img

সাংবাদিকদের সম্পর্কে মাহী ফেরদৌস জলিলের অবমাননাকর বক্তব্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের তীব্র নিন্দা

প্রকাশিত :  ০৮:২৪, ০৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের সম্পর্কে মাহী ফেরদৌস জলিলের অবমাননাকর বক্তব্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের তীব্র নিন্দা

লন্ডন, ৩ নভেম্বর ২০২৪: বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম অ্যাওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠানে কয়েকটি অনলাইন সংবাদ-মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিল সাংবাদিকদের উদ্দেশে অত্যন্ত অশালীন, কুরুচিপূর্ণ ও অবমাননাকর ভাষায় যে মন্তব্য করেছেন, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, জনাব মাহী জলিল সাংবাদিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের নিয়েও অত্যন্ত আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন। এ ধরনের বক্তব্য সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও ব্যক্তিগত সম্মানের প্রতি চরম অবমাননার শামিল।

মাহী জলিলের বক্তব্যের কারণে যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিকগণ হেয় প্রতিপন্ন হয়েছেন এবং তাদের সম্মানহানী হয়েছে। কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের যে অবদান সেটিকে অবমূল্যায়ন করা হয়েছে, যা একেবারে অগ্রহণযোগ্য। 

আমরা লক্ষ্য করেছি, মাহী ফেরদৌস জলিল ইতোমধ্যে একটি অনলাইন সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে লন্ডন বাংলা প্রেস ক্লাব মনে করে, এ ধরনের অবমাননাকর বক্তব্যের জন্য তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে একটি বিবৃতি প্রদান করা উচিৎ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য তাঁর প্রতি আহ্বান জানাচ্ছে ।

লন্ডন বাংলা প্রেস ক্লাব আরো আশা করে, তিনি ভবিষ্যতে সাংবাদিক সমাজের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর বিসিএ\'র বার্ষিক অ্যাওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠানে কয়েকটি অনলাইন সংবাদ-মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব আপত্তিকর মন্তব্য করেন।

-সংবাদ বিজ্ঞপ্তি



কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে সাংবাদিকতার মানোন্নয়নে চ্যানেল এস-এর কর্মশালা ও মিলনমেলা

প্রকাশিত :  ০৮:৩০, ০৩ নভেম্বর ২০২৬

পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটির প্রত্যাশা অনুযায়ী সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটেন ও ইউরোপের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল চ্যানেল এসের ‘কর্মশালা ও মিলনমেলা’।
মঙ্গলবার লন্ডনে চ্যানেল এসের স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা সরাসরি এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনলাইনে অংশ নেন।
চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে এবং হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সঞ্চালনায় কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ সংগ্রহ, উপস্থাপনা ও সম্প্রচারের মানোন্নয়ন নিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন আহমেদুস সামাদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী।

সাংবাদিকতায় নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন চ্যানেল এসের হেড অব নিউজ মিল্টন রহমান, নির্বাহী সম্পাদক মুশতাক বাবুল, জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, জ্যেষ্ঠ প্রযোজক আব্দুল আহাদ এবং সাংবাদিক হাসান রহমান।

ভিডিও সম্পাদনা, গ্রাফিকস ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার নিয়ে বিশেষ উপস্থাপনা দেন চ্যানেল এসের প্রযোজক মার্স শিপলু, গ্রাফিকস বিভাগের প্রধান এইচ এম মাহিদি এবং ডিজিটাল বিভাগের প্রধান আসাদুজ্জামান চৌধুরী জীবন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। পরে ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রতিনিধিদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি ও ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী।
প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আনন্দঘন ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

কমিউনিটি এর আরও খবর