রেজুয়ান আহম্মেদসহ ১০ কবি-লেখক পাচ্ছেন এসবিএসপি সাহিত্য পুরস্কার
প্রকাশিত :
১৮:২৬, ০২ মে ২০২৬
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’-এ মনোনীত হয়েছেন রেজুয়ান আহম্মেদসহ মোট ১০ জন কবি ও লেখক। এই স্বীকৃতি সমকালীন বাংলা সাহিত্যচর্চায় তাঁর দীর্ঘদিনের অবদানকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
রেজুয়ান আহম্মেদকে সমকালীন বাংলা সাহিত্যের এক নিভৃতচারী ও গভীর সংবেদনশীল শব্দশিল্পী হিসেবে বিবেচনা করা হয়। তাঁর লেখালেখির বিশেষ বৈশিষ্ট্য হলো—সাধারণ জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুভূতিগুলোকে নান্দনিক ও অর্থবহ অভিব্যক্তিতে রূপান্তরিত করার অসাধারণ ক্ষমতা। তাঁর গদ্য ও গল্পে ব্যক্তি ও সমাজ, সময় ও স্মৃতি এবং মানবমনস্তত্ত্বের সূক্ষ্ম স্তরগুলো পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ সাহিত্য-ভুবন সৃষ্টি করে।
নব্বইয়ের দশকের শুরুতে তাঁর সাহিত্যচর্চার সূচনা হলেও প্রথম উল্লেখযোগ্য সাহিত্যিক পদক্ষেপ হিসেবে ধরা যায় ১৯৯১ সালে কলেজজীবনে লেখা ‘অভাগী’ গল্পটিকে। এই গল্পটিকে অনেকেই তাঁর ভবিষ্যৎ সাহিত্যযাত্রার ইঙ্গিতবহ সূচনা হিসেবে বিবেচনা করে থাকেন। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়জীবনে তিনি সৃজনশীল লেখালেখির পাশাপাশি দৃশ্যমাধ্যমেও যুক্ত হন। চিত্রনাট্য রচনার মাধ্যমে তাঁর পেশাদার লেখকজীবনের সূচনা ঘটে, যেখানে ‘মেরিজ স্টেশন’-এর মতো নাটক তাঁকে দ্রুত টেলিভিশন নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত করে।
একইসঙ্গে তিনি দীর্ঘকাল ধরে ব্যবসায়িক ক্ষেত্রে সক্রিয় থাকলেও তাঁর সাহিত্যচর্চা কখনো থেমে থাকে নি। জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত তাঁর ছোটগল্প, প্রবন্ধ ও কলামগুলি পাঠকমহলে আলাদা গুরুত্ব অর্জন করে, যা তাঁর চিন্তাশীল লেখকসত্তাকে আরও সুদৃঢ় করে।
রেজুয়ান আহম্মেদের সৃজনশীলতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাঁর গীতিকবিতা। গান রচনায় তিনি এমন এক সংবেদনশীল ভাষা ব্যবহার করেন, যাতে সুর ও শব্দ মিলেমিশে এক আবেগঘন অভিজ্ঞতা সৃষ্টি করে। এই বহুমাত্রিক সাহিত্যচর্চার জন্য তিনি ইতিমধ্যে একাধিক জাতীয় পর্যায়ের সম্মাননায় ভূষিত হয়েছেন।
গল্প, উপন্যাস, কবিতা, নাটক, গান ও প্রবন্ধ—সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর স্বচ্ছন্দ বিচরণ তাঁকে একটি স্বতন্ত্র সাহিত্যভাষা নির্মাণে সহায়তা করেছে। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘এক মুঠো গল্প’, ‘সন্দেহের ছায়া’, ‘মায়াবী মুহূর্ত’, ‘শঙ্খের শপথ’, ‘শব্দে তুমি’, ‘আলোকচ্ছায়া’, ‘স্বপ্নের চাকরি’, ‘শেষ সূর্যের আলো’, ‘দ্য ডেজ অব গাজা’, ‘লাভ অব দ্য ফরেস্ট বার্ড’, ‘অপেক্ষার মায়া’ এবং ‘অ-জল নির্বাসন’সহ আরও বেশ কয়েকটি গ্রন্থ। এসব গ্রন্থে মানবজীবনের বহুমাত্রিক বাস্তবতা প্রতিফলিত হয়েছে।
