img

শ্রীমঙ্গলে পৃথক দুই স্থান থেকে উদ্ধার দুই সাপ, একটি পিটিয়ে হত্যা

প্রকাশিত :  ১২:২৩, ৩১ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে পৃথক দুই স্থান থেকে উদ্ধার দুই সাপ, একটি পিটিয়ে হত্যা

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুটি বিষহীন সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এর আগে একটি ঘটনায় স্থানীয়দের আতঙ্কে একই প্রজাতির আরেকটি সাপ পিটিয়ে মারা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের নির্মাই শিববাড়ি সড়কসংলগ্ন একটি ধানক্ষেতে স্থানীয় লোকজন দুটি সাপ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে ভিড় জমে যায়। এ সময় আতঙ্কিত কয়েকজন একটি সাপ পিটিয়ে হত্যা করেন।

ঘটনাস্থলে উপস্থিত মোজাহিদ মিয়া অন্য সাপটি না মারার জন্য উপস্থিত লোকজনকে অনুরোধ করেন। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সাপটি একটি বিষহীন দাঁড়াইশ। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

একই দিন দুপুর ১২টার দিকে শহরের সাগরদিঘী সড়কের দীপালী এন্টারপ্রাইজে আরেকটি সাপ দেখতে পান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পীযূষ পাল। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে একই দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করে। পরে সেটিও বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার হওয়া দুটি সাপের একটি দাঁড়াইশ এবং অন্যটি ঘরগিন্নি। উভয় প্রজাতির সাপই বিষহীন এবং সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। এসব সাপ ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি সাপ দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, সচেতনতা বাড়লে অপ্রয়োজনীয়ভাবে বন্যপ্রাণী হত্যার ঘটনা কমে আসবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ সহজ হবে।


সিলেটের খবর এর আরও খবর

img

জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুকের নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ

প্রকাশিত :  ১২:৩৭, ৩১ জুলাই ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় চলাচলকারী টমটম, ইজিবাইক ও মিশুকের নতুন প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে জগন্নাথপুর পৌরসভা। পৌরসভা কার্যালয় থেকে এ ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।

সম্প্রতি পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের স্বাক্ষরে এই ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। পৌর এলাকার বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুবিধার্থে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ভাড়া প্রস্তাব করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, পৌর পয়েন্ট থেকে বিভিন্ন গন্তব্যের মধ্যে কবিবপুর ২০ টাকা, শেরপুর দরছ মার্কেট ১৫ টাকা, বৈঠাখালী ১০ টাকা, হবিবনগর ১০ টাকা, হাসপাতাল ১০ টাকা, কেশবপুর বাজার ১৫ টাকা, কেশবপুর পৌর সীমানা ৩০ টাকা, হবিবপুর মাদ্রাসা ১৫ টাকা, ভবের বাজার ২৫ টাকা, শাসনহবি ৩০ টাকা, দীঘির পাড় ১০ টাকা, মমিনপুর ২০ টাকা, বটেরতল ১০ টাকা, পূর্ব ভবানীপুর ১০ টাকা, কলেজ ছাত্রছাত্রীদের জন্য ১০ টাকা, বাসুদেব বাড়ী ১০ টাকা, শেরপুর আলাউদ্দিন মিশনঘর ১৫ টাকা, হবিবপুর দক্ষিণপাড়া ১০ টাকা, কাটা গাংগের বীজ ২০ টাকা এবং কেশবপুর উত্তরপাড়া ২০ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে।

এছাড়া অন্যান্য রুটগুলোর মধ্যে সুইচ গেইট থেকে বাস স্টেশন ১০ টাকা, ইকড়ছই মাদ্রাসা থেকে বৈঠাখালী ১০ টাকা, মডেল স্কুল থেকে হাসপাতাল ১০ টাকা, মডেল স্কুল থেকে বাজার ১০ টাকা এবং ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে ইসলামপুর ৫ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। যেকোনো রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জগন্নাথপুর পৌরবাসীর মতামতের জন্য ভাড়ার তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতামত বিবেচনার পর এই তালিকা চূড়ান্ত অনুমোদন পাবে।

সিলেটের খবর এর আরও খবর