img

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

প্রকাশিত :  ০৮:৪৯, ১৫ অক্টোবর ২০২৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে প্রাণ হারিয়েছে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু আটকা পড়ে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযান দ্রুত শেষ করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।

ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রাদেশিক শিক্ষা বিভাগ।

সূত্র: জিও নিউজ 

আন্তর্জাতিক এর আরও খবর

img

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

প্রকাশিত :  ০৫:০২, ১৫ অক্টোবর ২০২৬

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। তাদের মধ্যে ৩৫০ জনকে ‘কঠোর ও অমানবিক পরিস্থিতিতে’ আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। খবর আল জাজিরার।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের দমনমূলক পদক্ষেপ নিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। এসব পদক্ষেপের শুরু ভয়ভীতি দেখানো ও গ্রেফতারের মাধ্যমে হলেও পরে তা নির্যাতন, অনাহারে রাখা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো পরিস্থিতিতে গড়ায় বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

সংগঠনটির মতে, অভিযোগ গঠন কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক রাখার ইসরাইলি নীতি তাদের অধিকার লঙ্ঘনের পাশাপাশি আরও গুরুতর অপরাধের শামিল।

প্রতিবেদনে বলা হয়, এ ধরনের আটক শিশুদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা ও পারিবারিক জীবন থেকে বঞ্চিত হচ্ছে।

আটক ফিলিস্তিনি শিশুদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

সংগঠনটি বলেছে, নির্বিচারে আটক শিশুদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সংগঠনটির মতে, আটক শিশুদের সুরক্ষা, অধিকার এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রয়োজন।


আন্তর্জাতিক এর আরও খবর