সমালোচকদের মতে, রেজুয়ান আহম্মেদের সাহিত্যিক শক্তি তাঁর অতিরঞ্জনহীন ভাষা, মনস্তাত্ত্বিক গভীরতা এবং নীরব পর্যবেক্ষণের ভেতর দিয়ে জীবনের সত্যকে তুলে ধরার ক্ষমতার মধ্যে নিহিত। তাঁর লেখায় প্রচারের চেয়ে নীরব সাধনার এক শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যায়, যা বাংলা সাহিত্যে তাঁকে একটি স্বতন্ত্র অবস্থান দিয়েছে।
মানুষের কিছু পরিচয় অযাচিত, যা সময় নিজে এসে কাঁধে চাপিয়ে দেয়। আবার কিছু পরিচয় মানুষ বেছে নেয় সম্পূর্ণ নিজের তাগিদে—একেবারে নিভৃতে, কোনো ঢাকঢোল না পিটিয়ে। আমার পরিচয়টা পরের দলের। কেউ যখন অবলীলায় জিজ্ঞেস করে বসেন, \"আপনি কি লেখক?\"—আমি খানিকটা থমকে যাই। \'লেখক\' শব্দটার একটা নিজস্ব ওজন আছে, এক ধরনের গাম্ভীর্য আছে; যা আমার ঠিক আসে না। তাই মৃদু হেসে আলতো করে দায় এড়াতে বলি, \"আমি লেখক নই, বড়জোর শব্দের টুকাই।\"
\'টুকাই\' শব্দটার গায়ে এক চিলতে অনাড়ম্বর সারল্য লেগে থাকে। অলিগলিতে বা চেনা চত্বরে আমরা এমন কিছু মানুষকে দেখি, যারা সবার ফেলে দেওয়া টুকরো জিনিস কুড়িয়ে বেড়ায়। পথচলতি মানুষের চোখে ওগুলো স্রেফ আবর্জনা হলেও, ওই সংগ্রাহকের চোখে তার প্রতিটিই মূল্যবান। সে জানে, এই আপাত-পরিত্যক্ত ভাঙাচোরার বুকেও কোনো না কোনো জীবনের আখ্যান লুকিয়ে থাকে।
আমার কাজটাও আলাদা কিছু নয়; তফাত শুধু আমি কুড়িয়ে নিই ছিটকে পড়া সব শব্দ।
ভিড়ের মধ্যে আচমকা খসে পড়া কোনো অবহেলিত বাক্য, মায়ের বুকের গভীর থেকে আসা এক দীর্ঘশ্বাস, শ্রমিকের চেরা কণ্ঠস্বর, বৃদ্ধ বাবার একা হয়ে যাওয়া বিকেল, শিশুর অকারণ খিলখিল কিংবা নিঝুম রাতে বালিশে মুখ গোঁজা চাপা কান্না—এসবই আমার সঞ্চয়। আমি সেগুলোকে পরম যত্নে মনের কোনো এক গোপন কুঠুরিতে জমিয়ে রাখি। তারপর কোনো এক অলস অবসরে সেই জমা হওয়া উপাদানগুলোই নতুন গল্পের অবয়ব নেয়।
অনেকের ধারণা, গল্প মানেই জাদুকরী কল্পনা। আমার তা মনে হয় না। বিশ্বাস করি, এই মহাবিশ্বের সবচেয়ে ক্ষমতাধর গল্পকার হলো স্বয়ং \'জীবন\'। আমরা যারা লিখতে বসি, তারা আসলে সেই প্রবহমান জীবনের এক-একজন সামান্য অনুবাদক মাত্র। জীবন যা আড়ালে বলে যায়, আমরা তাকেই অক্ষরে বাঁধি; সময় যা দেখিয়ে যায়, আমরা তাকেই বাক্যের সুতোয় বুনে রাখি।
দিনকয়েক আগে বাজারের এক কোণে এক বৃদ্ধকে দেখেছিলাম। হাতে জীর্ণ একটা বাটন ফোন, যার রঙ চটে গেছে বহু আগে। শার্টের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে তিনি বারবার কী যেন মিলিয়ে দেখছিলেন। কৌতূহল সামলাতে না পেরে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, \"কী খুঁজছেন, চাচা?\"
তিনি ম্লান হেসে বললেন, \"ছেলেদের মোবাইল নম্বরগুলো লিখে রাখছি বাবা। ফোনটা তো বুড়ো হয়েছে, কখন নষ্ট হয়ে যায় ঠিক নেই। কাগজটা থাকলে নম্বরগুলো অন্তত হারাবে না।\"
কথাটা শোনার পর মনে হলো, ওটা তো কেবল কিছু সংখ্যার খতিয়ান নয়, ওটা আসলে এক বাবার বুকপকেটে আগলে রাখা ভালোবাসার দলিল। এই ডিজিটাল যুগে, যেখানে আঙুলের ডগায় হাজারো নম্বর নিমেষে সংরক্ষিত থাকে, সেখানে একজন বাবা সন্তানদের সঙ্গে যোগাযোগের শেষ সূত্রটুকু কাগজের টুকরোতে বাঁচিয়ে রাখছেন। কারণ নম্বর হারালে যে বড্ড একলা হয়ে যেতে হবে!
