img

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে উদ্ধার দুই বিশাল অজগর, বনে ফেরানোর প্রস্তুতি

প্রকাশিত :  ১৯:৪১, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৪৪, ২৯ জুলাই ২০২৬

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে উদ্ধার দুই বিশাল অজগর, বনে ফেরানোর প্রস্তুতি

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পৃথক ঘটনায় দুটি বড় আকৃতির অজগর উদ্ধার করা হয়েছে। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগান থেকে প্রায় ১৬ ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার করা হয়। অন্যদিকে কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগান থেকেও আরেকটি বড় অজগর উদ্ধার করেছেন বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা।

বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনের সদস্যরা জানান, উদ্ধার করা অজগর দুটি নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও চিকিৎসা শেষে এগুলোকে প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জাগছড়া চা-বাগানে ১৬ ফুটের অজগর

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগানের ১৭ নম্বর সেকশনে কাজ করার সময় চা-শ্রমিকেরা ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। প্রায় ১৬ ফুট দীর্ঘ ও ৩০ কেজি ওজনের সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাঁরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে বাগানের কর্মকর্তা সেলিম মিয়া বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সতর্কতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ফুলবাড়ী চা-বাগানেও মিলল বড় অজগর

একই দিন সকালে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগানের ১৭ নম্বর সেকশনে চা-পাতা সংগ্রহের সময় ঝোপঝাড়ের মধ্যে আরেকটি বড় অজগর দেখতে পান শ্রমিকেরা। তাঁরা সাপটিকে আঘাত না করে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান।

পরে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) সাপ সংরক্ষণকর্মী ও গবেষক চঞ্চল গোয়ালা ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নেওয়া হয়।

লাউয়াছড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা অজগরটি কিছুটা অসুস্থ অবস্থায় রয়েছে। বর্তমানে সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

আবাসস্থল সংকুচিত হওয়ায় বাড়ছে লোকালয়ে আগমন

পরিবেশকর্মীরা বলছেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের পাহাড়ি বনাঞ্চল, টিলা ও চা-বাগান দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল। কিন্তু বনভূমি সংকুচিত হওয়া, আবাসস্থল নষ্ট হওয়া এবং প্রাকৃতিক খাদ্যের উৎস কমে যাওয়ার কারণে অনেক বন্যপ্রাণী এখন মানুষের বসতি ও কৃষি এলাকায় চলে আসছে।

তাঁদের মতে, অজগরসহ কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা অনুমোদিত উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত।

ফুলবাড়ী চা-বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান আশিক মিয়া বলেন, শ্রমিকদের সচেতনতার কারণেই অজগরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, প্রাণীটির কোনো ক্ষতি না করে উদ্ধারকারীদের খবর দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মতে, দুটি অজগর উদ্ধারের ঘটনা মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের একটি ইতিবাচক উদাহরণ। সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব।


সিলেটের খবর এর আরও খবর

img

এনসিপির পদযাত্রা: সিলেটে আজ নামতে পারে বিজিবি

প্রকাশিত :  ০৫:২৪, ৩০ জুলাই ২০২৬

সিলেটের ছয় উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ বিষয়ে বাহিনী মোতায়েনের চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকালে সমকালকে জানান, এখনো বিজিবি মোতায়েন করা হয়নি। বৃহস্পতি ও শুক্রবার ছয়টি উপজেলায় বিজিবি মোতায়েনের অনুরোধ করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের ছয় উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি। এর মধ্যে সীমান্তবর্তী তিনটি উপজেলায় কর্মসূচি বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় কর্মসূচি থাকায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি উপজেলায় বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়। পরে জেলা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি মোতায়েনের আবেদন করে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোন উপজেলায় কখন বিজিবি মোতায়েন হবে, সে বিষয়ে সংশ্লিষ্টরা নিশ্চিত করতে পারেননি।

সম্প্রতি হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার পর সিলেটের কর্মসূচি ঘিরেও উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পদযাত্রা ও সমাবেশ করবে দলটি।

সিলেটের খবর এর আরও খবর