কর্তন ছাড়াই সেন্সর সার্টিফিকেশন সনদ পেল ‘দম’
জ্যৈষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ: ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘দম’ কোনো ধরনের কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে। Bangladesh Film Certification Board সিনেমাটিকে ‘ইউ’ (U) ক্যাটাগরিতে সনদ দিয়েছে, যার অর্থ—এটি সব বয়সী দর্শকের জন্য উপযোগী। ফলে ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘দম’ই প্রথম হিসেবে সেন্সর সার্টিফিকেশন সনদ পেল।
সিনেমাটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি । দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় তার প্রত্যাবর্তন হওয়ায় শুরু থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর । শক্তিশালী এই জুটিকে কেন্দ্র করে সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
কোনো দৃশ্য কর্তন ছাড়াই সেন্সর সনদ পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, “সিনেমাটি সব বয়সী দর্শকের দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ‘দম’ সিনেমায় উঠে এসেছে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। পোস্টার ও টিজারে দর্শকের যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। আশা করছি বড় পর্দায় সিনেমাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি অনুপ্রেরণার গল্পও শোনাবে।”
ইতোমধ্যে সিনেমাটির অফিশিয়াল পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় রয়েছে ‘দম’। টিজারে অ্যাকশন, নাটকীয়তা এবং আবেগঘন গল্পের আভাস দর্শকদের মধ্যে সিনেমাটি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শক্তিশালী গল্প, জনপ্রিয় অভিনেতাদের উপস্থিতি এবং নির্মাতার ভিন্নধর্মী নির্মাণশৈলীর কারণে ঈদের সিনেমার প্রতিযোগিতায় ‘দম’ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে। এখন দর্শকদের অপেক্ষা—ঈদের বড় পর্দায় সিনেমাটি কতটা সাড়া ফেলতে পারে।
সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন। সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ।



















