img

আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে মহাকাশযান বেপিকলম্বো

প্রকাশিত :  ০৮:২৯, ২৮ নভেম্বর ২০২৬

আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে মহাকাশযান বেপিকলম্বো

দীর্ঘ আট বছরের যাত্রায় প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থার (জেএএক্সএ) যৌথ উদ্যোগে পাঠানো এই মহাকাশযানটি বর্তমানে গ্রহটিকে প্রদক্ষিণ করছে। সূর্যের খুব কাছে অবস্থান করা সত্ত্বেও বুধের গর্তগুলোতে কীভাবে বরফ টিকে আছে, সেই রহস্য উন্মোচনের পাশাপাশি গ্রহটির পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় গহ্বরগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে বেপিকলম্বো।

বিজ্ঞানীদের তথ্যমতে, বুধ গ্রহের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের আঘাতের মুখে থাকে। আর তাই এখন পর্যন্ত বুধ গ্রহ নিয়ে খুব কমই অনুসন্ধান করা সম্ভব হয়েছে। তবে আশা করা হচ্ছে যে এ অভিযানে বুধ গ্রহের কিছু প্রধান রহস্যের সমাধান হবে।

লেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক এমা বান্স জানান, বৈজ্ঞানিকভাবে বুধ গ্রহকে জানতে চাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। গ্রহটি কীভাবে গঠিত হয়েছে, কীভাবে বিবর্তিত হয়েছে এবং আজ দেখতে কেমন, তা জানা জরুরি। সূর্যের সঙ্গে এটি কীভাবে মিথস্ক্রিয়া করে এবং যে চরম মহাকাশ আবহাওয়ার মুখোমুখি হয়, তা জানাও গুরুত্বপূর্ণ।

২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে বুধ গ্রহের উদ্দেশে যাত্রা শুরু করে বেপিকলম্বো মহাকাশযানটি। সৌরজগতের গভীরে যাওয়ার সময় মহাকাশযানটিকে সূর্যের বিশাল মহাকর্ষীয় টানের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। চলার পথে মহাকাশযানটি পৃথিবীকে একবার, শুক্র গ্রহকে দুবার এবং বুধ গ্রহকে ছয়বার প্রদক্ষিণ করেছে। সাত বছরের মধ্যে বুধ গ্রহে পৌঁছানোর কথা থাকলেও প্রপালশন সিস্টেমের সমস্যার কারণে ১ বছর বেশি সময় লেগেছে।

এখন পর্যন্ত মাত্র তিনটি মহাকাশযান বুধ গ্রহের কাছাকাছি গেছে। ১৯৭০-এর দশকে মেরিনার-১০ নামের একটি মহাকাশযান বুধ গ্রহের পাশ দিয়ে ৩ বার উড়ে গিয়েছিল। এরপর ২০১১ সালে মেসেঞ্জার মহাকাশযান বুধের কক্ষপথে পৌঁছেছিল। তবে গ্রহটি সম্পর্কে এখনো অনেক কিছু আবিষ্কার করা বাকি।

বুধ গ্রহ আমাদের চাঁদের চেয়ে সামান্য বড়। এটি প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ খাড়া পাহাড় আর বিশাল সব গর্তে ঢাকা। বুধ গ্রহে সময় অতিবাহিত হওয়ার ধরনও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। গ্রহটি সূর্যের চারপাশে এত দ্রুত ঘোরে যে বুধের ১ বছর পৃথিবীর মাত্র ৮৮ দিনের সমান। তবে এটি নিজ অক্ষের ওপর অবিশ্বাস্যভাবে ধীরে ঘোরে। তাই সেখানে ১টি দিন পৃথিবীর ৫৯ দিনের সমান হয়। গ্রহটির সর্বত্র হাজার হাজার গহ্বর রয়েছে। এগুলো অগভীর হলেও এর পাশগুলো খাড়া এবং প্রায়ই গুচ্ছাকারে থাকে। গ্রহগত সময়ের হিসাবে এগুলোর বয়স প্রায় ১ লাখ বছর।

সূত্র: বিবিসি

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

হোয়াটসঅ্যাপে আসছে ‘ডুয়াল ক্যামেরা মোড’

প্রকাশিত :  ১৩:২৩, ২৭ নভেম্বর ২০২৬

ভিডিও ধারণের সময় একই সঙ্গে নিজের প্রতিক্রিয়াও তুলে ধরার সুযোগ দিতে ‘ডুয়াল ক্যামেরা মোড’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা একসঙ্গে চালু করে ছবি বা ভিডিও ধারণ করা যাবে। এতে কোনো অনুষ্ঠান কিংবা ভ্রমণের দৃশ্য ধারণের পাশাপাশি ভিডিওতে নিজের অভিব্যক্তিও যুক্ত করা সম্ভব হবে, আলাদা করে প্রতিক্রিয়া রেকর্ড করতে হবে না।

প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহারকারী নির্বাচিত ব্যক্তিরা এই সুবিধা পাচ্ছেন। পেছনের ক্যামেরা দিয়ে কোনো দৃশ্য ধারণের পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের মুখ ও প্রতিক্রিয়াও একই সঙ্গে রেকর্ড করা যাবে।

নতুন ফিচারে পেছনের ক্যামেরার দৃশ্য পুরো পর্দাজুড়ে থাকবে। অন্যদিকে সামনের ক্যামেরার দৃশ্য ছোট একটি উইন্ডোতে দেখা যাবে। ব্যবহারকারী চাইলে উইন্ডোটি পর্দার যেকোনো জায়গায় সরিয়ে রাখতে পারবেন। এতে ভিডিওর গুরুত্বপূর্ণ দৃশ্য আড়াল হওয়ার আশঙ্কা কমবে।

দুই ক্যামেরার দৃশ্য অদলবদলের ব্যবস্থাও থাকছে। রোটেট বোতামে চাপ দিলে সামনের ক্যামেরার দৃশ্য বড় পর্দায় এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট উইন্ডোতে চলে আসবে। তবে দৃশ্যের অবস্থান পরিবর্তন হলেও দুটি ক্যামেরাই একসঙ্গে ভিডিও ধারণ করতে থাকবে।

ছবি বা ভিডিও ধারণের পর তা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল কিংবা স্ট্যাটাসে শেয়ার করা যাবে। শেয়ার করার আগে ক্যাপশন যোগ করা এবং প্রয়োজনীয় সম্পাদনার সুযোগও থাকছে।

তবে আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ইনস্টল করলেই সবাই ফিচারটি পাবেন না। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে এটি উন্মুক্ত করা হবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।

ভ্রমণ, কনসার্ট কিংবা বিশেষ কোনো মুহূর্ত ধারণের ক্ষেত্রে নতুন ফিচারটি কাজে আসবে। একই ভিডিওতে দৃশ্যের পাশাপাশি নিজের প্রতিক্রিয়া তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর