img

হজের ৫ দিনের ধারাবাহিক কাজ ও নিয়মসমূহ

প্রকাশিত :  ০৯:০৬, ১৭ জুন ২০২২

হজের ৫ দিনের ধারাবাহিক কাজ ও নিয়মসমূহ

হজের প্রথম দিন

[মিনার উদ্দেশে যাত্রা]

৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত এই পাঁচ দিনকে হজের দিন বলা হয়। আপনি যদি তামাত্তু হজ পালনকারী হয়ে থাকেন তাহলে আজ আগের মতো আবার ইহরাম বেঁধে নিন। তারপর এভাবে ইহরামের নিয়ত করুন : ‘হে আল্লাহ আমি তামাত্তু হজ করতে ইচ্ছা করেছি, আপনি এ হজ আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করুন।’ নিয়তের সঙ্গে সঙ্গে তিনবার তালবিয়া একটু উচ্চস্বরে পড়ুন। (মহিলারা নীরবে পড়ুন)। যারা কিরান বা ইফরাদ হজ পালন করার নিয়ত করেছেন, তারা তো আগে থেকেই ইহরামের অবস্থায় আছেন, কাজেই নতুন করে ইহরাম বাঁধতে হবে না। ৮ জিলহজ সকালে ইহরাম বাঁধা অবস্থায় মিনার উদ্দেশে রওনা হবেন। আজকের জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজের ফজরের নামাজ মিনায় আদায় করা এবং রাতে মিনায় অবস্থান করা সুন্নাত।

হজের দ্বিতীয় দিন

[আরাফায় অবস্থান]

হজের দ্বিতীয় দিন ৯ জিলহজ আরাফায় অবস্থান ফরজ। ফজরের নামাজ মিনায় পড়ে আরাফার ময়দানের দিকে রওনা করতে হয়। প্রয়োজনে ফজরের আগে রাতেও আরাফার উদ্দেশে রওনা করা যাবে। আরাফার ময়দানে দুপুর ১২টার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে। আরাফার ময়দানে দোয়া কবুল হয়। সুতরাং এ সময় সবাইকে দোয়ায় মগ্ন থাকা উচিত। আরাফার ময়দানে জাবালে রহমতের কাছাকাছি অবস্থান করা ভালো। জোহর এবং আসরের নামাজ মসজিদে নামিরায় জামাতের সঙ্গে নির্দিষ্ট শর্তানুসারে আদায় করা উত্তম। তবে ওই জামাতে শরিক হওয়া সম্ভব না হলে যথাসময়ে জোহরের ওয়াক্তে জোহর এবং আসরের ওয়াক্তে আসর নিজ নিজ তাঁবুতে আজান-ইকামতসহকারে জামাতের সঙ্গে পড়ুন।

মুজদালিফায় অবস্থান

মিনা ও আরাফার মাঝখানে অবস্থিত ময়দানের নাম মুজদালিফা। এখানে ১০ জিলহজ রাত (৯ জিলহজ দিবাগত রাত) অতিবাহিত করা হাজিদের জন্য জরুরি। মুজদালিফায় পৌঁছে এশার ওয়াক্ত হলে এক আজান ও এক ইকামতে প্রথমে মাগরিবের ফরজ তারপর এশার ফরজ পড়ুন এরপর মাগরিবের ও এশার সুন্নাত এবং বেতর পড়ুন। মাগরিব ও এশার নামাজ পড়ার পর সুবহে সাদিক পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা সুন্নাতে মুআক্কাদাহ্। সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত অবস্থান ওয়াজিব। এ রাতে জাগ্রত থাকা ও ইবাদতে নিমগ্ন হওয়া মোস্তাহাব।

হজের তৃতীয় দিন

[পাথর নিক্ষেপ, কুরবানি, চুল মুণ্ডন ও তাওয়াফ]

হজের তৃতীয় দিন ১০ জিলহজ মিনায় পৌঁছার পর এ দিনের চারটি কাজ ধারাবাহিকভাবে পালন করতে হবে-

পাথর নিক্ষেপ করা : এই দিনের প্রথম কাজ হলো জামারায় আকাবায় গিয়ে সাতটি পাথর নিক্ষেপ করা (ওয়াজিব)। এটাকে জামারাতুল কুবরাও বলা হয়, আবার ‘বড় শয়তান’ বলেও প্রসিদ্ধ আছে। মিনায় পাথর নিক্ষেপের তিনটি স্থান রয়েছে। আগে ওই তিনটি স্থানে তিনটি স্তম্ভ বা পিলার ছিল বর্তমানে পিলারের জায়গায় ৪০ ফুট দৈর্ঘ্য উঁচু দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে, হাজি সাহেবদের সুবিধার জন্য নিচতলা, দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় রাস্তা করা হয়েছে। যাতে একই সঙ্গে অসংখ্য লোক পাথর নিক্ষেপ করতে পারেন। পাথর নিক্ষেপের নিয়ম হচ্ছে-পাথর নিক্ষেপের সময় মিনাকে ডান দিকে রেখে দাঁড়ান। তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা পাথর ধরে নিক্ষেপ করুন। প্রথম পাথর নিক্ষেপের পূর্বমুহূর্ত থেকে তালবিয়া পড়া বন্ধ করে দিতে হবে। পাথর নিক্ষেপের সময় বলুন : বিসমিল্লাহি আল্লাহু আকবার।

