img

লন্ডনে সাংবাদিকতার মানোন্নয়নে চ্যানেল এস-এর কর্মশালা ও মিলনমেলা

প্রকাশিত :  ০৮:৩০, ০৩ নভেম্বর ২০২৬

লন্ডনে সাংবাদিকতার মানোন্নয়নে চ্যানেল এস-এর কর্মশালা ও মিলনমেলা
পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটির প্রত্যাশা অনুযায়ী সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটেন ও ইউরোপের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল চ্যানেল এসের ‘কর্মশালা ও মিলনমেলা’।
মঙ্গলবার লন্ডনে চ্যানেল এসের স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা সরাসরি এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনলাইনে অংশ নেন।
চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে এবং হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সঞ্চালনায় কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ সংগ্রহ, উপস্থাপনা ও সম্প্রচারের মানোন্নয়ন নিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন আহমেদুস সামাদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী।

সাংবাদিকতায় নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন চ্যানেল এসের হেড অব নিউজ মিল্টন রহমান, নির্বাহী সম্পাদক মুশতাক বাবুল, জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, জ্যেষ্ঠ প্রযোজক আব্দুল আহাদ এবং সাংবাদিক হাসান রহমান।

ভিডিও সম্পাদনা, গ্রাফিকস ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার নিয়ে বিশেষ উপস্থাপনা দেন চ্যানেল এসের প্রযোজক মার্স শিপলু, গ্রাফিকস বিভাগের প্রধান এইচ এম মাহিদি এবং ডিজিটাল বিভাগের প্রধান আসাদুজ্জামান চৌধুরী জীবন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। পরে ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রতিনিধিদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি ও ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী।
প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আনন্দঘন ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসের শিশুদের জন্য বড়দিনের শুভেচ্ছা কার্ড ডিজাইন প্রতিযোগিতা ২০২৬

প্রকাশিত :  ১৬:০২, ০২ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আবারও খুদে শিল্পীদের জন্য বার্ষিক ক্রিসমাস কার্ড ডিজাইন প্রতিযোগিতা চালু করেছে। সৃজনশীল শিশুদের নিজস্ব নকশা জমা দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

প্রতিযোগিতা থেকে তিনটি বিজয়ী ডিজাইন নির্বাচন করা হবে, যা মেয়র, প্রধান নির্বাহী (চিফ এক্সিকিউটিভ) এবং কর্পোরেট ডিরেক্টর ফর চিলড্রেন’স সার্ভিসেস-এর পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক বড়দিনের শুভেচ্ছা কার্ডে ব্যবহার করা হবে।

মৌসুমি উৎসব ও টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় কমিউনিটিকে ফুটিয়ে তুলে সৃজনশীলভাবে ছবি আঁকা, রং করা বা কোলাজ তৈরি করতে বরার শিশুদের উৎসাহিত করা হচ্ছে।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “প্রতিবছর টাওয়ার হ্যামলেটসের শিশুদের অসাধারণ সৃজনশীলতা, কল্পনাশক্তি ও প্রতিভা আমাকে মুগ্ধ করে। আমাদের বার্ষিক ক্রিসমাস কার্ড প্রতিযোগিতা তরুণদের তাদের শিল্পীসত্তা প্রকাশের একটি চমৎকার সুযোগ এবং এর মাধ্যমে তারা পুরো বরো জুড়ে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে পারে।”

মেয়র বলেন, “আমি শিশুদের দারুণ সব ডিজাইন দেখার অপেক্ষায় আছি এবং এমন একটি নকশা নির্বাচন করতে চাই যা টাওয়ার হ্যামলেটসের উষ্ণতা, বৈচিত্র্য এবং কমিউনিটি স্পিরিটকে প্রতিফলিত করে।”

অংশগ্রহণের নিয়ম

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ৫ থেকে ১১ বছর হতে হবে এবং তাদের অবশ্যই টাওয়ার হ্যামলেটসে বাস করতে হবে অথবা বরোর কোনো স্কুলে পড়তে হবে।

ডিজাইন জমা দেওয়ার জন্য:

ডিজাইনের আকার এ৫ (A5) হতে হবে (ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেকোনো ফরম্যাটে)।

নকশাটি হতে হবে মৌলিক, সৃজনশীল ও রঙিন।

কাজের সঙ্গে শিশুর নাম, বয়স, যোগাযোগের ফোন নম্বর, স্কুলের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।

কীভাবে জমা দেবেন

আপনার ডিজাইনটি ইমেইলের সংযুক্তি বা এটাচমেন্ট হিসেবে পাঠাতে হবে।

ইমেইলের বিষয় সাবজেক্ট হিসেবে লিখতে হবে: মেয়রর্স ক্রিসমাস কার্ড কম্পিটিশন ২০২৬ (Mayor’s Christmas Card Competition 2026)

ইমেইল ঠিকানা: [email protected]

শেষ সময়: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২টার মধ্যে সব এন্ট্রি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া কোনো এন্ট্রি গ্রহণ করা হবে না।

বিজয়ী ডিজাইনগুলো কাউন্সিলের আনুষ্ঠানিক ক্রিসমাস বা বড়দিনের শুভেচ্ছা কার্ডে ব্যবহার করা হবে। এছাড়াও, জমা দেওয়া সব ডিজাইনের ছবি কাউন্সিলের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, নিউজলেটার এবং অন্যান্য অভ্যন্তরীণ ও বহিরাগত প্রচারমাধ্যমে প্রকাশ করা হতে পারে।

তাই ছোট শিল্পীরা, তোমাদের রঙ-তুলি নিয়ে প্রস্তুত হও এবং টাওয়ার হ্যামলেটসের জন্য একটি অসাধারণ উৎসবমুখর কার্ড ডিজাইন তৈরি করো!

কমিউনিটি এর আরও খবর