img

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৩:৪৫, ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রমে জোরদার করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ জন্য পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য দেওয়ার নির্দেশনা দেন তিনি।

সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

হোয়াটসঅ্যাপে আসছে ‘ডুয়াল ক্যামেরা মোড’

প্রকাশিত :  ১৩:২৩, ২৭ নভেম্বর ২০২৬

ভিডিও ধারণের সময় একই সঙ্গে নিজের প্রতিক্রিয়াও তুলে ধরার সুযোগ দিতে ‘ডুয়াল ক্যামেরা মোড’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা একসঙ্গে চালু করে ছবি বা ভিডিও ধারণ করা যাবে। এতে কোনো অনুষ্ঠান কিংবা ভ্রমণের দৃশ্য ধারণের পাশাপাশি ভিডিওতে নিজের অভিব্যক্তিও যুক্ত করা সম্ভব হবে, আলাদা করে প্রতিক্রিয়া রেকর্ড করতে হবে না।

প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহারকারী নির্বাচিত ব্যক্তিরা এই সুবিধা পাচ্ছেন। পেছনের ক্যামেরা দিয়ে কোনো দৃশ্য ধারণের পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের মুখ ও প্রতিক্রিয়াও একই সঙ্গে রেকর্ড করা যাবে।

নতুন ফিচারে পেছনের ক্যামেরার দৃশ্য পুরো পর্দাজুড়ে থাকবে। অন্যদিকে সামনের ক্যামেরার দৃশ্য ছোট একটি উইন্ডোতে দেখা যাবে। ব্যবহারকারী চাইলে উইন্ডোটি পর্দার যেকোনো জায়গায় সরিয়ে রাখতে পারবেন। এতে ভিডিওর গুরুত্বপূর্ণ দৃশ্য আড়াল হওয়ার আশঙ্কা কমবে।

দুই ক্যামেরার দৃশ্য অদলবদলের ব্যবস্থাও থাকছে। রোটেট বোতামে চাপ দিলে সামনের ক্যামেরার দৃশ্য বড় পর্দায় এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট উইন্ডোতে চলে আসবে। তবে দৃশ্যের অবস্থান পরিবর্তন হলেও দুটি ক্যামেরাই একসঙ্গে ভিডিও ধারণ করতে থাকবে।

ছবি বা ভিডিও ধারণের পর তা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল কিংবা স্ট্যাটাসে শেয়ার করা যাবে। শেয়ার করার আগে ক্যাপশন যোগ করা এবং প্রয়োজনীয় সম্পাদনার সুযোগও থাকছে।

তবে আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ইনস্টল করলেই সবাই ফিচারটি পাবেন না। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে এটি উন্মুক্ত করা হবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।

ভ্রমণ, কনসার্ট কিংবা বিশেষ কোনো মুহূর্ত ধারণের ক্ষেত্রে নতুন ফিচারটি কাজে আসবে। একই ভিডিওতে দৃশ্যের পাশাপাশি নিজের প্রতিক্রিয়া তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর