টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলোতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়নে ৪ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ
টাওয়ার হ্যামলেটস বারার স্কুলগুলোতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নত করতে £৪.৮ মিলিয়ন বিনিয়োগ থেকে বিশেষ শিক্ষাগত চাহিদা ও প্রতিবন্ধিতা (এসইএনডি বা সেন্ড) সম্পন্ন শিশু ও তরুণরা উপকৃত হবে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পরিচালিত এই কর্মসূচিটি স্থানীয়ভাবে এ ধরনের প্রথম উদ্যোগ, যা স্কুলের পরিবেশে বিভিন্ন উন্নয়ন সাধনে সহায়তা করবে, যাতে অতিরিক্ত চাহিদাসম্পন্ন আরও বেশি শিক্ষার্থী মূলধারার স্কুলে শিখতে, বিকশিত হতে এবং সফল হতে পারে।
এই বিনিয়োগের মাধ্যমে স্কুলগুলোতে নতুন ও উন্নত অন্তর্ভুক্তিমূলক সুবিধা তৈরি করা হবে, যার মধ্যে থাকবে সেন্সরি রুম, থেরাপিউটিক সুবিধা, এডাপ্টেড ক্লাসরুম বা অভিযোজিত শ্রেণিকক্ষ এবং অ্যাক্সেসিবিলিটি উন্নয়ন। এসব উদ্যোগ স্কুলগুলোকে আরও বিস্তৃত চাহিদা পূরণে সহায়তা করবে এবং শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে।
ইতোমধ্যে ৩০টিরও বেশি স্কুল বিভিন্ন প্রকল্পের প্রস্তাব জমা দিয়েছে, যা এটাই দেখায় যে শিশুদের নিজ নিজ এলাকার কাছাকাছি থেকে সহায়তা পাওয়ার জন্য এই ধরনের সুবিধার চাহিদা কতটা বেশি।
এই কর্মসূচি শিশু ও তরুণদের শিক্ষাগত ফলাফল উন্নত করতে, দূরবর্তী যাতায়াতের প্রয়োজন কমাতে এবং পরিবারগুলোকে তাদের সন্তানের শিক্ষার জন্য আরও বেশি বিকল্প প্রদান করতে সহায়তা করবে।
টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “প্রতিটি শিশুরই নিজের এলাকার কাছাকাছি একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক স্কুলে বিকশিত হওয়ার সুযোগ পাওয়া উচিত। এই £৪.৮ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ আমাদের বারার শিশু ও পরিবারগুলোর জন্য বাস্তব পরিবর্তন আনবে। এটি সুবিধা উন্নত করবে, অন্তর্ভুক্তি জোরদার করবে এবং আরও বেশি সংখ্যক সেন্ড-সম্পন্ন কিশোর-তরুণকে মূলধারার শিক্ষায় সফল হতে সহায়তা করবে।”
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিলড্রেন, ইয়ূথ এন্ড লাইফ চান্সেস (শিশু, তরুণ ও জীবন সম্ভাবনা) বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, “এই কর্মসূচিটি স্কুলগুলো সেন্সরি স্পেস থেকে শুরু করে অভিযোজিত শ্রেণিকক্ষ পর্যন্ত যে বাস্তব উন্নয়নের প্রয়োজনীয়তার কথা আমাদের জানিয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যেই নেওয়া হয়েছে। অন্তর্ভুক্তিমূলক পরিবেশে বিনিয়োগের মাধ্যমে আমরা স্কুলগুলোকে আরও বিস্তৃত চাহিদা পূরণে সহায়তা করছি এবং নিশ্চিত করছি যে আরও বেশি শিশু তাদের জন্য উপযুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে।”
এই কর্মসূচি কাউন্সিলের বৃহত্তর অঙ্গীকারের অংশ, যার লক্ষ্য হচ্ছে স্থানীয় সেন্ড সেবা জোরদার করা এবং শিশু ও তরুণদের উন্নত ফলাফল নিশ্চিত করা।
গত মার্চে হারমিটেজ প্রাইমারী স্কুলে একটি আধুনিক অটিজম রিসোর্স সুবিধা চালু হয়েছে, যা প্রাথমিক স্তরের অটিজম সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত সহায়তা প্রদান করে।
এছাড়াও কাউন্সিল ১৬-২৫ বছর বয়সী সেন্ড-সম্পন্ন তরুণদের জন্য ৯ লাখ পাউন্ড এবং ১৮-৩০ বছর বয়সী সেন্ড- সম্পন্ন তরুণদের জন্য অতিরিক্ত ৫ লাখ পাউন্ড বিনিয়োগ করেছে। এই অর্থায়ন তরুণদের জীবন দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে প্রবেশে সহায়তা করবে।
প্রকল্পগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, যেখানে স্কুলগুলো তাদের কমিউনিটির চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাউন্সিলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এই £৪.৮ মিলিয়ন বিনিয়োগ হাই নিডস্ প্রভিশন ক্যাপিটাল এলোকেশন বা এইচএনপিসিএ থেকে এসেছে।



