কুরবানি করা : এই দিনের দ্বিতীয় কাজ হলো দমে শোকর বা হজের শোকরিয়া স্বরূপ কুরবানি করা (ওয়াজিব)। নিজ হাতে করুন কিংবা কাউকে পাঠান; কিন্তু জবেহ হয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হোন। কিরান ও তামাত্তু হজ পালনকারীদের জন্য এটা ওয়াজিব। আর ইফরাদ হজ পালনকারীদের জন্য মুস্তাহাব। মিনায় কুরবানি করতে না পারলে মক্কা শহরেও কুরবানি করে নিতে পারেন।

চুল মুণ্ডন বা কর্তন করা : এই দিনের তৃতীয় কাজ হলো হলক বা কসর করা। (চুল মুণ্ডন বা কর্তন) এটি ওয়াজিব। কুরবানি করার পর পুরো মাথার চুল মুণ্ডন করে ফেলুন। মুণ্ডনকারীদের জন্য হুজুর পাক (সা.) তিনবার দোয়া করেছেন। তাই এতে ফজিলত বেশি।

তাওয়াফে জিয়ারত : এ দিনের চতুর্থ কাজ হলো তাওয়াফে জিয়ারত (ফরজ) একে ‘তাওয়াফে ইফাযা’ও বলা হয় : এটা হজের শেষ রুকন। মিনায় উপরোক্ত কাজগুলো সেরে হাজিগণ মক্কা শরিফে গিয়ে তাওয়াফ-ই-জিয়ারত করবেন। এ তাওয়াফে ইজতিবা নেই। ১০ তারিখে সম্ভব না হলে ১১ বা ১২ তারিখের সূর্যাস্তের আগে অবশ্যই এ তাওয়াফ করতে হবে। যারা মক্কা থেকে ৮ জিলহজ আসার আগে একটি নফল তাওয়াফের সঙ্গে সায়ী করে আসেনি তাওয়াফে জিয়ারতে তাদের অবশ্যই সায়ী করতে হবে। তাওয়াফে জিয়ারতের কোনো বদলা নেই, এ তাওয়াফ করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

হজের চতুর্থ দিন

[মিনায় রাতযাপন এবং পাথর নিক্ষেপ]

১১ জিলহজ মিনায় রাতযাপন সুন্নত। এদিন মিনায় তিন শয়তানকে পাথর মারা ওয়াজিব। দুপুরের পর প্রথমে জামারায়ে সুগরা, (মসজিদে খাইফের সন্নিকটে) অতঃপর জামারায়ে উসতা, সর্বশেষ জামারায়ে আকাবায় ৭টি করে মোট ২১টি পাথর নিক্ষেপ করতে হবে। প্রত্যেকটি পাথর নিক্ষেপের সময় তাকবির বলবেন।

হজের পঞ্চম দিন

[মিনায় রাতযাপন এবং পাথর নিক্ষেপ]

১২ জিলহজেও আগের দিনের মতো তিন জামারায় পাথর নিক্ষেপ করা ওয়াজিব। অনেকেই ১২ জিলহজ তাড়াতাড়ি মক্কায় ফিরে যাওয়ার জন্য সূর্য মাথার ওপর উঠার আগেই পাথর নিক্ষেপ করে ফেলেন, অথচ এরূপ করা নাজায়েজ। মনে রাখতে হবে, সূর্য মাথার ওপর থেকে কিছুটা ঢলে যাওয়ার পর পাথর নিক্ষেপ করতে পারবেন। ১২ জিলহজ পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরে যাওয়া জায়েজ, তবে ১৩ জিলহজ পাথর নিক্ষেপ করে তারপর মক্কায় ফিরে যাওয়া উত্তম। ১২ জিলহজ পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরতে চাইলে সূর্যাস্তের আগেই মিনা থেকে বের হয়ে যাবেন। সূর্যাস্তের পর ফিরা মাকরুহ।

মক্কায় পৌঁছার পর বিদায়ী তাওয়াফ ছাড়া হজের আর কোনো জরুরি কাজ বাকি নেই। হজ আদায়ের তাওফিকদানের জন্য আল্লাহ পাকের শোকর, নফল তাওয়াফ, উমরাহ ও অন্যান্য ইবাদত করতে থাকুন।

