img

লন্ডনে সংবাদ সম্মেলনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের জোর দাবী

প্রকাশিত :  ১৩:৪৯, ১০ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৮:৪৭, ১১ জুন ২০২৫

লন্ডনে সংবাদ সম্মেলনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের জোর দাবী

লন্ডন বাংলা প্রেসক্লাবে এক জোরালো সংবাদ সম্মেলনে প্রবাসীদের নাগরিক অধিকার এবং বিশেষ করে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে’-এর আহ্বায়ক মুহাম্মদ বেলায়েত হোসাইন।

গতকাল সোমবার (৯ জুন) লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি বলেন, “দেড় কোটি প্রবাসী বাংলাদেশীর পক্ষে আমরা আজ সরকারের কাছে একটি মৌলিক নাগরিক অধিকার, ভোটাধিকার, বাস্তবায়নের দাবি জানাতে এসেছি। দীর্ঘ ৫৪ বছর ধরে এই দাবি শুনেই আসছি, কিন্তু কোনো সরকারই এটি বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ নেয়নি।”

তিনি আরও বলেন, “একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণকারী বর্তমান দলনিরপেক্ষ সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস শাসনব্যবস্থায় ব্যাপক সংস্কার আনতে উদ্যোগী হয়েছেন। আমরা এই সংস্কার প্রয়াসকে সাধুবাদ জানাই এবং বিশ্বাস করি, এই সরকারই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।”


ড. ইউনুসের আসন্ন লন্ডন সফর প্রসঙ্গে বেলায়েত হোসাইন বলেন, “প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনুসের বৃটিশ রাজপরিবারের আমন্ত্রণে লন্ডন সফর প্রবাসীদের জন্য গর্বের। এই সফর যেমন সম্মানের, তেমনি এটি প্রবাসীদের দাবিগুলো পৌঁছে দেওয়ারও সুযোগ।”

সংবাদ সম্মেলনে বলা হয়, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশ অর্থনীতির ‘অক্সিজেন’। অথচ এই বিশাল জনগোষ্ঠী দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণের ন্যূনতম অধিকার — ভোটাধিকার — থেকে বঞ্চিত।

তিনি বলেন, “যুক্তরাজ্য, ইউরোপ ও তুরস্কসহ বহু দেশে প্রবাসীরা নিজ নিজ দেশের নির্বাচনে ভোটাধিকার ভোগ করে থাকেন। বাংলাদেশ সরকারও চাইলে এমন ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে পারে। এটি কেবল আন্তরিকতার বিষয়।”


বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে বলা হয়, “৭১-এর যুদ্ধে যেমন যুক্তরাজ্যের প্রবাসীরা বিশ্বজনমত গঠন ও অর্থ সংগ্রহে ভূমিকা রেখেছেন, ঠিক তেমনি আজও দেশের সংকটে প্রবাসীরা পাশে থেকেছেন। বিগত আন্দোলনেও প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদ জানিয়েছে। এখন আর অবহেলার সুযোগ নেই।”

সাংবাদিকদের উদ্দেশে বেলায়েত হোসাইন বলেন, “আপনারাই জাতির চেতনার কণ্ঠস্বর। আমাদের এই দাবি সরকার পর্যন্ত পৌঁছে দিতে আপনাদের সহায়তা প্রয়োজন।”

সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি প্রবাসীদের উদ্দেশে আহ্বান জানান, “আমরা যারা দেশের বাইরে রয়েছি, তারা যেন একসঙ্গে থেকে নাগরিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকি। সরকারের প্রতি সহযোগিতা বজায় রেখেই এই ন্যায্য দাবি আদায়ে সোচ্চার হই।”

উপস্থিত সকলকে স্বাগত জানান প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জজ মোহাম্মদ বেলায়েত হোসেন। পরিষদের লিখিত বক্তব্য পড়ে শোনান যুগ্ন আহবায়ক ব্যারিস্টার নাজির আহমেদ । সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম শাহীন, অন্যতম সদস্য সাংবাদিক অলিউল্লাহ নোমান, ব্যারিস্টার ইকবাল হোসাইন, ডঃ শামসুল আলম গোলাপ, ডক্টর মোজাম্মেল হুসাইন, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ প্রমূখ। লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের নেতৃবৃন্দ।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে জাঁকজমক আয়োজনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত

প্রকাশিত :  ১০:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

জাঁকজমক আয়োজনে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রাম প্রবাসীদের সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানকে কেন্দ্র করে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে পরিবার নিয়ে ছুটে আসেন গ্রামের বাসিন্ধারা। গত সোমবার বিকালে লন্ডনে ইলফুডের একটি হলে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. শাফি আহমদ। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন যুক্তরাজ্যে ভারতীয় উপমহাদেশের প্রথম নারী ও বাংলাদেশি-ব্রিটিশ বিচারপতি ব্যারিস্টার স্বপ্নারা খাতুন। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গাণিতিক কম্পিউটিং ও ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার প্রতিষ্ঠান ম্যাথওয়ার্কস-এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমদ, বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ও সমাজসেবক ডা. আলাউদ্দিন আহমদ, বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ মারুফ আহমদ চৌধুরী ।

ট্রাস্টের সভাপতি মাহতাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছরওয়ার আহমদ।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী কাজে অবদান রাখা সমাজকর্মীদের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত দুই সংগঠনের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তাদের অতিথিদের মাধ্যমে স্মারক সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের প্রয়াত পিতা-মাতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বক্তারা মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শিক্ষা ও মানবিক সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, সংগঠনটি নবীন-প্রবীণের সমন্বয়ে যুক্তরাজ্যে ও বাংলাদেশে একযোগে কাজ করে যাচ্ছে, যা কমিউনিটিতে অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন সহ-কোষাধ্যক্ষ এবিএম নাছিম।

বক্তব‍্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম জুয়েল, একাউন্ট‍্যান্ট মো:সাহেদ হোসেন, ফজির উদ্দিন তপাদার,সুলতান আহমদ,তুতিউর রহমান তোতা,আক্তার হোসেন বাবলু,উজ্জল চৌধুরী।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার ফারুজা হুমায়েরা ইসলাম,প্রকৌশলী সানজিদা হক, ডাক্তার হানিফ আহমদ, সলিসিটর আরিফ আহমদ, আইটি নেটওয়ার্ক সিস্টেম সিকিউরিটি ম‍্যানেজার মাহদী হোসেন চৌধুরী প্রমূখ।

অতিথিবৃন্দ ব্রিটেনের ডায়াসপোরা কমিউনিটিতে এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের আয়োজন ব্রিটেনে বাংলাদেশি-ব্রিটিশ নতুন প্রজন্ম ও প্রবীণদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন তৈরি করবে, পাশাপাশি বাংলাদেশের শিকড় ও সংস্কৃতির সঙ্গে তাদের সুগভীর সম্পর্ক গড়ে তুলবে, যা বহুজাতিক ও বহুসংস্কৃতির ব্রিটেনে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।


কমিউনিটি এর আরও খবর