img

একদিনে কুমিল্লায় সড়কে ঝরল ৫ প্রাণ

প্রকাশিত :  ০৯:৫৭, ০১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:০১, ০১ এপ্রিল ২০২৬

একদিনে কুমিল্লায় সড়কে ঝরল ৫ প্রাণ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

আজ বুধবার (১ এপ্রিল) ভোররাত থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি, নিমসার ও চান্দিনা এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

ভোররাতে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। নিহতরা হলেন, উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।

একই ঘটনায় আহত হন নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালিত একটি অটোরিকশায় ছয়জন যাত্রী বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কে উল্টো পথে পারাপারের চেষ্টা করলে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্যরা আহত হন। 

নিহতদের স্বজনরা জানান, তারা মতলবের বেলতলী এলাকায় একটি মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

এর কয়েক ঘণ্টা আগে ভোর ৩টা ৪৫ মিনিটে কুমিল্লার নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে আরেকটি দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম মইন(২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫)।

ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী লেনে সংঘটিত এ দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে কাজ চলছে।

এদিকে আজ সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় সড়ক পারাপারের সময় লরিচাপায় প্রাণ হারায় নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইউটার্নে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী ঘাতক লরিটি আটক করে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন পৃথকভাবে জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ এর আরও খবর

img

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত

প্রকাশিত :  ০৫:২৫, ১৪ মে ২০২৬

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাস্থ ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে একটি গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মুলাদ্দা নামক এলাকায় বুধবার (১৩ মে) গাড়ির এসির বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

তাদের মৃত্যুর বিষয়টি ওমানে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে। নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে এবং চারজনই ওমানে কর্মরত ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, ওই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এ ঘটনায় রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।