img

কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ: টাওয়ার হ্যামলেটস পাবলিক হেলথ স্বেচ্ছাসেবী খুঁজছে

প্রকাশিত :  ১৪:৪৯, ০২ জুন ২০২৬

কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ: টাওয়ার হ্যামলেটস পাবলিক হেলথ স্বেচ্ছাসেবী খুঁজছে

টাওয়ার হ্যামলেটস পাবলিক হেলথ বিভাগ স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং চ্যাম্পিয়ন নিয়োগ দিতে চাইছে। এটি একটি বিশেষ সুযোগ তাদের জন্য যারা নিজেদের এলাকার মানুষের স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে চান এবং সমাজের জন্য অর্থবহ কিছু করতে আগ্রহী।

টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি হেলথ চ্যাম্পিয়নরা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করেন। এই পদে নিযুক্ত স্বেচ্ছাসেবীরা এলাকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পৌঁছে দেবেন এবং তাদের প্রয়োজনীয় সেবা খুঁজে পেতে সাহায্য করবেন। তারা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন, তাদের মতামত ও অভিজ্ঞতা শুনবেন, স্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে মতামত সংগ্রহ করবেন এবং স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও হেলথ ফেয়ারে অংশগ্রহণ করবেন।

চ্যাম্পিয়নরা বাসিন্দাদের সঙ্গে নানা স্বাস্থ্য বিষয়ে কথা বলবেন, যার মধ্যে রয়েছে মদ্যপান কমানো, ধূমপান ছেড়ে দেওয়া, স্থূলতা বা মুটিয়ে যাওয়া সমস্যা মোকাবেলা, মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং রক্তচাপ পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। কমিউনিটি পর্যায়ে এই ধরনের কাজ টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ ও ফুসফুসের অসুখ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টাওয়ার হ্যামলেটসের মতো একটি বৈচিত্র্যময় ও ঘনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্য বৈষম্য কমাতে এই ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

এই পদের জন্য আগে থেকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নির্বাচিত সকল ভলান্টিয়ার্স অর্থাৎ স্বেচ্ছাসেবীকে স্বীকৃত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এই ধরনের স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়ার মাধ্যমে নতুন দক্ষতা অর্জন ও বিদ্যমান দক্ষতার বিকাশ ঘটানো সম্ভব এবং এটি মূল্যবান কর্মঅভিজ্ঞতাও প্রদান করে। আগ্রহী ব্যক্তিকে অবশ্যই বন্ধুত্বপূর্ণ স্বভাবের হতে হবে এবং নিজের কমিউনিটির মানুষের সঙ্গে সহজে মিশতে সক্ষম হতে হবে।

আবেদনের জন্য কিছু সাধারণ শর্ত রয়েছে। প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তাকে প্রতি মাসে ৮ থেকে ১০ ঘণ্টা ভলান্টিয়ার কাজে সময় দিতে সক্ষম হতে হবে। যদি কেউ বাংলা, সোমালি বা অন্য কোনো কমিউনিটি ভাষায় কথা বলতে পারেন, তাহলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে, তবে এটি বাধ্যতামূলক নয়। বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের অনুসারী গোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য বৈষম্য কমাতে কাজ করা এই ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই কার্যক্রমটি বারার স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে শক্তিশালী করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ, যেখানে স্থানীয় বাসিন্দারাই নিজেদের কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় মূল ভূমিকা পালন করেন।

আগ্রহীদের আগামী ৭ জুন ২০২৬ - এর মধ্যে আগ্রহ প্রকাশ করতে হবে। আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: vcconnectsystem.org.uk/TowerHamletsVMS2/VolunteerOpportunities/DetailsForSearch/5300 অথবা কমিউনিটি হেলথ টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।

এটি শুধু একটি স্বেচ্ছাসেবী পদ নয়, এটি নিজের এলাকার মানুষের জন্য প্রকৃত পরিবর্তন আনার একটি সুযোগ। টাওয়ার হ্যামলেটসের যেকোনো বাসিন্দা যিনি মানুষের কল্যাণে কাজ করতে চান, তার জন্য এই সুযোগ উন্মুক্ত।

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন

প্রকাশিত :  ০৫:২২, ১৭ জুন ২০২৬

যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ি উপজেলাবাসীদের সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ জুন পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়। 

সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সমর্থনের ভিত্তিতে আকতারুল আলম প্রেসিডেন্ট, শেখ মোহাম্মদ নাছের জেনারেল সেক্রেটারি এবং এমদাদ হোসেন ট্রেজারার নির্বাচিত হন।

সংগঠনের আহ্বায়ক কাজী ফয়েজুল আলমের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক ফটিকছড়িবাসী অংশগ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজমল করিম জুয়েল। 

সাধারণ সভার দ্বিতীয় পর্বে ফটিকছড়ি কমিউনিটি ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এ পর্ব পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য সলিসিটর জাকির আলম এবং মোহাম্মদ ইসাক চৌধুরী। 

সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন আলী রেজা, অনুপম সাহা, ইব্রাহিম জাহান, আজমল করিম জুয়েল, জাহেদুল আলম মাসুদ, মোহাম্মদ আলম, সৈয়দ রাসেল, মীরা বড়ুয়া, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, ওয়াহিদ পারভেজ, ইসা খান, আলতাফ হোসেন, শাহাব উদ্দিন, কামাল উদ্দিন, সৈয়দ সাজ্জাদ ফজল, মোহাম্মদ সিদ্দিক, পেয়ারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ রানাসহ আরো অনেকে। 

সভায় সংগঠনের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি শেখ মোহাম্মদ নাছেরের বোনের মৃত্যুতে দোয়া পরিচালনা ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। 

নবনির্বাচিত নেতৃবৃন্দ কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফটিকছড়িবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে ফটিকছড়ির মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে ফটিকছড়ি কমিউনিটি ইউকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

কমিউনিটি এর আরও খবর