শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর খয়েরী ফণিমনসা সাপ
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি কলার আড়তে কলার ছড়ির ভেতর থেকে খয়েরী ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের একটি কলার আড়তে রাখা কলার ছড়ির ভেতর হঠাৎ সাপটি দেখতে পান সেখানে থাকা লোকজন। সাপটি দেখে আড়তে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।
তাঁরা সাপটি শনাক্ত করে জানান, এটি খয়েরী ফণিমনসা সাপ। পরে সতর্কতার সঙ্গে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে রেঞ্জ কর্মকর্তার কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, স্থানীয় মানুষের কাছ থেকে ফোন পেয়ে প্রতিষ্ঠানটির সদস্যরা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত সাপ উদ্ধার করছেন। গত আগস্ট মাসে বিষধর সাপ ও বিশাল আকৃতির অজগরসহ মোট ১৭টি সাপ উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা বলছেন, বনাঞ্চল ছেড়ে সাপ লোকালয়ে চলে আসায় সাম্প্রতিক সময়ে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। খাদ্য ও বাসস্থানের সংকট এবং খাদ্যের সন্ধানে সাপ লোকালয়ে ঢুকে পড়ছে বলে তাঁরা জানান।
বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লোকালয়ে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে না মেরে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট বন বিভাগ বা সাপ উদ্ধারে কাজ করা সংগঠনকে খবর দেওয়া উচিত। এতে একদিকে যেমন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে বন্যপ্রাণীও রক্ষা পাবে।



