সেদিন ডায়েরির পাতায় কোনো গল্প উঠেনি, শুধু দৃশ্যটা বুকের ভেতর গেঁথে গিয়েছিল। পরে বুঝেছি, গল্পের আসল বীজ তো ওখানেই ছড়ানো ছিল।
পথ হাঁটতে হাঁটতে এইটুকু বুঝেছি, মানুষের আসল সম্পদ তার অনুভূতি। ক্ষমতা, দাপট, ধনদৌলত—সবই একসময় ধুলোয় মেশে, কেবল অনুভূতিটুকুই অমর। সন্তানের পথ চেয়ে থাকা মায়ের ব্যাকুলতা, প্রেমিকের আজন্ম ব্যর্থতা, চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় থাকা কৃষকের চশমাহীন চোখ কিংবা প্রবাসে বসে ঈদের দিনে ঘরের জন্য হাহাকার—এসব অনুভূতির কোনো মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ থাকে না।
আমি নিজেকে সেই অনুভূতির এক সামান্য ফেরিওয়ালা ভাবতেই পছন্দ করি।
ভোরের ঘাসে জমে থাকা শিশিরের মতো ছোট ছোট অনুভূতি কুড়িয়ে এনে আমি শব্দের মালায় গাঁথি, তারপর তুলে দিই পাঠকের হাতে। কেউ সেখানে নিজের ফেলে আসা ছায়া দেখতে পান, কেউ খুঁজে পান চেনা স্মৃতি, আবার কেউ হয়তো নতুন করে বাঁচার একটুখানি রসদ পান।
অনেকে লেখালেখিকে পেশা বলেন, কারও কাছে এটা সাধনা কিংবা শুদ্ধ শিল্প। আমার কাছে এর চেয়ে বড় সত্য হলো—এটি এক মানুষের বুক থেকে অন্য মানুষের বুকে পৌঁছানোর সেতু। যখন সাদা পাতায় কলম ঘষি, তখন নিজেকে আর একলা মনে হয় না। মনে হয় আমার চারপাশের অজস্র মানুষ, তাঁদের অধরা স্বপ্ন, ক্লান্তি, আশা আর গোপন দীর্ঘশ্বাসগুলো এসে মিশে যাচ্ছে আমার কালির স্রোতে।
এই চেনা পৃথিবীতে প্রতিটি মানুষের বুকেই একটা না বলা উপাখ্যান থাকে। কেউ তা প্রকাশ করতে পারে, কেউ পারে না। কেউ অপবাদে জড়ানোর ভয়ে কুঁকড়ে থাকে, কেউ আবার সুযোগের অভাবে নীরব হয়ে যায়। আমি সেই স্তব্ধ অধ্যায়গুলোর একনিষ্ঠ শ্রোতা হতে চাই। জীবনের সবচেয়ে দামি পাতাগুলো তো আসলে নিঃশব্দেই ওল্টায়।
একজন রিকশাচালক যখন সারাদিন রোদে পুড়ে ঘরে ফেরেন, তাঁর সেই ক্লান্তির বিবরণ সংবাদপত্রের মূল শিরোনাম হয় না। একজন গৃহিণী যখন নিজের চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে সংসার টানেন, তাঁর জন্য কোনো পুরস্কার বরাদ্দ থাকে না। নামমাত্র বেতনে যে শিক্ষক শত শত ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন, ইতিহাসের পাতায় তাঁর নাম খোদাই করা থাকে না।
অথচ প্রকৃত গল্পগুলো তো ঠিক এই অন্তরালেই লুকিয়ে থাকে। আমি শুধু সেই আড়ালের আখ্যানগুলো খুঁজে বেড়াই।
সময়ের ধুলোবালির নিচে চাপা পড়া জীবনগুলো এত বেশি সাধারণ যে, সাধারণ চোখে তা অলক্ষ্যেই থেকে যায়। অথচ ওই সাদামাটা যাপনের ভেতরেই লুকিয়ে থাকে মহাকাব্যের সৌন্দর্য। একটা গ্রামের শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ কদমগাছ, একটা জরাজীর্ণ সাঁকো, পুরোনো স্কুলঘর কিংবা উদাস হয়ে থাকা কোনো পার্কের বেঞ্চ—দুনিয়ার কোনো কিছুই গল্পহীন নয়। শুধু তা শোনার মতো কান আর ছোঁয়ার মতো একটা সংবেদনশীল হৃদয় থাকতে হয়। আমি কেবল সেই হৃদয়টুকুকে মরে যেতে দিই না।
