img

ঢাকা থেকে সুনামগঞ্জে যাবে ট্রেন

প্রকাশিত :  ০৭:৪১, ১৩ জানুয়ারী ২০১৯

ঢাকা থেকে সুনামগঞ্জে  যাবে ট্রেন

জনমত  রিপোর্ট ।। যোগাযোগে পিছিয়ে সুনামগঞ্জ জেলার মানুষের পরিবহন সুবিধার জন্য রেলপথের উন্নয়ন করা সরকারের স্বপ্ন ছিলো। এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এখন ৩৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করেই সরাসরি ঢাকা থেকে সুনামগঞ্জে যাতায়াত করা যাবে। 

সিলেট ঘেঁষে সুনামগঞ্জের ছাতক উপজেলার অবস্থান। সিলেট থেকে ছাতক পর্যন্ত রেলপথ আছে। শুধু ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত মাত্র ৩৪ কিলোমিটার রেলপথ নেই। এটি বাস্তবায়নের মাধ্যমে সুনামগঞ্জবাসীর জীবনমানের ইতিবাচক উন্নয়ন সম্ভব। এটা সম্ভব করতে প্রকল্প হাতে নিচ্ছে সরকার।

ইতোমধ্যেই পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে ‘সুনামগঞ্জ জেলা সদরে রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন’ শীর্ষক প্রকল্পের প্রস্তাব করেছে রেলওয়ে মন্ত্রণালয়। ১০ কোটি টাকা ব্যয়ে আগামী এক বছরের মধ্যেই সমীক্ষার কাজ সম্পন্ন করে মূল প্রকল্প হাতে নেবে সরকার।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক টপোগ্রাফিক সার্ভে অনুযায়ী ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রুটের দৈর্ঘ্য ২৭ থেকে ২৮ কিলোমিটার। আলোচ্য প্রকল্পের আওতায় ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাই করা হবে। পরবর্তীতে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণ করা গেলে একটা বৃত্তাকার রেলপথ তৈরি হবে। এই রেলপথ হাওর অঞ্চলের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।

সুনামগঞ্জ জেলা হাওর, বাওর ও প্রাকৃতিক অঞ্চল হওয়ায় প্রকল্পটি চ্যালেঞ্জের সঙ্গে নিয়েছে সরকার।

প্রথমে সমীক্ষা প্রকল্পের আওতায় এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান ও এনভায়রনমেন্টাল মনিটরিং প্ল্যান করা হবে। পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব দূর করেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে।

সুনামগঞ্জে রেললাইন নির্মাণ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, হাওরবাসীসহ আমার দীর্ঘদিনের স্বপ্ন এই এলাকায় রেলপথ নির্মাণ করা। অবশেষে সেই উদ্যোগ নিতে যাচ্ছি। আমরা প্রথমে ছাতক থেকে সুনামগঞ্জ সদর পর্যন্ত রেলপথ নিয়ে যাবো। পরবর্তীতে নেত্রকোনো ও ময়মনসিংহের সঙ্গে রেলপথে যুক্ত করা হবে সুনামগঞ্জ জেলাকে।

তিনি আরও বলেন, হাওরবাসীর উন্নয়নে আমরা যোগাযোগ ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিচ্ছি। যত দ্রুত সম্ভব আমরা ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ করবো।

সিলেটের খবর এর আরও খবর

img

গোয়াইনঘাটে নাতনিকে অপহরণে বাধা দেওয়া দাদিকে হত্যা: মূল আসামি গ্রেপ্তার

প্রকাশিত :  ০৬:৫৫, ১৮ মে ২০২৬

সিলেট জেলার গোয়াইনঘাটে গভীর রাতে বসতঘরে ঢুকে এক কিশোরীকে (১৪) অপহরণে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে বৃদ্ধা হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল রোববার (১৭ মে) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। র‌্যাব-৯ সিলেটের সহায়তায় পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়া হারুন রশিদ (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে প্রবল বর্ষণের সুযোগ নিয়ে কয়েকজন দুর্বৃত্ত নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) এলাকার একটি বসতঘরে প্রবেশ করে। এসময় তারা ঘরে থাকা কিশোরীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

একপর্যায়ে কিশোরীর দাদি দিলারা বেগম বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় আহত কিশোরী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় (১৭মে) রবিবার একটি হত্যা মামলা নং-১২ দায়ের করা হয়েছে। মামলা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় এ মামলাটি রুজু করা হয়। মামলার তদন্ত দায়িত্ব পালন করছেন থানার এসআই (নিঃ) কাজী আশরাফুল হক।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃত হারুন রশিদের সঙ্গে নিহত পরিবারের ছেলে আম্বিয়া আহমদের পূর্ব থেকে আর্থিক লেনদেন ও বিরোধ ছিল। সেই পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

ঘটনার পরপরই পুলিশ প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে র‌্যাব-৯-এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে মূল আসামিকে তার ফুফুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটের খবর এর আরও খবর