img

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রকাশিত :  ১১:৫৯, ১৬ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫০২ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৬৭৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ ছাড়াও উল্লেখিত সময়ে চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, বরিশাল বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৫১ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

img

গোপালগঞ্জ ৮ প্লাটুন আনসার মোতায়েন

প্রকাশিত :  ১২:১৫, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, সদর দপ্তরের নির্দেশনায় মোতায়েন করা এই সুশৃঙ্খল ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবেন।

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই বিশেষ মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। 

বাংলাদেশ এর আরও খবর