img

অনিয়মের সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা

প্রকাশিত :  ১৬:০৫, ০২ নভেম্বর ২০২৬

অনিয়মের সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক ‘খোলা কাগজ’-এর জেলা স্টাফ রিপোর্টার মো. এহসানুল হক ওরফে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গত ২৫ অক্টোবর সিলেট সাইবার সিকিউরিটি আদালতে মামলাটি করেন হাসপাতালের সদ্য বদলিকৃত সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। মামলার নম্বর ২১২/২৬।

সাংবাদিক এহসানের দাবি, হাসপাতালের অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ এবং তথ্য অধিকার আইনে ১১টি বিষয়ে তথ্য চাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলিংয়ের মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে দৈনিক ‘জনবাণী’র মৌলভীবাজার প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরীকে। এহসান তৃতীয় আসামি। অন্য আসামিরা হলেন মোজাহিদুল ইসলাম, ‘জেন জেড শ্রীমঙ্গল’ এবং প্রবাসী আমির আলী। এজাহারে তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটানো ও পোস্ট মুছে দেওয়ার বিনিময়ে অর্থ দাবির অভিযোগ আনা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মঞ্জু বিজয় চৌধুরী ও মোজাহিদুল ইসলাম দাবি করেছেন, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির তদন্ত চাওয়ায় হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। 

এদিকে মামলাটির নিন্দা জানিয়ে স্থানীয় সাংবাদিকেরা নিরপেক্ষ তদন্ত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।


সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজারে বিরোধের জেরে হামলায় যুবক নিহত

প্রকাশিত :  ০৭:০৬, ০২ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বড়গাছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর আলম বড়গাছ গ্রামের উম্মর মিয়ার ছেলে। তিনি ১৪ মাস বয়সী এক সন্তানের জনক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়নুল হক (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, উপজেলার রামপাশা গ্রামের লন্ডনপ্রবাসী দুলা মাস্টারের ছেলে রিপন আহমেদের জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মাহমুদ মিয়া (৩৫), মামুন মিয়া (৩০) ও ময়নুল হকের বিরোধ সৃষ্টি হয়।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরের চাচাতো ভাই সাহেল জমি কেনার জন্য দুইজন ক্রেতাকে নিয়ে আসেন। এ সময় জমি নিয়ে আলোচনার জন্য জাহাঙ্গীরের বড় ভাই জহিরুল ইসলাম জসিমকে ডেকে আনা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন জমি বিক্রিতে বাধা দেন। একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে জসিমের মাথায় আঘাত করা হয় এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে জাহাঙ্গীর ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জাহাঙ্গীর মারা যান। এ ছাড়া স্থানীয় মাদরাসার একটি বিষয় নিয়েও কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল বলে জানা গেছে।

সরজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহতের বাবা-মা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় জাহাঙ্গীরের চাচা সুন্দর আলী অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার জন্য দা ও লাঠি আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল। মামুন, মাহমুদ ও ময়নুল—এই তিন ভাই তাঁদের ভাগনে সামি ও ভগ্নীপতি খয়েরকে নিয়ে জাহাঙ্গীর ও তাঁর ভাইয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর অভিযুক্তদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলেও দাবি করেন সুন্দর আলী।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় ময়নুল হক নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটের খবর এর আরও খবর