img

পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে: গ্রেটা থুনবার্গ

প্রকাশিত :  ১০:৪৩, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৫১, ১২ নভেম্বর ২০২৬

জলবায়ু সংকট মোকাবিলায় সরকারগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনা

পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে: গ্রেটা থুনবার্গ

সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন । তিনি বলেছেন, পৃথিবী নিজে থেকে ধ্বংস হচ্ছে না, মানুষই একে ধ্বংস করছে। আর কারা এর জন্য দায়ী, তা-ও সবার জানা।

বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেটা বলেন, ‘পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে এবং আমরা জানি কারা এর জন্য দায়ী।’

তিনি বলেন, যাঁদের মানুষের সুরক্ষায় এগিয়ে আসার কথা, তাঁরাই পৃথিবীকে ধ্বংস করছেন। মানুষের সুরক্ষায় কেউ এগিয়ে আসছে না।

রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে মানুষের অধিকার লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে দাঁড়ানো সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন গ্রেটা। তিনি বলেন, রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের কারণে যখন মানবাধিকার হুমকির মুখে পড়ে, তখন সবার মানবাধিকার রক্ষায় আমাদেরই সোচ্চার হতে হবে। দায়িত্ব নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সংবাদ সম্মেলনে গ্রেটার সঙ্গে নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও কানাডার জলবায়ু ও মানবাধিকারকর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরাও জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। একই সঙ্গে তুরস্ক থেকে ইসরায়েলে জ্বালানি সরবরাহ বন্ধের আহ্বান জানান।

বক্তারা জলবায়ু সংকটের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের সম্পর্ক তুলে ধরেন। গ্রেটা সতর্ক করে বলেন, রাজনৈতিক নিষ্ক্রিয়তার পরিণতি শুধু পরিবেশ বিপর্যয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

তিনি বলেন, ‘আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আরও গণহত্যা ও পরিবেশবিনাশ ঘটবে। আমাদের মৌলিক অধিকার আরও বেশি খর্ব হবে। মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও একসময় বিলাসদ্রব্যে পরিণত হবে।’

আন্তর্জাতিক জলবায়ু আলোচনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন গ্রেটা। তাঁর মতে, পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা আন্তর্জাতিক সম্মেলনগুলোর মতো মঞ্চেও স্পষ্ট হয়ে উঠছে।

তিনি বলেন, এ ধরনের সম্মেলনে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্পষ্ট হচ্ছে যে পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণে নেই। পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে।

২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬-এর পর এই প্রথম জাতিসংঘের কোনো জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন গ্রেটা। ওই সম্মেলনে বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতির সমালোচনা করে আলোচনাগুলোকে ‘ব্লা ব্লা ব্লা’ বলে অভিহিত করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, বিশ্বনেতারা একের পর এক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।

গত কয়েক বছরে জলবায়ু আন্দোলনের পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও সক্রিয় ভূমিকা রেখেছেন গ্রেটা।

কপ-৩১-এ তাঁর উপস্থিতি ঘিরে সম্মেলনস্থলে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন দেশের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা তাঁর সঙ্গে কথা বলতে ভিড় করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

প্রকাশিত :  ০৭:৩৯, ১০ নভেম্বর ২০২৬

শত্রুপক্ষের রাডার থেকে নির্গত সংকেত শনাক্ত করে সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অর্জনের দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর প্রধানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, ইরানি বিশেষজ্ঞরা যুদ্ধক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছেন। এক্ষেত্রে ‘হরমুজ’ নামের একটি ক্ষেপণাস্ত্রের উদাহরণও দিয়েছেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি বলেন, হরমুজ ক্ষেপণাস্ত্র রাডার থেকে নির্গত সংকেত শনাক্ত করে সেগুলোর উৎসের দিকে ধাবিত হতে এবং রাডারব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

তিনি বলেন, রাডারব্যবস্থা থেকে নির্গত সংকেত ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানি বিশেষজ্ঞরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তার মতে, এ ধরনের প্রযুক্তির উন্নয়ন প্রমাণ করে, ইরানের ক্ষেপণাস্ত্রশিল্প এখন আর শুধু বিদ্যমান অস্ত্রের অনুকরণে সীমাবদ্ধ নেই; বরং যুদ্ধক্ষেত্রের প্রয়োজন বিবেচনায় নতুন অস্ত্রের নকশা ও উৎপাদনেও সক্ষমতা অর্জন করছে।

এর আগে গত ৮ নভেম্বর বালালি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে জব্দ করা সামরিক সরঞ্জামের রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন ইরানের প্রতিরক্ষা শিল্পের বিশেষজ্ঞরা। এসব সরঞ্জাম ও প্রযুক্তি পরীক্ষা করে সেগুলোর কার্যপ্রণালি বোঝার পাশাপাশি নিজস্ব প্রযুক্তি উন্নয়নে কাজে লাগানো হচ্ছে।

বালালি আরও বলেন, আইআরজিসির প্রয়াত কমান্ডার হাসান তেহরানি-মোকাদ্দামের সময় থেকেই শত্রুপক্ষের কাছ থেকে জব্দ করা সরঞ্জাম ও প্রযুক্তির উল্টো প্রকৌশল বিশ্লেষণ ইরানের প্রতিরক্ষা কর্মসূচির অংশ। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। দেশটির প্রতিরক্ষা শিল্পে কর্মরত বিশেষজ্ঞ ও তরুণ প্রকৌশলীরা জব্দ করা বিভিন্ন সামরিক সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করছেন।

সূত্র : আল জাজিরা

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর