img

জগন্নাথপুরে কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ

প্রকাশিত :  ১১:০২, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুরে কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের কাজ না করেই অসম্পূর্ণ ভাউচার দাখিল করে টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত ৯ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশপ্রাপ্ত বিদ্যালয়গুলো হলো- আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলবাক (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র মেরামত কাজের জন্য উক্ত ৯টি বিদ্যালয়ের বিপরীতে মোট ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী প্রতিটি বিদ্যালয় ১ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ পায়, যা দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার কাজ সম্পন্ন করার কথা ছিল। তবে কোনো প্রকার কাজ সম্পন্ন না করেই বরাদ্দকৃত অর্থ তুলে নিতে শিক্ষকরা ভুয়া ভাউচার জমা দেন বলে তদারকিতে উঠে আসে।

গত ৩ সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর আলম স্বাক্ষরিত ওই নোটিশে আগামী ৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে কুবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেশ দাস এবং মক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজ্জন বর্মন দাবি করেন, তারা বিদ্যালয়ে সংস্কার কাজ শেষ করার পরই ভাউচার জমা দিয়েছিলেন।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর আলম বলেন, ‘সরকারি বরাদ্দের স্বচ্ছতা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কাজ না করেই অফিসে ভাউচার জমা দেওয়ার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে শোকজের সন্তোষজনক জবাব পাওয়া না গেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিলেটের খবর এর আরও খবর

img

হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

প্রকাশিত :  ১০:৫৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:০০, ০৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকা থেকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

নিখোঁজ চার শিশু হলো—ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।

নিখোঁজ শিশুদের স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও স্থানীয় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজ চার শিশুর সন্ধানে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ স্থানীয় সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

সিলেটের খবর এর আরও খবর