img

তেঁতুলিয়ায় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

প্রকাশিত :  ০৭:২৬, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২২, ০৯ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

সংগ্রাম দত্ত: মেঘমুক্ত আকাশে উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কখনো শুভ্র সাদা, আবার কখনো সূর্যের আলোয় সোনালি আভায় ঝলমল করছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গ। সময়ের সঙ্গে বদলে যাওয়া মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগ করতে তেঁতুলিয়ায় ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু পর্যটকরা।

সোমবার (৯ নভেম্বর) ভোরে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে।

এদিন ভোরের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য হয়ে ওঠে মনোমুগ্ধকর। সূর্যের আলো বরফে ঢাকা পর্বতশৃঙ্গে পড়ায় কখনো সোনালি, কখনো শুভ্র আভায় রূপ নেয় পুরো পাহাড়। মহানন্দা নদীর তীর, ডাকবাংলো এলাকা ও আশপাশের বিভিন্ন উন্মুক্ত স্থান থেকে পর্যটকরা উপভোগ করছেন হিমালয়ের এ অপরূপ দৃশ্য।

কয়েক দিনের বিরতির পর আবারও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ায় তেঁতুলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের আনাগোনা বাড়ছে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রকৃতির এই অপার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ছুটে আসছেন উত্তরের এই জনপদে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য।

পর্যটকদের রাতযাপনের জন্য রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো, উপজেলা পরিষদের বেরং কমপ্লেক্সসহ বেসরকারিভাবে গড়ে ওঠা বিভিন্ন আবাসিক হোটেল ও রিসোর্ট। ভোরের সূর্যোদয়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটক আগের রাতেই তেঁতুলিয়ায় অবস্থান করছেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন বলেন, কয়েক দিনের বিরতির পর আবারও তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রশাসন কাজ করছে।

তিনি আরও বলেন, তেঁতুলিয়ার পর্যটন খাতের উন্নয়ন এবং নতুন পর্যটনকেন্দ্র গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ এর আরও খবর

img

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ: সোয়া ৫ ঘণ্টা পর রেল ও সড়কপথ চালু

প্রকাশিত :  ০৭:৩৫, ০৮ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম একই ইউনিয়নে পুনর্বহালের দাবিতে করা সড়ক ও রেলপথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এতে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া আগরতলা সড়কেও ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে।

এর আগে আজ রবিবার সকাল ৬টা থেলে থেকে তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামের বাসিন্দারা। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী ট্রেন।

পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস, উপকুল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে। পরে সকাল সোয়া ১১টার দিকে অবরোধকারীরা রেল ও সড়কপথ থেকে সরে যান। 

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ী, চান্দি ও বরিশল।

নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়। দাবি না মানলে প্রতিদিন একই ধরনের আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছি। ‍উনারা অবরোধ সরিয়ে নিয়েছেন।

বাংলাদেশ এর আরও খবর