img

সিলেটের প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: ডিসি মামুন

প্রকাশিত :  ১৩:১৬, ২৩ জুলাই ২০২৬

 সিলেটের প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: ডিসি মামুন

প্রবাসী বাংলাদেশিদের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আগ্রহী প্রবাসীরা চাইলে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন প্রবাসীদের নিরাপত্তা ও বাড়ি পাহারার জন্য আনসার সদস্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বুধবার ওসমানীনগর উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন ও্একাধিক অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক। এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রবাসীবহুল এলাকা সিলেটের প্রবাসীদের অনেক বাড়ি ফাঁকা পড়ে থাকে। অনেক সময় তাদের বাসাবাড়ি ও জমি বেদখল হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। দেশে থাকা নিজেদের সম্পদের নিরাপত্তার ব্যাপারে প্রবাসীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।

এ প্রসঙ্গে বুধবার জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের হয়রানি ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে আনসার সদস্য নিয়োগের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কের সংস্কারকাজ চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া এবং সাদিপুর ইউনিয়নের গজিয়া এলাকার জমি অধিগ্রহণের কাজ চলছে। যেসব জমির মালিক ক্ষতিপূরণের আবেদন করবেন, তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের প্রাপ্য মূল্য পাবেন।

বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছে তা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাসেবা অফিসের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণে অংশ নেন।

১১ টায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস, সাড়ে ১২টায় তাজপুর ইউনিয়ন ভূমি অফিস এবং বেলা ১টায় ওসমানীনগরের এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন।

সফরকালে উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, জনসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার বলেন, ডিসি মহোদয় এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

গত ১৩ জুলাই সিলেটের জেলা প্রশা্সক হিসেবে যোগ দেন আব্দুল্লাহ আল মামুন।

সিলেটের খবর এর আরও খবর

img

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে বহিষ্কারের সুপারিশ

প্রকাশিত :  ১৩:৩৪, ২৩ জুলাই ২০২৬

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতারা। একই সঙ্গে চলমান অভ্যন্তরীণ বিরোধের মধ্যেই অপর পক্ষ বৃহস্পতিবার পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ২৩ সদস্য বহিষ্কারের সুপারিশসংবলিত চিঠিতে স্বাক্ষর করেন। গত সোমবার জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন মিলন ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হকের কাছে চিঠিটি পাঠানো হয়।

স্থানীয় বিএনপির নেতারা জানান, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময় থেকে দিরাই উপজেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তাদের অভিযোগ, সংসদ সদস্যকে ঘিরে একটি ছোট্ট গ্রুপ দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করছে এবং সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িত রয়েছে।

এর আগে গত ৬ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনসহ চার নেতা সংবাদ সম্মেলন করেন। অভিযোগ রয়েছে, ওই সংবাদ সম্মেলনের বিষয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যকে অবহিত করা হয়নি। এর প্রতিবাদে ১৬ জুলাই উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতির অভিযোগ এবং অতীতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ এনে আমির হোসেন ও হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে উপজেলা ও পৌর বিএনপির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে, চলমান বিরোধের মধ্যেই গত রোববার ঢাকায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। ঢাকা থেকে ফিরে তারা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠক থেকে বৃহস্পতিবার \'উন্নয়ন অগ্রযাত্রার সমাবেশ\' নামে একটি পাল্টা সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন বলেন, স্থানীয় এমপি ও সরকারের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতেই বৃহস্পতিবার উন্নয়ন অগ্রযাত্রার সমাবেশের আয়োজন করা হয়েছে।

অপরদিকে পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা বিএনপি।


সিলেটের খবর এর আরও খবর