ইয়র্ক হল বন্ধের ব্যাপারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিবৃতি
প্রকাশিত :
১২:৩৭, ১৭ জুলাই ২০২৬
পানি-সংক্রান্ত অপারেশনাল সমস্যা দেখা দেওয়ার কারনে ইয়র্ক হল লেজার সেন্টার ও বি ওয়েল দ্য স্পা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
এক বিবৃতিতে বলা হয়, “প্রয়োজনীয় তদন্ত ও মেরামতকাজ চলাকালে আমাদের কাস্টমারস, স্টাফ এবং ভিজিটরদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সাইটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্যাটি যত দ্রুত সম্ভব সমাধান করতে আমরা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যখনই সেন্টারটি নিরাপদ বলে নিশ্চিত হওয়া যাবে, তখন পুনরায় এটি চালু করা হবে।”
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। এই সময়ে অন্যান্য বি ওয়েল লেজার সেন্টার ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
মেয়র’স ব্যাডমিন্টন কাপ ২০২৬-এর নিবন্ধন শুরু – অংশ নিন টাওয়ার হ্যামলেটসের অন্যতম বড় ক্রীড়া প্রতিযোগিতায়
প্রকাশিত :
১২:৩৯, ১৭ জুলাই ২০২৬ সর্বশেষ আপডেট: ১২:৪১, ১৭ জুলাই ২০২৬
টাওয়ার হ্যামলেটসের ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত মেয়র’স ব্যাডমিন্টন কাপ ২০২৬-এর নিবন্ধন এখন উন্মুক্ত। স্থানীয় খেলোয়াড়দের একত্রিত করে প্রতিযোগিতামূলক ক্রীড়া পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সকল যোগ্য খেলোয়াড়কে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
মেয়র‘স ব্যাডমিন্টন কাপ হচ্ছে ১ দিনের টুর্নামেন্ট যা বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ তারিখে মাইল এন্ড পার্ক লেজার সেন্টার, ১৯০ বারডেট রোড, E3 4HL-এ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটি খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রদর্শন, নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা এবং ক্রীড়াসুলভ মনোভাবের মাধ্যমে সাফল্যের জন্য লড়াই করার একটি অনন্য সুযোগ করে দেবে। টুর্নামেন্টে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের জন্য থাকবে ট্রফি, পদক এবং আকর্ষণীয় পুরস্কার।
মেয়র’স ব্যাডমিন্টন কাপ ২০২৬-এ বিভিন্ন বয়স ও বিভাগের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগিতার বিভাগগুলো হলোঃ জুনিয়র বিভাগ, প্রাপ্তবয়স্ক পুরুষ বিভাগ, এবং প্রাপ্তবয়স্ক নারী বিভাগ।
কেবিনেট মেম্বার ফর লেজার, কালচার এন্ড ট্যুরিজম, কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “টাওয়ার হ্যামলেটস তার বৈচিত্র্যময় ও প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতির জন্য গর্বিত। মেয়র’স ব্যাডমিন্টন কাপ স্থানীয় খেলোয়াড়দের জন্য নিজেদের প্রতিভা প্রদর্শনের একটি অসাধারণ মঞ্চ। পাশাপাশি এটি শারীরিক সুস্থতা ও মানসিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় অংশ নিতে অনুপ্রাণিত করে। আমি সকল বাসিন্দাকে এই বিশেষ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
আয়োজকরা আশা করছেন, এবারের প্রতিযোগিতা স্থানীয় প্রতিভাকে বিকশিত করার পাশাপাশি টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন কমিউনিটির মানুষকে খেলাধুলার মাধ্যমে আরও কাছে নিয়ে আসবে। ব্যাডমিন্টন শুধু একটি জনপ্রিয় খেলা নয়, এটি শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টাওয়ার হ্যামলেটসের উদীয়মান ও অভিজ্ঞ উভয় ধরনের খেলোয়াড়দের জন্য এই প্রতিযোগিতা নিজেদের সামর্থ্য যাচাই এবং স্থানীয় পর্যায়ে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার একটি চমৎকার সুযোগ। যারা ব্যাডমিন্টনের প্রতি আগ্রহী এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরতে চান, তাদের জন্য এটি একটি বিশেষ আয়োজন।
আয়োজকরা অংশগ্রহণকারীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন, যাতে তারা টাওয়ার হ্যামলেটসের অন্যতম আকর্ষণীয় ক্রীড়া আসরের অংশ হওয়ার সুযোগ হাতছাড়া না করেন।