আদালতে আত্মসমর্পণ

img

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

প্রকাশিত :  ০৯:২১, ১৩ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:২২, ১৩ জুলাই ২০২৫

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে  জামিন পেয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস।

আজ রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন অপু বিশ্বাস আদালতে উপস্থিত হন। এরপর তার আইনজীবী আবুল বাশার কামরুল জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

পরে গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক।

মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে এ মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ২০ মে জামিন পান নুসরাত ফারিয়া।

বিনোদন এর আরও খবর

img

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম

প্রকাশিত :  ০৮:১০, ১২ মে ২০২৬

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ পোস্টটি প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, তিনি তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকেই ইঙ্গিত করেছেন।

পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেছেন। অনেকে মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার চেহারা ও জীবনাচরণে পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। একাধিক সাক্ষাৎকারে তিনি ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ও বক্তব্যের প্রেক্ষাপটেই এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকে।

এদিকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রহস্যময় এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে তিনি কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মারিয়া মিম।