img

র‍্যাগিংয়ের দায়ে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশিত :  ০৫:৫৭, ০৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:১৪, ০৫ জুলাই ২০২৬

র‍্যাগিংয়ের দায়ে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের বিরুদ্ধে ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং করেন। এই ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঙ) ধারায় বর্ণিত ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো জায়গায় টিজ, র‍্যাগিং, নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না’ নিয়মের স্পষ্ট লঙ্ঘন। ফলশ্রুতিতে, উক্ত অধ্যাদেশের ৪ (১) (খ) ধারা মোতাবেক অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—সুভাশীষ রায় প্রান্ত, নাছিম উদ্দিন মজুমদার, মো. আবু আবতাহী অনিক, নাঈমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, কার্তিক চন্দ্র রায় এবং নাঈম আহমেদ সজিব।

উল্লেখ্য, গত ৩ জুলাই দিবাগত রাতে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের ১৩ জন নবীন শিক্ষার্থীকে ‘ম্যানার’ শেখানোর অজুহাতে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নিয়ে র‍্যাগিং করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনা জানার পর প্রক্টরিয়াল টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫৪তম ব্যাচের ওই ১২ জন শিক্ষার্থীকে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন এবং অভিযুক্তরাও লিখিতভাবে র‍্যাগিংয়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

 


শিক্ষা এর আরও খবর

img

শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

প্রকাশিত :  ০৫:৪৪, ০২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৫০, ০২ জুলাই ২০২৬

সারাদেশে একযোগে দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করেন।

প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সারাদেশের দুই হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা রক্ষা এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ব্যবহার করবেন বডি-ওর্ন ক্যামেরা। সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। এখান থেকে বাংলদেশের যে কোনো প্রান্তের কেন্দ্রের পরীক্ষা মনিটরিং করা যাবে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। 

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকল ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষা ঘিরে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বর নির্ধারণ করা হয়েছে। ই-মেইল ঠিকানা: [email protected]