img

শ্রীমঙ্গলে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

প্রকাশিত :  ১০:৪০, ০৫ অক্টোবর ২০২৫

শ্রীমঙ্গলে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

সংগ্রাম দত্ত: চারিদিকে পাহাড়, বনাঞ্চল, হাওর ও চা বাগান বেষ্টিত শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগান থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে। 

জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২.৩০ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানে সেকশনে কর্মরত চা শ্রমিকরা চাপাতা তোলার সময় হঠাৎ লেকের পাড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে  সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে ফেলে। পরবর্তীতে বাগানের শ্রমিকরা গিয়ে চা বাগানের ম্যানেজারকে বিষয়টি জানালে তিনি বলেন, “আপনারা কাজ করেন, আমি বিষয়টি দেখছি।”

এরপর ভাড়াউড়া চা বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুল রহমান  ও খাইছড়া চা বাগান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ  বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


সিলেটের খবর এর আরও খবর

img

চা বাগান থেকে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১৫:১০, ১৬ আগষ্ট ২০২৬

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চাবাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের উভয়ের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার এসআই আমির হোসেন।

জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহাদার স্বপন রাজভর দেখতে পান চা বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছের সঙ্গে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু তাদের উভয়েই বিবাহিত ও সন্তান ছিল। এই বিবাহের জের ধরে তাদের পরিবারে কলহের তৈরি হয়। একপর্যায়ে মঙ্গল বাউরী নতুন স্ত্রীকে নিয়ে মাথিউড়া চা বাগানের নিমগাছের সঙ্গে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে।

সিলেটের খবর এর আরও খবর