চারপাশে যখন ইঁদুরদৌড়, ক্ষোভ আর তীব্র কোলাহল দেখি, তখন আমি মানুষের চোখের দিকে তাকাই। প্রতিটি চোখেই একটা করে অসমাপ্ত উপন্যাস বোনা থাকে। কেউ সেখানে সুখের পরিচ্ছেদ লিখছেন, কেউ দুঃখের; কেউ নতুন স্বপ্নের প্রাক্কথন সাজাচ্ছেন, কেউ বা বিদায়ের শেষ লাইনটি টেনে চলে যাচ্ছেন।
আমি তাঁদের পাশে একটু বসি। শুনি। অনুভব করি। তারপর মনের অজান্তেই শব্দগুলো কুড়িয়ে নিই।
আমার এই ঝুলির শব্দগুলো খুব দামি বা অলংকৃত নয়। কোনো রাজকীয় বিপণি থেকে এগুলো সংগৃহীত হয়নি। এগুলো উঠে এসেছে পথের ধুলোবালি থেকে, মানুষের আটপৌরে যাপন আর বুকফাটা দীর্ঘশ্বাস থেকে। হয়তো সে কারণেই সাধারণ মানুষ আমার লেখার লাইনে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পায়।
যখন কোনো পাঠক এসে বলেন, \"আপনার লেখাটা পড়ার পর মনে হলো, এটা তো আমারই ভেতরের কথা\"—তখন মনে হয়, এই ধুলো ঘেঁটে শব্দ কুড়ানোর ক্লান্তিটুকু এক নিমেষে সার্থক হলো। সাহিত্য তো শেষ পর্যন্ত মানুষের বুকেই আশ্রয় খোঁজে; কোনো বইয়ের মধ্যে তাকে বন্দী করে রাখা তার নিয়তি নয়।
আমি বিশ্বাস করি, সমাজ বা মনস্তত্ত্ব বদলে দেওয়ার চাবিকাঠি সবসময় দীর্ঘ বক্তৃতার মঞ্চে থাকে না। কখনো কখনো একটা ছোট গল্প, একটা সহজ সরল বাক্য কিংবা এক চিলতে আন্তরিক অনুভূতিও মানুষের ভেতরের নিভে যাওয়া আলোটাকে নতুন করে জ্বালিয়ে দিতে পারে। যে আলো মানুষকে একটু বেশি মানবিক হতে শেখায়, অন্যের ক্ষতটাকে নিজের বলে চিনতে শেখায়, আর মানুষকে ভালোবাসতে বাধ্য করে।
তাই বুক ফুলিয়ে লেখক হওয়ার কোনো দাবি আমার নেই। তেমন কোনো মহৎ কৃতিত্বও আমি অর্জন করিনি। আমি কেবল মানুষের চলার পথে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনুভূতির কণাগুলো কুড়িয়ে আনি। কারও ফেলে যাওয়া ভাঙা স্মৃতি, কারও ভুলে যাওয়া আবেগ, কারও অবহেলিত স্বপ্ন—এসব দিয়েই নিজের মতো করে মালা গাঁথি।
হয়তো কোনো এক সময় মানুষ আমার নামটা ভুলে যাবে, আমার লেখাগুলোও মহাকালের স্রোতে ভেসে যাবে। কিন্তু যদি কোনো একটি লাইনও কোনো এক উদাসীন পাঠকের চোখে এক ফোঁটা জল এনে দিতে পারে, কোনো এক ভগ্নহৃদয় মানুষকে নতুন করে দাঁড়ানোর সাহস দেয়—তবেই বুঝব আমার এই জীবন বৃথা যায়নি।
আমি তো যশের ক্যানভাসার নই। আমি অনুভূতির বাহক, সময়ের ধুলোয় লুকিয়ে থাকা গল্পের এক সামান্য অন্বেষী।
আমি লেখক নই, আমি শব্দের টুকাই।
আজও পথ চলতে চলতে আমি মানুষের হাসি, কান্না, মান-অভিমান আর অন্তহীন অপেক্ষা থেকে শব্দ কুড়িয়ে চলি। প্রতিটি দিন আমাকে নতুন করে বাঁচতে শেখায়, নতুন কিছু অনুভব করায়। আর আমি সেই অনুভূতিগুলো যত্ন করে পকেটে পুরে রাখি।
হয়তো কোনো এক নিঝুম রাতে, যখন চরাচর নিস্তব্ধ হয়ে যাবে, তখন ওই কুড়িয়ে আনা শব্দগুলো আবার ডানা মেলবে। তারা গল্প হবে, স্মৃতি হবে, আর ঠাঁই করে নেবে কোনো এক মানুষের নিভৃত হৃদয়ে।
সেদিনও যদি কেউ শুধায়, আমি একই উত্তর দেব—
আমি লেখক নই, আমি শব্দের টুকাই; মানুষের জীবনের রাজপথে ছড়িয়ে থাকা অনুভূতির কণা কুড়িয়ে বেড়ানো এক নামহীন পথিক।