নিয়ে উদ্বিগ্ন মানুষজন চ্যানেল অ্যাকশন পরিকল্পনায় ব্রিটেনের অবদানের কথা শুনে নিশ্চয়ই খুশি হবেন। আজ ব্রিটেনের তরুণদের জন্য সত্যিই একটি ভালো দিন, অবশেষে দিগন্তে আশার আলো দেখা যাচ্ছে।

এর আগে ব্রাসেলসে সম্মেলনস্থলে অ্যান্ডি বার্নহ্যাম পৌঁছানোর এক ঘণ্টারও কম সময় পর মুখপাত্র চুক্তির বিষয়ে জানান। সেখানে তাকে স্বাগত জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

মুখপাত্র বলেন, এখন দুই পক্ষ তরুণদের বসবাস কর্মসূচি, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করবে। এসব কর্মসূচি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে। নির্ধারিত তারিখগুলো যৌথ বিবৃতিতে উল্লেখ থাকবে, যা যথাসময়ে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, সব আন্তর্জাতিক চুক্তির মতো এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশগুলোতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিছু বিষয়ে আলোচনা এখনো চলবে। পরবর্তী সময়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে সেগুলোর বিস্তারিত জানানো হবে।

সূত্র : দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

শচীনের বলে ছক্কা হাঁকালেন প্রিন্সেস কেট

প্রকাশিত :  ১১:০২, ১৬ নভেম্বর ২০২৬

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট ভারতের মাটিতে পা রেখেই ক্রিকেটীয় উন্মাদনায় মেতে উঠলেন । মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট খেলেছেন এই রাজদম্পতি।

ম্যাচে শচীনের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছেন প্রিন্সেস অব ওয়েলস কেট।

বার্মিংহাম নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘আর্থশট প্রাইজ’-এর আসরকে সামনে রেখে তিন দিনের ভারত সফরে এসেছেন এই দম্পতি। সফরের শুরুতেই ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে যুক্ত হন তাঁরা। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেট বাণিজ্যিক এলাকার একটি বন্ধ রাস্তায় আয়োজিত এই গলি ক্রিকেটে শচীন টেন্ডুলকারের মুখোমুখি হন উইলিয়াম ও কেট।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামেন প্রিন্স উইলিয়াম। শুরুতে একটি বড় শট খেলে কেটের করতালি কুড়ালেও কয়েক বল পরেই এক তরুণ খেলোয়াড়ের বলে বোল্ড হন তিনি। তবে বোলিংয়ে এসে চমক দেখান উইলিয়াম; তার একটি ফুলটস বলে শচীন টেন্ডুলকার ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন।

এরপর ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন প্রিন্সেস কেট।

ভক্তদের কাছে ‘লিটল মাস্টার’ খ্যাত শচীনের একটি ডেলিভারি সজোরে মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা হাঁকান তিনি। কেটের এমন শটে হাততালি দিয়ে প্রশংসা করেন স্বয়ং শচীন। পরে স্বামী উইলিয়ামের বলেও একইভাবে ছক্কা মারেন কেট। তবে শেষ হাসি হেসেছেন উইলিয়ামই; তার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন কেট।

যুক্তরাজ্য এর আরও খবর