img

ইরান-যুক্তরাষ্ট্র ৩ ঘণ্টার বৈঠক: হরমুজ প্রণালি সচলে যে শর্ত দিল তেহরান

প্রকাশিত :  ১৪:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র ৩ ঘণ্টার বৈঠক: হরমুজ প্রণালি সচলে যে শর্ত দিল তেহরান

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ বৈঠক হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে কয়েক ঘণ্টা ধরে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করা নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি হয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যস্থতাকারীরা পুরো সময় ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বার্তা বিনিময় করেছেন। এক্সে দেওয়া পোস্টে উইটকফ বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদ বৈঠকের ফাঁকে আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। তারা (মধ্যস্থতাকারী) দিনজুড়ে দুই পক্ষের মধ্যে যাতায়াত করেছেন।’

উইটকফ আরও লিখেছেন, ‘তারা সফলভাবে এক দফা আলোচনা শেষ করেছেন। আমরা আশা করি, এটি গঠনমূলক ও আশাব্যঞ্জক হবে। মধ্যস্থতাকারীরা তাদের কাজ চালিয়ে যাবেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য আরও সরাসরি বক্তব্য দিয়েছেন। জাতিসংঘে তিনি সাংবাদিকদের বলেন, উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি কর্মকর্তাদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেছেন। তাদের খুব ভালো বৈঠক হয়েছে। খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে চুক্তির দিকে এগিয়ে যাওয়ার গতি এসেছে বলে তিনি মনে করেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি কিম্বার্লি হ্যালকেট জানিয়েছেন, ট্রাম্প বৈঠকে ছিলেন না। যুক্তরাষ্ট্রের পক্ষে উইটকফ ও কুশনার প্রতিনিধিত্ব করেন।

তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি জানান, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে উইটকফের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল না। এখন যুক্তরাষ্ট্রের অনুরোধে বৈঠকটি হয়েছে। উদ্দেশ্য ছিল ইরানের বার্তা ও শর্তগুলো জানা। বিশেষ করে হরমুজ প্রণালি খোলার বিষয়ে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের দেওয়া শর্তের মধ্যে আছে- যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, আটকে রাখা ইরানি সম্পদ ছাড় এবং প্রতিরোধ ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

এই বৈঠকের আগে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছিলেন এক জ্যেষ্ঠ ইরানি সূত্র। তিনি জানিয়েছিলেন, কূটনীতি এগিয়ে নেওয়ার জন্য নিউইয়র্কে থাকা প্রতিনিধিদলের পূর্ণ ক্ষমতা আছে। আলোচনায় ফেরার জন্য এবারের জাতিসংঘ অধিবেশন একটি স্বর্ণালী সুযোগ।

রয়টার্সকে ওই সূত্র জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ১৬ সেপ্টেম্বর ওয়াশিংটনের কাছে একটি প্রস্তাব দিয়েছে তেহরান। যুদ্ধ বন্ধে সম্ভাব্য একটি চুক্তির বিস্তারিত নানা দিক নিয়ে নিউইয়র্কে আলোচনা হতে পারে। এছাড়া, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে ইরান সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে পারে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন

প্রকাশিত :  ১২:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আরও তিন আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় প্রধান আসামি শরীফের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে একই মামলার আসামি ফাহিম, রাজিব ও এনামুলের বাড়িতে আগুন দেওয়া হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে এলাকাবাসী মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে গিয়ে বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন। তবে হামলার আগেই শরীফের পরিবারের সদস্যরা নিরাপদ স্থানে সরে যান।

পরে সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত আসামি চর কালিবাড়ি এলাকার ফাহিম ও রাজিব এবং আকন্দপাড়া এলাকার এনামুলের বাড়িতে আগুন দেয় স্থানীয়রা।

ওসি জানান, আগুনে চারটি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্য আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।’

মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাঁচ যুবক ৩৮ বছর বয়সী ওই নারীর বাড়িতে গিয়ে পানি চায়। একপর্যায়ে তারা অস্ত্র দেখিয়ে ওই নারী ও তার ছেলেকে জিম্মি করে।

পরে অভিযুক্তরা নগদ ৫ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে চলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়।

পরদিন ওই নারী বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। মামলায় শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুলের (২২) নাম উল্লেখ করা হয়েছে।

মামলার পর শনিবার বিকেলে গফরগাঁও প্রেসক্লাবের সামনে স্থানীয়রা মানববন্ধন করেন। এতে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

পরিবারটির অভিযোগ, পরে তাদের কাছে আরও দুই লাখ টাকা দাবি করে অভিযুক্তরা। বিষয়টি কাউকে জানালে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় রাজিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, ‘অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।’

আন্তর্জাতিক এর আরও খবর