img

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

প্রকাশিত :  ০৪:২২, ১০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৪৮ শিক্ষার্থী। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় এ আগুন লাগে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অসুস্থ হয়ে হাসপাতালে আসা ৪৮ শিক্ষার্থীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ভবনের দোতলায় লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে। অসুস্থ শিক্ষার্থীদের বরাতে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এ সময় ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এতে ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় থাকা কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে পার্থ হালদার বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ এর আরও খবর

img

জাজিরায় বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত :  ০৩:৪৬, ১০ নভেম্বর ২০২৬

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন ফেসবুক আইডি থেকে এসব ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিও রয়েছে।

ভিডিওতে অবরোধকারীদের প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে অবস্থান করতে দেখা যায়। এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। তবে বিস্ফোরণ ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।

এ ঘটনায় বক্তব্য জানতে থানার কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুরের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।