img

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, অল্পে বাঁচলেন ট্রেনযাত্রী বরিস জনসন

প্রকাশিত :  ০৫:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, অল্পে বাঁচলেন ট্রেনযাত্রী বরিস জনসন

পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ট্রেনের কাছাকাছি সময়েই সেখানে অবস্থান করছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রেয়াস। ইউক্রেনীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ট্রেনটিও রুশ হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারে।

ইউক্রেনীয় রেলওয়ের তথ্য অনুযায়ী, ইউরোপের কয়েকটি দেশের নিরাপত্তা উপদেষ্টা, বরিস জনসন ও ডেভিড পেট্রেয়াসকে বহনকারী একটি ট্রেন পোল্যান্ড সীমান্তের একটি ক্রসিং দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই কাছাকাছি এলাকায় রুশ ড্রোন হামলা হয়।

রেল কর্তৃপক্ষ বলেছে, রুশ হামলার আশঙ্কায় ট্রেন চলাচলের সময়সূচি তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। তাই রুশ ড্রোনটির লক্ষ্য ওই কূটনৈতিক ট্রেনও হয়ে থাকতে পারে বলে তারা মনে করছে।

তবে হামলার সময় ট্রেনটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওয়ারশগামী ট্রেনে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীদের দ্রুত ট্রেন থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর আগে রাতেও তাদের কয়েক ঘণ্টার জন্য ট্রেন থেকে নামতে হয়েছিল।

রোববার রাতভর ইউক্রেনজুড়ে ৪৫০টির বেশি রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত ছয়জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা ৪০৫টি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সাধারণত রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রের তুলনায় পশ্চিম ইউক্রেন অপেক্ষাকৃত শান্ত থাকলেও এবার ওই অঞ্চলও ব্যাপকভাবে হামলার শিকার হয়েছে। হামলার কারণে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডেও বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

ইউক্রেন ও পোল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের দোরোহুস্ক-ইয়াহোদিন সীমান্ত পারাপার এলাকা থেকে এক কিলোমিটারেরও কম দূরে একটি পণ্যবাহী ট্রাকেও হামলা হয়েছে।

বোরিস জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, পোল্যান্ড সীমান্তে একটি স্থির ইউক্রেনীয় রেল ইঞ্জিনে হামলা চালানোর পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কী যুক্তি ছিল, তিনি তা জানেন না। তবে তার মতে, ইউক্রেনের বেসামরিক রেলপথেও প্রতিদিন এমন ‘এলোমেলো ও অর্থহীন’ হামলা চালানো হচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সরাসরি সীমান্তে রাশিয়ার ‘সন্ত্রাস’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা প্রতিদিন লড়াই করছে যাতে রুশ হামলা ইউরোপের আরও ভেতরে ছড়িয়ে না পড়ে এবং রাশিয়ার আগ্রাসন যাতে আরও বিস্তৃত হতে না পারে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও সতর্ক করে বলেছেন, আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনে রুশ হামলা আরও তীব্র হতে পারে এবং এর প্রভাব পোল্যান্ডের ভূখণ্ডেও পড়তে পারে। তিনি বলেন, রাশিয়ার সম্ভাব্য পরিকল্পনার মধ্যে ইউক্রেনের সীমান্ত পারাপারগুলোকে বাধাগ্রস্ত, অচল বা এমনকি ধ্বংস করার চেষ্টাও থাকতে পারে বলে আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল পোল্যান্ড।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মস্কোর দাবি, এসব রেলপথ ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।

এদিকে যুদ্ধের বিস্তার নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে লিথুয়ানিয়ায় একটি ঘটনা। রাজধানী ভিলনিয়াসের বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ার আশঙ্কায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়। ন্যাটো অন্তত একটি যুদ্ধবিমানও পাঠায়। পরে জানা যায়, আকাশে দেখা বস্তুগুলো আসলে একঝাঁক পাখি। প্রায় ৪০ মিনিট পর বিমানবন্দর আবার চালু করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

লন্ডনে কিশোরীকে ‘ধর্ষণ’: ২ বাংলাদেশি শওকত ও জাহিদুলকে ধরতে পুলিশের হুলিয়া

প্রকাশিত :  ২০:৩২, ২৯ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যের লন্ডনে ১৩ বছর বয়সি এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে পার্কে নিয়ে দলবদ্ধ ‘ধর্ষণের’ অভিযোগে দুই বাংলাদেশিকে ধরতে হুলিয়া জারি করেছে পুলিশ। একইসঙ্গে তাদের ধরিয়ে দিতে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্রাইমস্টপার্স’।

লন্ডন নগর পুলিশের ওয়েবসাইটে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

ওই দুই বাংলাদেশি যুবক হলেন ৩১ বছর বয়সি শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সি জাহিদুল হাসান জায়গীরদার। এর মধ্যে শওকত পলাতক থাকলেও যুক্তরাজ্যেই আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে জাহিদুল বাংলাদেশে পালিয়ে যেতে পারেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১ আগস্ট লন্ডনের বেথনাল গ্রিনে ১৩ বছর বয়সি এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রথম তদন্ত শুরু করে। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর এক প্রকাশ্য আপিলের পর, পুলিশ সন্দেহভাজনদের বিষয়ে নতুন কিছু তথ্য হাতে পায়।

এরইমধ্যে লন্ডন পুলিশ ওই দুই যুবকের ছবি প্রকাশ করেছে এবং তাদের খুঁজে বের করতে জনসাধারণকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে। পুলিশ বলছে, তাদের অবস্থান শনাক্ত করতে ব্যাপকভাবে চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশের বরাতে খবরে আরও বলা হয়, শওকত আহমেদ এখনও যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে এবং টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে তার যোগাযোগ আছে।

অন্যদিকে জাহিদুলের সঙ্গেও টাওয়ার হ্যামলেটসের যোগাযোগ ছিল, তবে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্রাইমস্টপার্স’ এর মাধ্যমে অভিযুক্তদের সন্ধান বা তথ্য দেওয়ার জন্য এরইমধ্যে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বরাতে দ্য সান বলছে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে হোয়াইটচ্যাপেল রোডে দুই ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে ‘উইভার্স ফিল্ডস’ নামে একটি পার্কে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে এক পথচারী তাকে উদ্ধার করে।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ভিডিও পর্যালোচনা এবং ফরেনসিক পরীক্ষাসহ ব্যাপক তদন্ত চালায়। দাতব্য সংস্থা ক্রাইমস্টপার্স এর লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক অ্যালেক্সা লুকাস বলেন, “ওই কিশোরী এক ভয়াবহ এবং বেদনাদায়ক আক্রমণের শিকার হয়েছে। এর জন্য দায়ি দুজন পুরুষকে শনাক্ত করা ইতিবাচক পদক্ষেপ হলেও, তাদের অবস্থান খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দুই জনের অবস্থান সম্পর্কে কারও কাছে ছোট কোনো তথ্য থাকলেও আপনারা আমাদের দিতে পারেন। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে।”

দুই অভিযুক্তের বাড়ি বাংলাদেশের কোথায়, এনিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাজ্য এর আরও খবর