বিদায়ী তাওয়াফ

মক্কা শরিফ থেকে বিদায়ের আগে বিদায়ী তাওয়াফ (ওয়াজিব) করুন। মাকামে ইবরাহিমে দুরাকাত নামাজ পড়ে মূলতাযাম, কাবার দরজা ও হাতিমে দোয়া করুন; যমযমের পানি পান করেও দোয়া করুন এবং বিয়োগ-বিরহের বেদনা দিয়ে কাবা ঘর থেকে বিদায় নিন। তাওয়াফে বিদা না করলে দম দিতে হবে।


 


ধর্ম এর আরও খবর

img

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : যে নিয়ামত আমরা কখনোই অবহেলা করতে পারি না

প্রকাশিত :  ০৭:১১, ১৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৪, ১৩ মে ২০২৬

শায়খ জামাল আবদিনাসির

আজ আমি এমন একটি মহান নিয়ামতের কথা ভাবতে চাই, যেটার সঙ্গে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় এর মূল্যই অনুভব করি না।এই নিয়ামত আমাদের ধন-সম্পদ, বুদ্ধি, পরিবার বা নিজের চেষ্টার কারণে আসেনি। এটি এসেছে শুধু এই কারণে যে, আল্লাহ আমাদের অন্তরে এটি দান করেছেন।সেই নিয়ামত হলো ইসলাম।

একবার রাসূলুল্লাহ (সা:) তাঁর সাহাবিদের একটি দলকে একসঙ্গে বসে থাকতে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, “তোমরা কেন এখানে একত্রিত হয়েছ? তারা বললেন, “আমরা আল্লাহর প্রশংসা করতে এবং আমাদেরকে ইসলাম ধর্ম দেওয়ার জন্য তাঁর শুকরিয়া আদায় করতে একত্রিত হয়েছি।

রাসূল (সাঃ) তাদের শপথ করে বলতে বললেন যে, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। তারা শপথ করলেন । তখন তিনি বললেন, তিনি সন্দেহের কারণে জিজ্ঞেস করেননি; বরং জিবরীল (আঃ) এসে তাঁকে জানিয়েছেন যে, আল্লাহ তায়ালা তাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করছেন। সুবহানাল্লাহ! শুধু ইসলাম পাওয়ার জন্য আল্লাহর প্রশংসা করার একটি মজলিস এত প্রিয় হয়ে যায় যে, আল্লাহ ফেরেশতাদের সামনে তাদের কথা উল্লেখ করেন।

তাই আমি নিজেকে প্রশ্ন করি, আপনাদেরও প্রশ্ন করি । সর্বশেষ কবে আমি বা আমরা সত্যিকারভাবে আল্লাহকে ধন্যবাদ দিয়েছি আমাকে মুসলিম বানানোর জন্য?

আল্লাহ তায়ালা বলেন, তোমাদের ওপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, তারপর তিনি তোমাদের হৃদয়গুলোকে মিলিয়ে দিলেন, ফলে তোমরা তাঁর অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। সূরা আলে ইমরান।

মসজিদের দিকে তাকান। ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন পরিবার ও সংস্কৃতির মানুষ এক কাতারে দাঁড়ায়। কী আমাদের এক ছাদের নিচে এনেছে? রক্তের সম্পর্ক নয়। ব্যবসা নয়। সংস্কৃতি নয়। ইসলাম আমাদের এক করেছে। আল্লাহ আমাদের হৃদয়গুলোকে মিলিয়েছেন।

আল্লাহ তায়ালা তাঁর রাসূলকে (সাঃ) উদ্দেশ্য করে বলেন, আপনি যদি পৃথিবীর সবকিছু ব্যয় করতেন, তবুও তাদের অন্তর এক করতে পারতেন না। কিন্তু আল্লাহ তাদের অন্তর মিলিয়ে দিয়েছেন। সূরা আনফাল।

এটি এমন একটি জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না। সোনা, রূপা, হীরা কিংবা পৃথিবীর সব সম্পদ দিয়েও কারও অন্তরে ঈমান প্রবেশ করানো সম্ভব নয়। হিদায়াত শুধু আল্লাহর হাতে।

আল্লাহ তায়ালা বলেন, আমি ইচ্ছা করলে প্রত্যেক মানুষকে হেদায়াত দিতাম । সূরা সাজদাহ। তিনি আরো বলেন, আপনার রব ইচ্ছা করলে পৃথিবীর সবাই একসঙ্গে ঈমান আনত। সূরা ইউনুস। এরপর আল্লাহ আরও স্পষ্ট করে বলেন, আল্লাহর অনুমতি ছাড়া কেউ ঈমান আনতে পারে না। সূরা ইউনুস। তাই কখনো মনে করবেন না যে ইসলাম শুধু বংশগতভাবে পেয়েছেন। এটা ভাববেন না, আমি মুসলিম কারণ আমার বাবা-মা মুসলিম।

