img

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন : ট্রাম্প

প্রকাশিত :  ১৫:১৯, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:২৭, ১৯ এপ্রিল ২০২৬

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন : ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি চুক্তি গুরুতরভাবে লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি আশা প্রকাশ করেছেন, দেশটির সঙ্গে শিগগিরই যুদ্ধের অবসান ঘটিয়ে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল লিখেছেন, ‌‌‘‘প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‌‌চুক্তি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন। তবে তিনি এখনও বিশ্বাস করেন একটি শান্তি চুক্তি সম্ভব।’’

কার্ল বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, এই চুক্তি হবেই। যেভাবেই হোক—সহজভাবে হোক বা কঠিনভাবে। এটি হতে যাচ্ছে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন।’’

আর ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। তারা আগামীকাল (সোমবার) সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।’’

তিনি বলেন, ‘‘আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি, তারা এটি গ্রহণ করবে। কারণ তারা যদি তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেবে।’’

আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে ‘‘ভদ্র আচরণের দিন শেষ’’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এই সেতু এবং বিদ্যুৎকেন্দ্রগুলো খুব দ্রুত এবং খুব সহজেই ধ্বংস করে দেওয়া হবে।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

আন্তর্জাতিক এর আরও খবর

img

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

প্রকাশিত :  ১৯:৫৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ শিশু নিহত হয়েছে। দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে গোলাগুলিতে তারা নিহত হয়। আজ রোববার (১৯ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়াইনি স্মিথ জানিয়েছেন, এটি একটি পারিবারিক-সম্পর্কিত হামলার ঘটনা। নিহত শিশুদের বয়স এক থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিল।

তিনি জানান, পুলিশের ধাওয়ার পর বন্দুকধারীও নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে। এরপর পুলিশ তাকে অনুসরণ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক স্থানে এ হামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় রয়েছে।

স্মিথ বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা। আমাদের অনেকে আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।

লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোয়েন্দা সংস্থাকে তদন্তে সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে বোজিয়ার সিটিতে পুলিশি ধাওয়ার সময় গোলাগুলি হয়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হননি।

পুলিশ সাধারণ জনগণের কারও কাছে ছবি, ভিডিও বা তথ্য থাকলে তদন্তকারীদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে।