img

ওসমানীতে দুই সাংবাদিকের ওপর হামলা: শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

প্রকাশিত :  ০৬:১৮, ৩০ অক্টোবর ২০২৬

 ওসমানীতে দুই সাংবাদিকের ওপর হামলা: শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার (৩১ অক্টোবর) সমাবেশ করবেন তারা।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত হয়, সমাবেশ শেষে হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সাংবাদিক নেতারা মনে করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বাড়বে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটভিউটোয়েন্টিফোর.কমের সম্পাদক শাহ দিদার আলম নবেল।

সিলেটের খবর এর আরও খবর

img

সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা না পেয়ে ব্রিজ নির্মাণকাজে বাধার অভিযোগ

প্রকাশিত :  ০৬:৫০, ৩০ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির এমপি নুরুল ইসলাম নুরুল ও তার লোকজনের বিরুদ্ধে ঠিকাদারের কাছে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে দুটি ব্রিজের (সেতু) নির্মাণকাজ বন্ধ করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

কাজের ঠিকাদার ও তাহিরপুরের বাদাঘাটের বাসিন্দা শফিকুল ইসলাম এ বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন। বুধবার একই অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম।

তবে সব অভিযোগ অস্বীকার করে এমপি নুরুল ইসলাম, কাজের অনিয়ম ঢাকতেই ঠিকাদার তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন।

ঠিকাদার শফিক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগে এমপি নুরুল ইসলাম নুরুল ও তার লোকজনের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি উন্নয়নকাজে বাধা প্রদানের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

জানা গেছে, ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার শফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিরখলা-১ ব্রিজ ও সালামপুর ব্রিজের নির্মাণকাজ করছেন। ৮৭ কোটি টাকার এ কাজ সম্প্রতি কয়েকবার বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেন ঠিকাদার।

অভিযোগের দিনই বিকেলে ওই এলাকা দিয়ে ফিরছিলেন এমপি নুরুল ইসলাম। সালামপুর ব্রিজের নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলে তিনি তা বন্ধ রাখতে বলেন। ওই সময় তার লোকজন কয়েকজন শ্রমিককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। মারধরে আহত হন নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চালক মনির, পে-লোডার চালক কবির আহমদ ও সাইট ঠিকাদার হোসেন আহমদ।

এদিকে, বুধবার এমপি নুরুল ইসলাম আবারও ওই দুই সেতু এলাকা পডিরদর্শন করেন। এসময় নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এর আগে অভিযোগে ঠিকাদার শফিক উল্লেখ করেন, সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল ও তার লোকজন বিভিন্ন সময়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা প্রদান না করায় তারা বিভিন্ন ব্যক্তি ও মাধ্যমের মাধ্যমে ক্রমাগত চাপ সৃষ্টি করছেন, নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

ঠিকাদার আরও উল্লেখ করেন, গত ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ সার্কিট হাউসের সামনের সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের ঘটনায় ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। সেই মামলায় তাকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। গত বছরের ২৮ মার্চ জামালগঞ্জ থানার বেহেলী ইউনিয়নের করালজান বিল গ্রুপ (খ) জলমহালের অন্তর্গত কাবিলার বিলের মাছ চুরির ঘটনায় দায়ের করা মামলায়ও তাকে ১৩ নম্বর আসামি করা হয়। তার সিলেটের বাসায় পুলিশও পাঠানো হয়। গত ২০ অক্টোবর দুই দফা মুক্তিরখলা-১ ব্রিজের নির্মাণকাজে বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার অভিযোগের দিন সালামপুর ব্রিজের কাজ বন্ধ করে দেন বলে জানান শফিকুল ইসলাম।

তিনি জানান, গত ২০ অক্টোবর সুনামগঞ্জ পৌর যুবদলের এক নেতা তাকে ফোন করে এমপি সাহেবের সঙ্গে দেখা করে বিষয়টি সমাধান করার জন্য চাপ দেন। এর আগে ৫ অক্টোবর জেলা যুবদলের এক নেতা ফোন করে হুমকি প্রদান করেন।

অভিযোগ বিষয়ে এমপি নুরুল ইসলাম নুরুল মঙ্গলবার বলেন, ‘ঠিকাদার শফিককে আমি ব্যক্তিগতভাবে চিনি না। মঙ্গলবার একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে এলাকার লোকজন সালামপুর ব্রিজের গার্ডওয়াল নির্মাণে অনিয়মের বিষয়টি দেখান। তা দেখার পর নির্বাহী প্রকৌশলীকে নিয়ে বুধবার সরেজমিন সেখানে যাওয়ার কথা। কাজ বন্ধ কিংবা চাঁদা দাবির বিষয়টি অবান্তর। তাকে প্রমাণ করতে হবে কে চাঁদা দাবি ও হুমকি দিয়েছে।’

সিলেটের খবর এর আরও খবর