img

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করে দীর্ঘদিন ভুগেছেন ইমরান

প্রকাশিত :  ১২:৫৮, ১৭ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২১, ১৭ আগষ্ট ২০২৬

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করে দীর্ঘদিন ভুগেছেন ইমরান

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। ২০১৪ সালে করা সেই মন্তব্যের জন্য পরে দুঃখও প্রকাশ করেন অভিনেতা। তবে সেই মন্তব্যের মাশুল তাকে দীর্ঘদিন দিতে হয়েছে বলে জানিয়েছেন ইমরান। সম্প্রতি ইমরান হাশমির নতুন সিনেমার মুক্তির পর ফের আলোচনায় এসেছে সেই মন্তব্য।

ঘটনার সূত্র ‘কফি উইথ করণ’-এর শো’তে। দ্রুত প্রশ্নোত্তর পর্বে ইমরানকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন তারকার সঙ্গে তিনি ‘প্লাস্টিক’ শব্দটি যুক্ত করেন। খুব বেশি না ভেবে ঐশ্বরিয়া রায়ের নাম বলেছিলেন তিনি। এসময় তার পাশে বসে ছিলেন নির্মাতা-প্রযোজক মহেশ ভাট। এরপর বিষয়টি নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্তদের ব্যপক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল ইমরানকে।

২০২৫ সালে নিজের ওয়েব সিরিজ ‘শোটাইম’-এর প্রচারের সময় এক সাক্ষাৎকারে সেই মন্তব্য নিয়ে মুখ খোলেন ইমরান। অভিনেতা স্পষ্ট জানান, ওই মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত। ইমরানের ভাষায়, ‘আমি এর জন্য দুঃখিত। আমি যাদের নিয়ে কথা বলেছিলাম, তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। মন্তব্যটি রুচিশীল ছিল না, আমি অনুতপ্ত।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে আমরা একটি খেলা খেলছিলাম। সবকিছুই মজার ছলে বলা হয়েছিল এবং বিষয়টি খেলাভাবেই নেওয়ার কথা ছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেক বদলে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে।’

ইমরান জানান, সেই সময় তার একমাত্র লক্ষ্য ছিল দ্রুত প্রশ্নোত্তর পর্বে জিতে পুরস্কার হিসেবে পাওয়া হ্যাম্পারটি অর্জন করা। সেই তাড়াহুড়াতেই মুখে যা এসেছিল, বলে ফেলেছিলেন।

ঐশ্বরিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা হওয়ার প্রসঙ্গও উঠে আসে ওই সাক্ষাৎকারে। ইমরান জানান, তিনি ঐশ্বরিয়ার বড় ভক্ত। এমনকি ‘হাম দিল দে চুকে সানম’ মুক্তির পর একবার তাকে দেখার জন্য প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন।

অভিনেতার কথায়, ‘আমি তার বিশাল ভক্ত ছিলাম। এখনো আছি। সুযোগ পেলে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে চাই, যদি আমার কথায় তিনি কষ্ট পেয়ে থাকেন। তাকে বলতে চাই, আমি দুঃখিত।’

তবে ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্যের কারণে শুধু সমালোচনাই নয়, বলিউডের বিভিন্ন সম্পর্কেও প্রভাব পড়েছিল বলে এর আগে জানিয়েছিলেন ইমরান। ২০২৪ সালে বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কফি উইথ করণ’-এ খোলামেলা কথা বলার জন্য তাকে দীর্ঘদিন এর মাশুল দিতে হয়েছে।

ইমরানের দাবি, সেই সময় অনুষ্ঠানটির র‍্যাপিড-ফায়ার পর্ব ধারণের পর করণ জোহরও কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন। তার উত্তরটি প্রচার করা হবে কি না, তা নিয়েও সেটে আলোচনা হয়েছিল।

অন্যদিকে, ঐশ্বরিয়া কখনো সরাসরি ইমরানের ওই মন্তব্যের জবাব দেননি। তবে ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার সম্পর্কে বলা সবচেয়ে কষ্টদায়ক মন্তব্য কোনটি। তখন তিনি জানান, তাকে ‘ফেক’ ও ‘প্লাস্টিক’ বলা তার কাছে সবচেয়ে কঠিন মন্তব্য ছিল।

এদিকে ইমরান হাশমি বর্তমানে তার নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’ নিয়ে ব্যস্ত। ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েলটিতে তার সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি। সূত্র: ইন্ডিয়া টুডে


বিনোদন এর আরও খবর

img

চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি

প্রকাশিত :  ১৫:২৬, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৩৮, ০৩ অক্টোবর ২০২৬

অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে এই বিরতি নিতে হয়েছে তাকে। এখন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আজ শনিবার এক ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন বৃষ্টি। জানালেন, আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন তিনি। 

লাইভে এক প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন আমার কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’

অসুস্থতা কাটিয়ে আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তানিয়া বৃষ্টির কথায়, “আমার ইচ্ছা আছে। এই মাস থেকেই শুরু করতে চাই। কথাবার্তা চলছে। তবে কবে থেকে কাজ শুরু করতে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।’

তানিয়া বলেন, “আমি আসলে এই জন্য নয় মাসের মতো শুটিং করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। এখনো আছি, তবে তখন একটু বেশি খারাপ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। এটা চিন্তাভাবনা করে এখন করছি।”

তানিয়া বলেন, “যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, আমার জন্য অপেক্ষা করেন, তাদের যেটা চাওয়া আমি সেটা করতে চাই। যদি এত মানুষ চান আমি করি, তাহলে আমি অবশ্যই করব।”

লাইভের শেষ দিকে দীর্ঘ সময় তাঁর পাশে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানান তানিয়া বৃষ্টি। অসুস্থতার সময় যারা তার জন্য দোয়া করেছেন, তার খোঁজ নিয়েছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিনেত্রীর হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিতব্য এ ছবিতে আরও আছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।