img

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশিত :  ১৬:১৭, ৩০ অক্টোবর ২০২৬

 শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাস্থ ভূনবীর ইউনিয়নের লৈয়ারকুল গ্রামের সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে যথাক্রমে সাত বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন—পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে মো. নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং মৃত মতন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অপর দুই আসামি মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) দণ্ডবিধির ৩২৬ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জয়নাল আবেদীনকে (৫৫) দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের পূর্ববর্তী হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে, জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

আদালতের আদেশে অর্থদণ্ডের টাকা এজাহারকারীর পরিবারের সদস্যদের দেওয়ার নির্দেশ রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধের জেরে সৎভাই ও তাদের স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শাবানা বেগমকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিলেটের খবর এর আরও খবর

img

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ৪০ফুট নিচে মোটর সাইকল, ফুটবলারের মুত্যু

প্রকাশিত :  ০৭:৫৩, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৩৬, ৩১ অক্টোবর ২০২৬

সিলেট জেলার বালাগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে পড়ে ফুটবলার সাইফুর রহমান আলিম (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র।

মোটর সাইকেলে থাকা অপর দুই আরোহী একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্ত্তনীয়া গ্রাম এলাকায় এদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে সিলেট শহরের দুটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন রাতে তাদের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। ফেরার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে মোটর সাইকেলসহ হাওড়ের পানিতে পড়ে যান তারা। সড়কের পাশে বসানো ঢালাই করা ব্লকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই সাইফুরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম নামের যুবক জানান, ভোর চারটার দিকে আহত ওয়েছ আহমদ তাদের বাড়িতে গিয়ে বাড়ির লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি জানান। বাড়ির লোকজন সেখানে গিয়ে সাইফুরের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তিনজনকে গাড়ি তুলে সিলেট শহরে নিয়ে যান, ততক্ষণে ভোর গড়িয়ে সকাল হয়ে যায়।

সাইফুরের ইউরোপে যাওয়ার প্রসেসিং চলছিল বলে তার স্বজনরা জানিয়েছেন।

বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে থানা পুলিশকে বিষয়টি অবহিত করি।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তদফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেটের খবর এর আরও খবর