img

শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

প্রকাশিত :  ১৯:৪৬, ০৬ মে ২০২৬

শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ভোরতের পশ্চিমবঙ্গে সদ্য বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে বুধবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এই হামলায় চন্দ্রনাথের সঙ্গে থাকা বুদ্ধদেব বেরাও আহত হয়েছেন। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র জানায়, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছানোর পর গাড়ি লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। রাজনৈতিক সূত্র জানিয়েছে, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর পক্ষে যে দল মাঠে কাজ করেছিল, চন্দ্রনাথ ও বুদ্ধদেব বেরা দুজনই সেই দলের সক্রিয় সদস্য ছিলেন।

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আন্তর্জাতিক এর আরও খবর

img

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

প্রকাশিত :  ১৩:২৫, ০৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন । তবে এ ঘোষণার দুদিন পার না হতেই তিনি এটি স্থগিত করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আজ বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি সৌদি আরব। এরফলে ট্রাম্প এটি স্থগিত করতে বাধ্য হয়েছেন।

দুই মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান ঘোষণার পর সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলো অবাক হয়। 

এরপর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ ব্যাপারে ট্রাম্প কথা বলেন। কিন্তু তারা দুজনে ঐক্যমতে পৌঁছাতে পারেননি।

সৌদি আরবের একটি সূত্র এনবিসিকে বলেছেন, পাকিস্তান বর্তমানে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, সৌদি এতেই সমর্থন দিচ্ছে। অর্থাৎ সৌদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়।

হোয়াইট হাউজ দাবি করেছে, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই ট্রাম্প নতুন অভিযান ঘোষণা করেছিলেন। কিন্তু ওমানের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানায়নি। অভিযান শুরুর পর মূলত তারা সমন্বয় শুরু করেছে। তবে মার্কিনিদের এমন কাজে তারা ক্ষুব্ধ হননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। মার্কিনি ও ইসরায়েলিদের এ হামলার আগে হরমুজ সবার জন্য উন্মুক্তই ছিল।

সূত্র: এনবিসি