সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ

img

ইসরাইলি দূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দ. আফ্রিকার

প্রকাশিত :  ০৬:২৫, ৩১ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৭, ৩১ জানুয়ারী ২০২৬

ইসরাইলি দূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দ. আফ্রিকার

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরাইলি দূতকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভিযোগ, ওই ইসরাইলি কর্মকর্তা ‘কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন’ করেছেন। তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) জানায়, ইসরাইলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিআইআরসিও’র অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘আক্রমণাত্মক আচরণ’ করেছেন সেইডম্যান। একই সঙ্গে তিনি ইসরাইলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে  ‘ইচ্ছাকৃতভাবে’ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে ব্যর্থ হয়েছেন।

এক বিবৃতিতে বিভাগটি জানায়, ‘এই ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সুযোগ-সুবিধার গুরুতর অপব্যবহার এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘন। এগুলো ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অপরিহার্য আস্থা ও প্রটোকলকে ক্ষুণ্ন করেছে।’

এই ঘোষণার পর ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে। তাকেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল ছাড়তে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন বাইনোভেল্ট। তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি কার্যালয় থেকে কাজ করছেন।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে: ট্রাম্প

প্রকাশিত :  ০৬:৫৬, ২১ এপ্রিল ২০২৬

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রকে অনুসরণ করতে হবে বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২৫ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে যে সামরিক অভিযান পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র— সে কারণেই এই ইউরেনিয়াম পুনরুদ্ধার কঠিন হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি।

“অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করার সময় ইরানের নিউক্লিয়ার ডাস্ট (ইউরেনিয়াম) সংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। এ কারণে এই নিউক্লিয়ার ডাস্ট খুঁড়ে বের করতে হলে বা পুনরুদ্ধার করতে হলে আমদের একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া অনুসরণ করতে হবে”, গতকাল সোমবার হোয়াইটস হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ পরিষদ আইএইএ এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে এবং এই ইউরেনিয়াম ৬০ শতাংশ পরিশুদ্ধ (এনরিচড)। যদি বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে এ ইউরেনিয়াম দিয়ে একের পর পরমাণু বোমা বানাতে পারবে ইরান।

আইএইএ-এর বিবৃতির ৬ দিন পর ইরানের পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। এই সেনা অভিযান শুরুর কয়েক দিন পর ‘অপারেশন মিডনাইট হ্যামার’ শুরু করে যুক্তরাষ্ট্রও।

১২দিন ধরে চলা ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর জেরে ইরানের পরমাণু প্রকল্প সংগ্রান্ত স্থাপনাগুলো প্রায় ধ্বংস হয়ে যায়, কিন্তু দেশটির পরমাণু মজুতের নাগাল পায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল— সেটিরও প্রধান লক্ষ্য ইরানের ইউরেনিয়াম হস্তগত করা।

সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি