ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল
ভারতের মুম্বাইয়ে মডেল-অভিনেত্রী অন্তরা ব্যানার্জির বিরুদ্ধে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে তর্কাতর্কির জেরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে মুম্বাই রেলওয়ে পুলিশ। পুলিশের দাবি, তর্কাতর্কির একপর্যায়ে পোশাক খুলে ব্লেড হাতে আরপিএফ কর্মীদের ভয় দেখান তিনি এবং এক কর্মকর্তাকে আঘাতও করেন।
গত ১২ আগস্ট আরাবল্লী এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এ ঘটনা ঘটে। শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তার কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকলেও তিনি সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উঠে পড়েছিলেন বলে অভিযোগ। Time& Calendars
পুলিশের এফআইআরের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিভলি ও দাহানুর মধ্যবর্তী এলাকায় এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তিনি আসন ছাড়তে অস্বীকার করলে ওই যাত্রী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আরপিএফকে জানান।
এরপর আরপিএফের সহকারী উপপরিদর্শক যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, এ সময় অন্তরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
পুলিশের দাবি, একসময় নিজের পোশাক খুলে হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে শুরু করেন অভিনেত্রী। অভিযোগ, ওই ব্লেড দিয়ে এক কর্মকর্তাকে আঘাতও করেন তিনি। এ ঘটনায় অন্তরাও আহত হন।
যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, অন্তরা তার পোশাক ও মোবাইল ফোনও নষ্ট করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পরে কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, তখন কামরা থেকে বের হওয়ার জন্য জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন অন্তরা। পরে দাহানু স্টেশনে তাকে ট্রেন থেকে নামিয়ে সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) হাতে তুলে দেওয়া হয়।
পুরো ঘটনা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বলে জানা গেছে। এ সময় ট্রেনের অন্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বোরিভলি রেলওয়ে পুলিশ অন্তরা ব্যানার্জিকে হেফাজতে নেয়। পুলিশ সূত্রের দাবি, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিট না পাওয়ায় অভিনেত্রী সম্ভবত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে তার আচরণ ও হামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।



















