img

‘কিং’-এর জন্য রোমান্টিক নাচের দৃশ্যের শুটিং করলেন শাহরুখ খান ও দীপিকা পাডুকোন

প্রকাশিত :  ১৭:২৭, ০৭ মে ২০২৬

‘কিং’-এর জন্য রোমান্টিক নাচের দৃশ্যের শুটিং করলেন শাহরুখ খান ও দীপিকা পাডুকোন

বলিউড বাদশাহ শাহরুখ খান ও দীপিকা পাডুকোন মেট গালায় উপস্থিত না থাকলেও, তাদের আসন্ন ছবি ‘কিং’-এর একটি গানের দৃশ্যের শুটিং করতে সমুদ্রসৈকতে গিয়ে তারা অনলাইনে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সম্প্রতিক কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে রোমান্টিক আবহে গান ও নাচের দৃশ্যের শুটিং করছেন শাহরুখ ও দীপিকা। ভাইরাল হওয়া দৃশ্যগুলোতে দুজনকে হালকা ও সাদামাটা রঙের পোশাকে দেখা যায়। সোনালি সূর্যাস্তের মনোমুগ্ধকর পটভূমিতে একে অপরের দিকে হেঁটে আসছেন তারা, এরপর কোরিওগ্রাফির সঙ্গে তাল মিলিয়ে রোমান্টিক নাচে অংশ নিচ্ছেন।

ভিডিওতে আরো দেখা যায়, একটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতে শাহরুখ ও দীপিকাকে দুই-তিনবার একই নাচের স্টেপ করতে হয়েছে। মাঝে মাঝে নাচ থামিয়ে আবার আগের জায়গায় ফিরে গিয়ে নতুন করে শট শুরু করতে দেখা যায় তাদের। পুরো দৃশ্যজুড়ে ছিল সিনেমাটিক আবহ ও রোমান্সের ছোঁয়া, যা ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।

শুটিংয়ের জন্য সমুদ্রসৈকতের একটি অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হলেও কৌতূহলী দর্শকদের ভিড় ঠেকানো যায়নি।

দূর থেকে শুটিং দেখার জন্য অনেক মানুষ জড়ো হন ও তাদের মধ্য থেকেই কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর থেকেই ‘কিং’-এর শুটিং নিয়ে আলোচনা শুরু হয় নেটদুনিয়ায়।

জানা গেছে, ছবির শুটিং শুরু করতে গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন শাহরুখ ও দীপিকা। নির্মাতারা ছবির কাজ শুরু করেছেন একটি রোমান্টিক গানের দৃশ্য দিয়েই।

সেট থেকে ফাঁস হওয়া ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটি গানের অংশও শোনা যায়। নেটিজেনদের ধারণা, সেটি ব্রিটিশ গায়ক এড শিরান-এর কোনো জনপ্রিয় গানের সুর হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে শুটিং সেট থেকে ছবি ও ভিডিও ফাঁস হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অনুরোধ জানান, ‘কিং’-এর কোনো ফাঁস হওয়া ছবি বা ভিডিও যেন কেউ শেয়ার না করেন।

তার ভাষায়, পুরো টিম দর্শকদের জন্য সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করছে ও বড় পর্দার চমক আগেভাগে নষ্ট না করাই ভালো।

উল্লেখ্য, ‘কিং’ ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্রগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। শাহরুখ ও দীপিকার জনপ্রিয় জুটি এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘পাঠান’-এর মতো একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ছবিটির। একই সময়ে হলিউডের বড় বাজেটের ছবি \'অ্যাভেঞ্জার্স: ডুমসডে\' ও \'ডুন: পার্ট থ্রি\' মুক্তি পাওয়ায় বক্স অফিসে বড় প্রতিযোগিতার আভাস মিলছে।


img

জামিন নামঞ্জুর, কারাগারে অভিনেতা জাহের আলভী

প্রকাশিত :  ১২:৫০, ১৮ জুন ২০২৬

ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে করা মামলায়  কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ তথ্যটি নিশ্চিত করেছেন। 

অভিনেতার জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রেমের বিয়ে করার কারণে বাদী শুধু ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানিমূলকভাবে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। 

আরও বলা হয়, আসামি গুরুতর অসুস্থ। ক্রনিক অ্যাজমা ব্রঙ্কাইটিস বা গুরুতর হাঁপানি রোগে ভুগছেন। 

গত ১৩ জুন আসামি অ্যাজমা এট্যাক হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বক্ষব্যাধি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। আসামির বর্তমান শারীরিক অবস্থায় কোনোভাবেই বন্ধ জায়গায় বা জেল-হাজতে আটক রাখা সমীচীন হবে না। যা কিনা তার শ্বাসরোধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটানোর সম্ভাবনা রয়েছে। এজন্য জামিনে মুক্তি দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা অনিবার্য। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি। 

বৃহস্পতিবার (১৮ জুন) আসামি পক্ষের আইনজীবী ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়াসহ অনেকেই আলভীর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

প্রসঙ্গত, আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন। 

বিনোদন এর আরও খবর