img

বাঁশখালীতে ঘরের দরজা ভেঙে মিলল যমজ শিশু ও বাবার লাশ

প্রকাশিত :  ১৮:১০, ১৩ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে ঘরের দরজা ভেঙে মিলল যমজ শিশু ও বাবার লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত এবং একই কক্ষ থেকে তার ৭ মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়া বদি আলমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ওই ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র। নিহত দুই যমজ কন্যাসন্তান হলো—জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)।

বাবা-মেয়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ পরিদর্শক মো. কাউসার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়। জুমার পরে জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে দুই যমজ সন্তান ও তার স্বামী-স্ত্রীর বাপের বাড়িতে অবস্থান করে। বিকাল চারটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই ওদের রেখে যান। বিকালে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি জানান, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

img

মিরপুরে তিন বাসে আগুন

প্রকাশিত :  ০৮:০৯, ১১ নভেম্বর ২০২৬

রাজধানী ঢাকার মিরপুরে পৃথক দুই স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতারও করা যায়নি।

আজ বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড ও এ দিন ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি সিট, সিটের কাভার, জানালার গ্লাস, পেছনের গ্লাস ও বডির অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. রিপন। 

তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম উপস্থিত রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আমরা জানতে পেরেছি চিড়িয়াখানা সিটি পরিবহণ নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, বাস দুটি হলো বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণ। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব সিট, গ্লাস ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার গ্লাস, সিট ও সিটের কাভার পুড়ে গেছে। এতে বিকল্প পরিবহণের আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহণের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টিতে বাসে আগুন দিচ্ছে দুষ্কৃতিকারীরা। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ এর আরও খবর