img

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

প্রকাশিত :  ০৮:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

ইসরায়েলের কাছে ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অর্থায়ন আটকে দিয়েছেন মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জিন শ্যাহিন। একইভাবে অস্ত্র সরবরাহের প্রক্রিয়ায় আপত্তি জানিয়েছেন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস। এ সিদ্ধান্তের ফলে ইসরায়েলে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে আপত্তির বিষয়টি আবারও সামনে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল ও সেমাফোর-এর প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত এ চুক্তির আওতায় প্রতিটি এক টন (২ হাজার পাউন্ড) ওজনের প্রায় ৪০ হাজার শক্তিশালী বোমা ইসরায়েলকে দেওয়ার পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন। গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের আশঙ্কায় সাবেক বাইডেন প্রশাসন এসব ভারী বোমার চালান স্থগিত রেখেছিল।

সিনেটর জিন শ্যাহিন অভিযোগ করেন, গাজায় নির্বিচার বেসামরিক মানুষ হত্যা বন্ধে এবং ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের উদ্বেগ দূর করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এ ছাড়া সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসী বোমাবর্ষণ এবং অধিকৃত পশ্চিম তীরে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর বাড়তে থাকা সহিংসতা নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মার্কিন নিয়ম অনুযায়ী, সিনেটের ফরেন রিলেশনস ও প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ সদস্যদের বড় অঙ্কের অস্ত্র বিক্রির সিদ্ধান্তে অনানুষ্ঠানিক স্থগিতাদেশ বা ভেটো দেওয়ার আইনি ক্ষমতা রয়েছে। পররাষ্ট্র দপ্তরকে সাধারণত এ ধরনের অস্ত্র বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট কমিটির আইনপ্রণেতাদের উদ্বেগ নিরসন করে সম্মতি নিতে হয়।

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিকস সম্প্রতি এক বিরল প্রকাশ্য বিবৃতিতে জানান, নেতানিয়াহু সরকার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্রাণঘাতী অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইন ও মার্কিন বিধি মেনে ব্যবহার করবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জিন শ্যাহিন বলেন, \"ইসরায়েল যা করছে, তা নিয়ে আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন। গাজায় তারা যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং সিরিয়ায় যেভাবে বোমাবর্ষণ করছে—তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি।\"

নেতানিয়াহু সরকারকে স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বান জানিয়ে শ্যাহিন আরও বলেন, \"নেতানিয়াহুকে আমেরিকার কাছ থেকে পরিষ্কার শুনতে হবে যে, তিনি যা করছেন তা আমরা কোনোভাবেই সমর্থন করি না। পশ্চিম তীরে উগ্র বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছে, বাস্তুচ্যুত হচ্ছে এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে। অথচ নেতানিয়াহু সরকার এ বর্বরতা থামাতে কিছুই করেনি।\"

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত তিন বছরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা প্রায় ৭০ হাজারে পৌঁছেছে, যার বড় অংশই নারী ও শিশু। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে আবারও ভারী মারণাস্ত্র সরবরাহের মার্কিন উদ্যোগ ওয়াশিংটনেই তীব্র অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়ল।


img

সেতু থেকে ছিটকে পড়ল বিএমডব্লিউ, নিহত ৩

প্রকাশিত :  ১১:০০, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মুম্বাইয়ে দ্রুতগতির একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন, একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন একজন। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে সেতু থেকে নিচে পড়ে যায় গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়ে গাড়ির চার আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।

আহত ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়ালকে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার ধাক্কায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। বিএমডব্লিউটির ছাদ ভেতরের দিকে ঢুকে গেছে, উইন্ডশিল্ড পুরোপুরি ভেঙে গেছে এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। সেতুতে ঝোলানো একটি সাইনবোর্ডও গাড়িটির ধাক্কায় ভেঙে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

আন্তর্জাতিক এর আরও খবর