সুনামগঞ্জ জেলার শাল্লায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মন্নান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার নিজগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নান উপজেলার আটগাঁও গ্রামের বাসিন্দা। তিনি আজব আলীর পক্ষের লোক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটগাঁও ইউনিয়নের নিজগাও গ্রামের রূপ মিয়া ও আজব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম সংলগ্ন একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান গুরুতর আহত হয়ে নিহত হন। দুপক্ষের ১০-১২ জন আহত হয়েছে।
এবিষয়ে ১ম পক্ষের রুপ মিয়ার স্ত্রী রুনা আক্তার বলেন, জমি নিয়ে মারামারি হয়েছে। এরচেয়ে বেশি কিচ্ছু জানি না। আজব আলীর ব্যবহ্ত নাম্বারে ফোন করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। তবে স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্র সরকার জানান, গত এক সপ্তাহ যাবত তাদের দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। শেষ পর্যন্ত আজকে সংঘর্ষে জড়িয়ে একজন মারা গেছেন।
আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার সাধারণ সভা ও নির্বাচন ১৮ ডিসেম্বর
প্রকাশিত :
১৫:২৭, ০১ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট: ১৫:৩১, ০১ নভেম্বর ২০২৬
প্রস্তুতিতে একাধিক কমিটি গঠন
আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার নির্বাচন ও সাধারণ সভা। এ আয়োজনকে সামনে রেখে সংগঠনের সদস্যপদে আবেদনকারীদের সব আবেদন অনুমোদন, ভোটার তালিকা প্রস্তুত এবং নির্বাচন ও সাধারণ সভা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে পৃথক আয়োজক কমিটিসহ একাধিক উপকমিটি গঠন করেছে সংগঠনের কার্যনির্বাহী কমিটি।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মেট্রো লাউঞ্জে অনুষ্ঠিত বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
সভায় সংগঠনের আসন্ন নির্বাচন ও সাধারণ সভার প্রস্তুতি, সদস্যপদ অনুমোদন, ভোটার তালিকা প্রণয়ন এবং অনুষ্ঠানকে সুষ্ঠু, সুন্দর ও বর্ণাঢ্য করে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন পারভেজ চৌধুরী, শাহ আলম কবির, নেওয়াজ চৌধুরী, মাহবুবুর রহমান সুমন, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, জুবায়ের চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সব সদস্যপদের আবেদন অনুমোদন, তৈরি হবে ভোটার তালিকা
সভায় সংগঠনের সদস্যপদ লাভের জন্য জমা পড়া সব আবেদন অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুমোদিত সদস্যদের অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত করা হবে। পরে প্রস্তুতকৃত ভোটার তালিকা নির্বাচন কমিটির কাছে হস্তান্তর করা হবে।
আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে সংগঠনের নির্বাচন ও সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্তের পাশাপাশি পুরো আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে একটি পৃথক আয়োজক কমিটি গঠন করা হয়।
আয়োজক কমিটির নেতৃত্বে পারভেজ চৌধুরী
১৮ ডিসেম্বরের নির্বাচন ও সাধারণ সভার সার্বিক প্রস্তুতি এবং ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য পারভেজ চৌধুরীকে আহ্বায়ক, শাহ আলম কবির ও নেওয়াজ চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং জুবায়ের চৌধুরীকে সদস্যসচিব করে আয়োজন কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির অন্যান্য সদস্য হলেন ড. নাজমুল ইসলাম, মোশায়েদ উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান সুমন, শাহ আব্দুল আজিজ ও সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ।
প্রকাশিত হবে সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্মরণিকা
সভায় বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার কার্যক্রম, প্রতিষ্ঠার ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্ম ও সংশ্লিষ্ট সবার সামনে তুলে ধরতে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ লক্ষ্যে মোশাহিদ উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক এবং সৈয়দ আনোয়ার আব্দুল্লাহকে সদস্যসচিব করে একটি স্মরণিকা প্রকাশনা উপকমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া আগামী ১৮ ডিসেম্বরের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত, আকর্ষণীয় ও বর্ণাঢ্য করে তুলতে শাহ আলম কবিরকে আহ্বায়ক করে একটি সাংস্কৃতিক উপকমিটিও গঠন করা হয়।
নির্বাচন ও সাধারণ সভা সফল করতে সহযোগিতার আহ্বান
সভায় বক্তারা বলেন, বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচন ও সাধারণ সভা সংগঠনের কার্যক্রমে নতুন উদ্দীপনা ও গতিশীলতা সৃষ্টির পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি করবে।
সভা থেকে আগামী ১৮ ডিসেম্বরের নির্বাচন, সাধারণ সভা এবং সংশ্লিষ্ট সব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের সব সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার আসন্ন সাধারণ সভা ও নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।