নাহ। আপনি মুসলিম কারণ আল্লাহ আপনার হৃদয়ে ইসলাম প্রবেশ করতে দিয়েছেন।

এ জন্য আমাদেরকে সর্বদা বিনয়ী থাকতে হবে । কৃতজ্ঞ হতে হবে। আমাদের অন্তরে ভয় জাগানো উচিত,  যদি আমরা এই নিয়ামত হারিয়ে ফেলি! কারণ অনেক মানুষ ইসলাম পেয়েছিল, পরে পথ হারিয়েছে ।

রাসূল (সাঃ) বলেছেন, ঈমান পুরনো কাপড়ের মতো ক্ষয় হয়ে যায় । নতুন কাপড় প্রথমে সুন্দর থাকে। কিন্তু যত্ন না নিলে রং ফিকে হয়ে যায়, বোতাম খুলে যায়, কাপড় দুর্বল হয়ে পড়ে। ঈমানও এমনই। আমি যদি এটাকে রক্ষা না করি, যদি না জানি কোন কাজ ঈমান বাড়ায় আর কোন কাজ কমায়, তাহলে একদিন হয়তো নিজেকে আল্লাহ থেকে দূরে দেখতে পাব।

তাহলে এই নিয়ামত কীভাবে রক্ষা করব? প্রথমত, অন্তরে স্বীকার করতে হবে যে, হেদায়াত আল্লাহর পক্ষ থেকে। আমার নামাজ, আমার ইসলাম, আমার “লা ইলাহা ইল্লাল্লাহ” বলার তাওফিক সবই আল্লাহর দান।

দ্বিতীয়ত, মুখে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বলুন: আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছেন । নিজের দ্বীন নিয়ে কখনো লজ্জা করবেন না । এটাই আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সম্মান।

তৃতীয়ত, এই নিয়ামতকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করতে হবে । যখন আমি কাজ ফেলে জুমআর জন্য আসি, যখন সালাতে দাঁড়াই, যখন “আল্লাহু আকবার” বলে দুনিয়াকে পেছনে ফেলে দিই- তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। কারণ প্রকৃত কৃতজ্ঞতা হলো ইবাদত।

রাসূল (সাঃ) এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে তাঁর পা ফুলে যেত । তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি (সাঃ) বলতেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? এটাই একজন মুমিনের মানসিকতা । এর পাশাপাশি সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তিনি আমাদের ইসলাম অটুট রাখেন ।

ইবরাহিম (আঃ) ও ইসমাঈল (আঃ) দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত মুসলিম বানিয়ে দিন । সূরা বাকারা । ইউসুফ (আঃ) বলেছিলেন, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইউসুফ।

আল্লাহ তায়ালা রাসূল (সাঃ)কে নির্দেশ দিয়েছেন ঘোষণা করতে যে, তাঁর জীবন ও মৃত্যু আল্লাহর জন্য এবং তিনি মুসলিমদের অন্তর্ভুক্ত। (সূরা আনআম, ৬:১৬২–১৬৩)। আর আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলেন, তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান। আমরা কেউই আমাদের নিজের মৃত্যুর সময় নিয়ন্ত্রণ করি না। কিন্তু আমরা কী চাইব, কী চেষ্টা করব এবং কতটা কৃতজ্ঞ হব- তা আমাদের হাতে।

তাই আসুন, ইসলামের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি । আমাদের ঈমানকে রক্ষা করি।

গর্বের সঙ্গে ইসলামের কথা বলি । আমাদের অঙ্গ-প্রত্যঙ্গকে ইবাদতে ব্যবহার করি।

এবং বারবার আল্লাহর কাছে দোয়া করি — যেন তিনি আমাদের মুসলিম হিসেবে বাঁচান, মুসলিম হিসেবে মৃত্যু দেন, মুসলিম হিসেবে পুনরুত্থিত করেন এবং মুসলিম হিসেবেই জান্নাতে প্রবেশ করান।

হে আল্লাহ, আপনি যেভাবে আমাদের অযোগ্য হওয়া সত্ত্বেও ইসলাম দান করেছেন, আমাদের গুনাহের কারণে তা আমাদের হৃদয় থেকে কেড়ে নেবেন না ।

হে আল্লাহ, আমাদের ঈমানকে হেফাজত করুন, আমাদের অন্তরে তা নতুন করে জাগ্রত করুন, আমাদেরকে সত্যের ওপর ঐক্যবদ্ধ রাখুন এবং আমাদের শেষ কথা যেন হয় 'লা ইলাহা ইল্লাল্লাহ'। আমীন।

শায়খ জামাল আবদিনাসির : ইস্ট লন্ডন মসজিদের অতিথি খাতিব । ৮ মে, শুক্রবার ২০২৬